টাকায় মেটা’র বিলিং পরিচালনা করবে রোর গ্লোবাল
স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষমতায়নে বাংলাদেশে স্থানীয় মুদ্রায় (টাকা) মেটার বিলিং সেবা চালু করেছে দেশের মেটা ম্যানেজড পার্টনার রোর গ্লোবাল। বাংলাদেশী অংশীদার রোর বাংলার মাধ্যমে দেশের বাজারে মেটার বিজ্ঞাপন সেবা ও সমাধান দেবে প্রতিষ্ঠানটি।
এ উদ্যোগের ফলে আর্থিক প্রক্রিয়াকে সব বিজ্ঞাপনদাতাই এখন আরও সহজে গ্রহণ করতে পারবেন এবং বিজ্ঞাপন ব্যবস্থাপনাকে সহজ করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছে তারা।
২৬ আগস্ট, মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, মেটার এপিএসি টিমের সাথে বৈশ্বিক অংশীদারিত্বের মাধ্যমে এসব সেবা প্রদান করে আসছে রোর গ্লোবাল। এ অংশীদারিত্বের ফলে বাংলাদেশের গ্রাহকেরা কৌশলগত দিক-নির্দেশনা ও প্ল্যাটফর্মের বিভিন্ন ইনসাইটসহ মেটা থেকে সরাসরি গ্রাহক সেবা উপভোগ করতে পারেন।
এ নিয়ে রোর গ্লোবালের চিফ মার্কেটিং অফিসার উমায়ের ওয়ালিদ বলেন, “শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল মেটার বিজ্ঞাপন প্ল্যাটফর্ম এবং বাংলাদেশের দ্রুত বর্ধনশীল ব্যবসায়িক খাতের মধ্যে সেতুবন্ধন তৈরি করা।” তিনি আরও বলেন, “স্থানীয় মুদ্রায় (টাকা) বিলিং সুবিধা চালু করা এবং আমাদের কারিগরি ও কৌশলগত সেবা বাড়ানোর মাধ্যমে আমরা দেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য ব্র্যান্ডের প্রবৃদ্ধি ও লক্ষ্যভিত্তিক গ্রাহকের কাছে পৌঁছানোর কাজকে আগের যেকোনো সময়ের চেয়ে সহজ করেছি।”







