রাশিয়ার ইন্টারনেট ব্ল্যাকআউটে চালু থাকবে স্থানীয় অ্যাপ
রাশিয়া তাদের স্থানীয়ভাবে তৈরি সামাজিক যোগাযোগমাধ্যম, রাইড-হেইলিংসহ বেশ কিছু স্থানীয় অ্যাপের তালিকা প্রকাশ করেছে, যা মোবাইল ইন্টারনেট বন্ধ থাকলেও চালু থাকবে। দেশটির ডিজিটাল উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, একটি “বিশেষ প্রযুক্তিগত সমাধান” ব্যবহার করে এসব অ্যাপ সচল রাখা হবে, যাতে নাগরিকদের অসুবিধা কমে। খবর রয়টার্স।
যদিও তারা ইউক্রেন বা ড্রোন হামলার প্রসঙ্গ উল্লেখ করেনি, তবে সীমান্তবর্তী গভর্নররা নিয়মিত জানিয়েছেন যে ব্ল্যাকআউট মূলত ইউক্রেনীয় ড্রোন হামলা ঠেকাতেই করা হয়।
রাশিয়ার এই তালিকায় রয়েছে সরকারি অনলাইন সেবা, মার্কেটপ্লেস, রাষ্ট্রীয় পেমেন্ট সিস্টেম মীর এবং রাষ্ট্র-সমর্থিত মেসেঞ্জার ম্যাক্স। তবে বিদেশি সেবা যেমন মেটার হোয়াটসঅ্যাপ বা গুগলের ইউটিউবকে রাখা হয়নি। অথচ জুলাইয়ে রাশিয়ায় হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ছিল ৯৭.৬ মিলিয়ন এবং ইউটিউবও অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম।
রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান ভিকে তৈরি ম্যাক্স বর্তমানে দেশজুড়ে সব নতুন মোবাইল ও ট্যাবলেটে প্রি-ইনস্টল করা থাকে। অ্যাপটির ব্যবহারকারী এখন ৩০ মিলিয়ন বলে জানানো হয়েছে। বিশ্লেষকদের মতে, এ পদক্ষেপ রাশিয়ার স্থানীয় ইন্টারনেট সেবা প্রসার ও বিদেশি প্রযুক্তি নিয়ন্ত্রণের প্রচেষ্টার অংশ।
ডিবিটেক/বিএমটি







