অপ্রাপ্তবয়স্কদের জন্য নতুন নীতিমালা আনছে ওপেনএআই
অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের সুরক্ষার জন্য ওপেনএআই তাদের চ্যাটজিপিটি–তে নতুন বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছে। মঙ্গলবার সংস্থার প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান জানান, ১৮ বছরের নিচে থাকা কিশোর–কিশোরীদের ক্ষেত্রে নিরাপত্তাকে গোপনীয়তা ও স্বাধীনতার আগে অগ্রাধিকার দেওয়া হবে। খবর টেকক্রাঞ্চ।
নতুন নীতিমালায় যৌন বিষয়ক আলোচনায় চ্যাটজিপিটি আর অংশ নেবে না এবং আত্মহননের প্রসঙ্গ এলে বিশেষ সতর্কতা জারি করা হবে। যদি কোনো অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারী আত্মহত্যা সম্পর্কিত কল্পনা বা পরিকল্পনা তুলে ধরে, তবে প্রয়োজনে অভিভাবক কিংবা গুরুতর পরিস্থিতিতে স্থানীয় পুলিশকে জানানো হতে পারে।
এ সিদ্ধান্ত এমন এক সময়ে এলো, যখন চ্যাটজিপিটির সঙ্গে দীর্ঘদিনের যোগাযোগের পর আত্মহত্যা করা এক কিশোরের পরিবার ওপেনএআই–এর বিরুদ্ধে মামলা করেছে। একই ধরনের মামলার মুখোমুখি হয়েছে ক্যারেক্টার.এআই নামের আরেক চ্যাটবট।
নীতিমালায় অভিভাবকদের জন্য আরও সুযোগ রাখা হয়েছে। এখন তারা চাইলে তাদের সন্তানের জন্য নির্দিষ্ট সময়ের “ব্ল্যাকআউট আওয়ারস” চালু করতে পারবেন, যখন চ্যাটজিপিটি ব্যবহার করা যাবে না।
এদিকে, যুক্তরাষ্ট্রের সেনেট বিচার বিভাগীয় কমিটি মঙ্গলবার “এআই চ্যাটবটের ক্ষতি” শীর্ষক এক শুনানি আয়োজন করেছে, যেখানে ভুক্তভোগী পরিবারের সদস্যরা বক্তব্য দেবেন।
ওপেনএআই জানিয়েছে, বয়স যাচাই প্রক্রিয়া এখনো একটি বড় প্রযুক্তিগত চ্যালেঞ্জ। তবে অস্পষ্ট ক্ষেত্রে তারা কিশোর ব্যবহারকারীদের জন্য কঠোর নিয়মকেই প্রাধান্য দেবে।
ডিবিটেক/বিএমটি



