দেশে পক্ষাঘাতে আক্রান্ত আড়াই লাখ
বিশ্বে ১ কোটি ৮০ লাখের বেশি মানুষ সেরিব্রাল পালসি আক্রান্ত। বাংলাদেশে এ রোগে আক্রান্তের সংখ্যা প্রায় দুই লাখ ৫০ হাজার। বিশ্ব সেরিব্রাল পালসি দিবস উপলক্ষ্যে ৬ সেপ্টেম্বর, সোমবার ঢাকার সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র- সিআরপিতে অনুষ্ঠিত আলোচনা সভায় এ তথ্য তুলে ধরা হয়।
আলোচনা অনুষ্ঠানে আইসিডিডিআর,বির এমেরিটাস বিজ্ঞানী ডা. জেনা হামাদানি, সিআরপি শিশু বিভাগের প্রধান হোসনে আরা পারভীন, সিনিয়র কনসালটেন্ট মোহাম্মদ ইউসুফ, উইলিয়াম অ্যান্ড মেরি টেইলর স্কুলের অধ্যক্ষ মুহাম্মাদ আব্দুল্লাহ আল জুবায়ের প্রমুখ বক্তব্য দেন।
বক্তব্যে এমেরিটাস বিজ্ঞানী ডা. জেনা হামাদানি বলেন, “অনেকে মনে করেন, এটি সৃষ্টিকর্তার দেওয়া এক ধরনের শাস্তি। কিন্তু এটা ঠিক নয়। প্রতিটি মানুষের মধ্যে আলাদা কিছু গুণ, মেধা থাকে। সবাই এক নয়। প্রতিবন্ধী শিশুরাও কিন্তু কোনো না কোনোভাবে মেধাবী। তাদের সক্ষমতা আছে, ক্ষমতা আছে; তবে আমাদের মতো নয়— একটু ভিন্নভাবে।”
তিনি আরো বলেন, “আমাদের সবার মাঝেই কমবেশি ডিসঅ্যাবিলিটি আছে। তাদেরকে সমান চোখে দেখতে হবে। তাদের সমাজের মূল অংশের সঙ্গে মানিয়ে চলার জন্য প্রয়োজনীয় পুনর্বাসন নিশ্চিত করতে হবে।”
এর আগে ‘অন্যন্য ও ঐক্যবদ্ধ’ স্লোগানে দিবসটি পালন উপলক্ষ্যে সিআরপির শিশু বিভাগ এবং উইলিয়াম অ্যান্ড মেরি টেইলর স্কুলের শিশুদের অংশগ্রহণে শোভাযাত্রা করা হয়।
সেরিব্রাল পালসি একটি স্নায়বিক ব্যাধি যা নড়াচড়া, পেশীর স্বর এবং ভঙ্গিমাকে প্রভাবিত করে। এটি সাধারণত জন্মের আগে বা জন্মের সময় বিকাশমান মস্তিষ্কের ক্ষতির কারণে হয়। এই অবস্থার ফলে বিভিন্ন শারীরিক চ্যালেঞ্জ এবং নড়াচড়া সমন্বয় করতে অসুবিধা হতে পারে।







