ফ্রিল্যান্সারদের ডিজিটাল আইডি দিতে স্বয়ংক্রিয় পোর্টাল চালুর সিদ্ধান্ত

ফ্রিল্যান্সারদের ডিজিটাল আইডি দিতে স্বয়ংক্রিয় পোর্টাল চালুর সিদ্ধান্ত
২০ জুলাই, ২০২৫ ২২:৫৩  
২০ জুলাই, ২০২৫ ২৩:৫৫  

ঘরে বসেই মুক্তপেশাজীবি বা ফ্রিল্যান্সারদের পরিচয়পত্র পাওয়ার জন্য  স্বয়ংক্রিয় পোর্টাল তৈরি করবে আইসিটি বিভাগ। সেখান থেকে জাতীয় পরিচয়পত্রের অধীনে বিনা ব্যয়ে কিংবা কারো ধর্না না দিয়েই পেশার প্রয়োজনীয় ডক্যুমেন্ট সন্নিবেশ করে ‘ভার্চুয়াল পরিচয় পত্র’ ডাউনলোড করতে পারবেন ফ্রিল্যান্সাররা। এছাড়াও যেন প্রাপ্য নগদ প্রণোদনা গ্রহণ কিংবা ব্যংক-বীমার মতো আর্থিক প্রতিষ্ঠানগুলোতে না যেয়েই সেখানকার সব কাজ করা সম্ভব হয় সেভাবেই পোর্টালটির নকশা করা হবে। 

২০ জুলাই, রবিবার  আইসটি বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ফ্রিল্যান্সিং কার্যক্রমের সমস্যা চিহ্ণিতকরণ ও করণীয় বিষয়ক মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে জানাগেছে। আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার আইসটি ও টেলিকম বিভাগের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। এছাড়াও আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু সাঈদ, অতিরিক্ত সচিব মোঃ মামুনুর রশীদ ভূঁঞা,যুগ্ম সচিব মোঃ মজিবুর রহমান, সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মোঃ নবীর উদ্দীন প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন। 

মতবিনিময় সভায় ফ্রিল্যান্সারদের সমস্যা ও করণীয় বিষয়ে একটি প্রেজেন্টেশন পেশ করেন বাক্কো’র যুগ্মমহাসচিব যুগ্ম মহাসচিব মো. মুসনাদ ই আহমেদ। এসময় বাক্কো সভাপতি তানভীর ইব্রাহিম, অর্থ সম্পাদক মোহাম্মদ আমিনুল হক,পরিচালক জায়েদ উদ্দিন আহমেদ, সেক্রেটারিয়েটের নির্বাহী পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অব) মাহতাবুল হক, বাংলাদেশ ব্যাংক এর অতিরিক্ত পরিচালক মোঃ আরাফাত আলী এবং বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিনিধি উপস্থিত ছিলেন। 

বৈঠক সূত্রে প্রকাশ, ২০২১ সালে ফ্রিল্যান্সারদের জন্য নগদ প্রণোদনার ঘোষণা দেওয়া হলেও এখন পর্যন্ত একজন ফ্রিল্যান্সারও এই প্রণোদনা পাননি। এই জাটিলতা দূর করতে পুরো প্রক্রিয়াটি অটোমেশনের সিদ্ধান্ত হয়। পাশাপাশি এলডিসি গ্র্যজুয়েট দেশ হিসেবে ২০২৬ সালে বাংলাদেশ যখন ফ্রিল্যান্সারদের প্রণোদনা দিতে পারবে না তখন কিভাবে তাদের সহায়তা করা যায় এবং পেপ্যাল এর সেবা চালুর বিষয়েও আলোচনায় হয়। মতবিনিময় সভায় আইসিটি বিভাগের তালিকাভুক্ত ৫৫টি মার্কেট প্লেস ছাড়াও যদি অন্য কোনো মার্কেট প্লেস বা আইটি ফার্ম থেকে আয়ের অর্থ দেশে আনতে সত্যায়নের ভূমিকা পালন করতে কাজ করবে বাক্কো।