সংসদ নির্বাচনে প্রার্থীদের সম্পত্তির বিবরণ থাকবে ইসির ওয়েবে; পর্যবেক্ষণে ওড়ানো হতে পারে ড্রোন
আগামী জাতীয় সংসদ নির্বাচনে যারা প্রার্থী হবেন তাদের দেশি ও বিদেশি সব সোর্সে আয় ও সম্পত্তির বিবরণ নির্বাচন কমিশনে দিতে হবে। এসব তথ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এছাড়াও আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুলিশকে বডি ক্যামেরা প্রদান, নির্বাচনী কেন্দ্রগুলোতে সিসিটিভি স্থাপন ও ড্রোন ওড়ানোর চিন্তাভাবনা করছে সরকার। এ বিষয়ে আইনগত দিক খতিয়ে দেখা হচ্ছে।
রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ২৩ অক্টোবর, বৃহস্পতিবার অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বৈঠক শেষে বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ‘জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের আয়, ব্যয় এবং সম্পদের বিস্তারিত তথ্য কমিশনের ওয়েব সাইটে প্রকাশের জন্য আইনে একটি বিধান থাকবে’ বলে জানান আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
এসময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুলিশকে বডি ক্যামেরা প্রদান, নির্বাচনী কেন্দ্রগুলোতে সিসিটিভি স্থাপন ও ড্রোন ওড়ানোর চিন্তাভাবনা করছে সরকার। এ বিষয়ে আইনগত দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রেস সচিব বলেন, আজ সকালে রাজধানীর তেজগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনাকালে এ নিয়ে বিস্তারিত কথা হয়।





