পুলিশ হেফাজতে সাবেক টেলিকম মন্ত্রী লতিফ সিদ্দিকী

পুলিশ হেফাজতে সাবেক টেলিকম মন্ত্রী লতিফ সিদ্দিকী
২৮ আগষ্ট, ২০২৫ ১২:১২  
২৮ আগষ্ট, ২০২৫ ১৩:১৩  

‘মঞ্চ ৭১’ নামে গঠিত নতুন একটি সংগঠন গঠনের ব্যানারে একটি গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে গ্রেফতার হয়েছেন সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী লতিফ সিদ্দিকী। 

২৮ আগস্ট, বৃহস্পতিবার  দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত অনুষ্ঠানে হট্টগোল দেখা দিলে সেখান থেকে তিনি সহ আরো কয়েকজনকে আটক করে পুলিশ। 

চলমান জুলাই গণহত্যার বিচার চলাকালে কার্যক্রম নিষিদ্ধ থাকা সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের বেশকিছু নেতাকর্মীর আয়োজনে এই বৈঠক হচ্ছে খবর পেয়ে সেখানে  ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে বেশকিছু জনতা প্রতিবাদ জানালে এই হট্টগোল শুরু হয়।  

জানা যায়, ডিআরইউতে ৭১ মঞ্চ নামে একটি সংগঠনের গোল টেবিল বৈঠক ছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ড. কামাল হোসেনের নাম ছিলো। তবে তিনি উপস্থিত ছিলেন না। যোগ দিয়েছিলেন লতিফ সিদ্দিকী। সাংবাদিক ও শিক্ষক পরিচয়ে আরও কয়েকজন সেখানে উপস্থিত হন। অভিযোগ রয়েছে, তাদের মধ্যে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকজন ব্যক্তিও ছিলেন। 

তারা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন অভিযোগে ‘দালাল’ আখ্যা দিয়ে উত্তেজিত জনতা তাদের অবরুদ্ধ করে রাখে।  ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে আল আমিন রাসেলের নেতৃত্বে কয়েকজন অনুষ্ঠানস্থলে লতিফ সিদ্দিকী ও উপস্থিত অন্যদের অনুষ্ঠানস্থলে অবরুদ্ধ করে রাখতে দেখা যায়।

তাদের দাবি, সেখানে আওয়ামী লীগের গোপন বৈঠক চলছিল। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এরপর একে একে তিনটি পুলিশের গাড়ি অনুষ্ঠান স্থল থেকে লতিফ সিদ্দিকীসহ বাকিদের নিয়ে যায়।

নিজেকে বীর মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে গোলাম মোস্তফা নামের এক অংশগ্রহণকারী গণমাধ্যমকে বলেন, আমি একজন অংশগ্রহণকারী। দল-মতের সব মুক্তিযোদ্ধাদের ডাকা হয়েছে। এসেছি। আমরা প্রোগ্রাম শুরু করেছিলাম। লতিফ সিদ্দিকী সাহেব এসেছেন। কামাল হোসেন সাহেব আসেননি। ২০-২৫ জন ছেলে এসে হট্টগোল করে। আমাদের ঘিরে ফেলে। তবে কারও গায়ে হাত দেয়নি।

আটক ব্যক্তিদের শাহবাগ থানায় নেওয়ার কথা জানান ডিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ। শাহবাগ থানার এসআই রাশেদ জানিয়েছেন, এখন তো তাদের নিয়ে যাওয়া ছাড়া বিকল্প নেই। পরে সিনিয়ররা সিদ্ধান্ত নেবেন।