দেড় হাজার সিম ও যন্ত্রপাতিসহ এক ভিওআইপি কারবারি গ্রেফতার

দেড় হাজার সিম ও যন্ত্রপাতিসহ এক ভিওআইপি কারবারি গ্রেফতার
২৫ এপ্রিল, ২০২৫ ১৫:৪২  
২৫ এপ্রিল, ২০২৫ ১৬:২৬  

রাজধানীর হাজারীবাগে যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমান অবৈধ ভিওআইপি সরঞ্জামাদিসহ বিভিন্ন কোম্পানির ১ হাজার ৫৪৭টি  সিম উদ্ধার হয়েছে।  শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে বিটিআরসি এবং র‍্যাব-২ এর যৌথ অভিযানে এসব সরঞ্জাম উদ্ধারের পাশাপশি এই চক্রের মূলহোতা মো. রাজুকে (৩৮) গ্রেফতার করা হয়েছে। 

অভিযানে অংশ নেয়া  র‍্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি খান আসিফ তপু জানিয়েছেন, চক্রটি দীর্ঘদিন ধরে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে লাইসেন্স নেওয়া ছাড়াই ভিওআইপি যন্ত্রপাতি ও স্থাপনা তৈরি করে অবৈধভাবে টেলিযোগাযোগ ব্যবসা পরিচালনা করার কারণে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়।

সূত্রমতে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-২ ও বিটিআরসি জানতে পারে, বিটিআরসির অনুমোদন ছাড়া ফ্রিকোয়েন্সি ও অনুমোদনবিহীন বিভিন্ন টেলিযোগাযোগের যন্ত্রসামগ্রী (সিম বক্স, রাউটার, অনু, ল্যাপটপ, সিমকার্ড) ব্যবহার করে অবৈধভাবে স্থাপনা তৈরিসহ কিছু ব্যক্তি অবৈধ ভিওআইপি ব্যবসা পরিচালনা করছে। একইসঙ্গে চক্রটি অবৈধ ভিওআইপি ব্যবসার মাধ্যমে কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দিচ্ছে। ফলে চক্রটিকে গ্রেফতারের লক্ষ্যে র‍্যাব-২ গোয়েন্দা নজরদারি বাড়ায়।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিনগত রাতে হাজারীবাগ থানাধীন বাড্ডানগর এলাকায় একটি ভাড়া বাসায় মো. রাজু উপস্থিত হলে অভিযান চালায় র‍্যাব। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে রাজুকে আটক করা হয়।

ঘটনাস্থলে তল্লাশীকালে ১০৪৭টি বিভিন্ন কোম্পানির সিমকার্ড (গ্রামীণফোন-২৩৫টি, রবি-৫০২টি, এয়াটেল-৩৭০টি ও টেলিটক-৪৪০টি), ল্যাপটপ ও ভিওআইপির বিভিন্ন সরঞ্জামদি উদ্ধার করা হয়েছে।