সেলসফোর্সের প্রায় এক বিলিয়ন রেকর্ড চুরি!
যুক্তরাজ্যের কয়েকটি বড় খুচরা বিক্রেতার সিস্টেমে র্যানসমওয়্যার হামলার সঙ্গে যুক্ত একদল সাইবার অপরাধী দাবি করেছে, তারা ক্লাউড প্রযুক্তি প্রতিষ্ঠান সেলসফোর্স–এর কাছ থেকে প্রায় এক বিলিয়ন রেকর্ড চুরি করেছে। “স্ক্যাটার্ড ল্যাপসাস হান্টারস” নামের গ্রুপটি জানায়, তথ্যগুলোতে ব্যবহারকারীদের সনাক্ত করা যায় এমন তথ্য রয়েছে। খবর রয়টার্স।
রয়টার্স এই দাবি যাচাই করতে পারেনি। সেলসফোর্স জানিয়েছে, তাদের সিস্টেম আক্রান্ত হয়নি এবং কোনো দুর্বলতার সুযোগ নিতে পারেনি হ্যাকাররা।
যদিও গ্রুপের এক সদস্য “শাইনি” জানান, তারা সরাসরি সেলসফোর্স নয়, বরং এর গ্রাহক প্রতিষ্ঠানগুলোকে “ভিশিং” বা ভয়েস ফিশিং কৌশলে প্রতারণা করেছে।
গ্রুপটি ডার্ক ওয়েবে একটি লিক সাইট প্রকাশ করেছে, যেখানে প্রায় ৪০টি প্রতিষ্ঠানের নাম উল্লেখ আছে। গুগলের থ্রেট ইন্টেলিজেন্স গ্রুপ জানায়, হ্যাকাররা সেলসফোর্সের “ডাটা লোডার” টুলের পরিবর্তিত সংস্করণ ব্যবহার করে তথ্য হাতিয়ে নেয়।
এর আগে গত জুলাইয়ে ব্রিটিশ পুলিশ চারজন তরুণকে গ্রেপ্তার করেছে, যারা এই সাইবার হামলাগুলোর সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। সেলসফোর্স জানিয়েছে, তারা ঘটনার তদন্তে কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে।
ডিবিটেক/বিএমটি







