পাওয়ারওয়াল ২ ব্যাটারি ফেরত নিচ্ছে টেসলা

পাওয়ারওয়াল ২ ব্যাটারি ফেরত নিচ্ছে টেসলা
১৭ সেপ্টেম্বর, ২০২৫ ১০:১৮  
১৭ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৯  

অস্ট্রেলিয়ায় টেসলা তাদের পাওয়ারওয়াল ২ হোম ব্যাটারি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। অস্ট্রেলিয়ান প্রতিযোগিতা ও ভোক্তা কমিশন (এএসিসিসি) জানিয়েছে, কিছু ব্যাটারিতে আগুন লাগার ঘটনা ঘটেছে, যা “সামান্য সম্পত্তি ক্ষতি” করেছে। তবে এ পর্যন্ত কোনো আঘাতের খবর পাওয়া যায়নি। খবর টেকক্রাঞ্চ।

প্রত্যাহারকৃত ব্যাটারিগুলো ২০২০ সালের নভেম্বর থেকে ২০২২ সালের জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রে তৈরি হয়ে অস্ট্রেলিয়ায় বিক্রি হয়েছে। এগুলোর সেল সরবরাহ করেছে এক নাম প্রকাশে অনিচ্ছুক তৃতীয় পক্ষ।

পাওয়ারওয়াল ২-এ রয়েছে ১৪ কিলোওয়াট-ঘণ্টা লিথিয়াম-আয়ন ব্যাটারি, যা সাধারণত সৌর প্যানেলের সঙ্গে যুক্ত হয়ে দিনে সঞ্চিত অতিরিক্ত বিদ্যুৎ সংরক্ষণে ব্যবহৃত হয়। গ্রাহকরা চাইলে এসব ব্যাটারিকে ভার্চুয়াল পাওয়ার প্ল্যান্টের সঙ্গে যুক্ত করে গ্রিড সমর্থন দিতে পারেন। এতে ওয়ারেন্টি সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত বাড়ে এবং বিদ্যুৎ বিল কমাতে সহায়ক হয়।

টেসলা জানিয়েছে, ক্ষতিগ্রস্ত ব্যাটারির মালিকদের টেসলা অ্যাপ–এর মাধ্যমে জানানো হবে। আগুনের ঝুঁকি কমাতে প্রতিষ্ঠানটি ব্যাটারি ডিসচার্জ করছে এবং পরবর্তীতে বিনামূল্যে প্রতিস্থাপন করা হবে। এএসিসিসি জানায়, প্রয়োজনে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হবে।

ডিবিটেক/বিএমটি