রেলের সব থানায় চালু হচ্ছে অনলাইন জিডি

রেলের সব থানায় চালু হচ্ছে অনলাইন জিডি
২৫ সেপ্টেম্বর, ২০২৫ ০৮:৪৪  

জনসাধারণের জন্য বাংলাদেশ রেলওয়ে পুলিশের ছয় জেলার ২৪টি থানাতেই ২৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার থেকে অনলাইন জিডি সেবা চালু হচ্ছে। এজন্যই ইতিমধ্যেই রেলওয়ে থানার জিডিগুলো সেন্ট্রালাইজড (কেন্দ্রীভূত) করতে একটি ডেটাবেজ প্রস্তুত করা হয়েছে। এর মাধ্যমে দেশের সব থানা সব ধরনের অনলাইন জিডি সেবার আওতায় আসছে। অনলাইন জিডি সেবা পেতে গুগল প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি’ (Online GD) অ্যাপ ডাউনলোডের পর রেজিস্ট্রেশন করলে এ সেবা পাওয়া যাবে।

এক্ষেত্রে একাধিকবার রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই। রেজিস্ট্রেশন অথবা অনলাইন জিডি করতে কোনো ধরনের অসুবিধা হলে ০১৩২০০০১৪২৮ হটলাইন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। হটলাইন নম্বরটি ২৪ ঘণ্টা চালু রয়েছে।  ফলে এখন থেকে কেউ যদি এক স্টেশন থেকে উঠে অন্য স্টেশনে নেমে যাওয়ার পর মনে করেন তিনি কোনো কিছু ফেলে রেখে এসেছেন বা কোনো কিছু হারিয়ে গেছেন, সেক্ষেত্রে তিনি বাসায় বসেই তার কাঙ্ক্ষিত জিডিটি (সাধারণ ডায়েরি) করতে পারবেন। এত করে দ্রুত সময়ের মধ্যে রেলওয়ে পুলিশ তাদের সেবা দিতে সক্ষম হবে। সেবাগ্রহীতাও কোনো ভোগান্তি ছাড়া পুলিশের সাহায্য নিতে পারবেন। 

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন জানিয়েছেন, প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে থানায় না এসে ঘরে বসে সব ধরনের জিডি অনলাইনে করার সুবিধা চালু করেছে বাংলাদেশ পুলিশ। বাংলাদেশ পুলিশ জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা দ্রুততম সময়ে ও সহজে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

বাংলাদেশ পুলিশের প্রাচীন একটি বিশেষায়িত ইউনিট রেলওয়ে। এটি ১৮৮১ সালে প্রতিষ্ঠিত হয়। রেলওয়ে পুলিশ তার অধিক্ষেত্রে জেলা পুলিশের মতোই আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, তদন্ত ও অন্যান্য পুলিশিং কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, সৈয়দপুর, পাবনা, সিলেট ও খুলনা রেলওয়ে জেলা পুলিশ করা হয়েছে।