সাইবার আদালতে জেলা বিএনপি সভাপতির মামলা

সাইবার আদালতে জেলা বিএনপি সভাপতির মামলা
২ জুলাই, ২০২৫ ২১:১৭  
২ জুলাই, ২০২৫ ২২:২০  

সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে মামলা করেছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। 

২ জুন, বুধবার দুপুরে দায়ের করা মামলাটি ২০২৫ সালের সাইবার সুরক্ষা অধ্যাদেশের ২৫ ধারায় আমলে নিয়ে আদালত পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ছমি উদ্দিন। 

অভিযুক্তরা হলেন— ডিজিটাল অগ্রযাত্রা নামে একটি ‘অনলাইন পত্রিকা’ মেহেদী হাসান পলাশ, প্রতিনিধি খাঁন মঈন উদ্দিন ও ফাহিম হাসান সাদিক, এবং টেকনাফের সাবরাং ইউনিয়নের বাসিন্দা সুলতান আহামদ ও ইমান হোসাইন। 

বাদিপক্ষের আইনজীবি অ্যাডভোকেট ছমি উদ্দিন জানান, অভিযুক্তরা বাদীর কাছে চাঁদা দাবি করে ব্যর্থ হয়ে গত ৪ জুন ডিজিটাল অগ্রযাত্রা ফেসবুক পেইজে একটি উদ্দেশ্যমূলক ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে, যেখানে বলা হয়— ৫ আগস্ট সরকার পতনের পর আওয়ামী ফ্যাসিস্ট নেতাদের পুনর্বাসন করে শত কোটি টাকা আয় করেছেন শাহজাহান চৌধুরী। সেখানে সুলতান আহামদ ও ইমান হোসাইন নামের দুজনের মিথ্যা সাক্ষাৎকার ব্যবহার করা হয়।

 আইনজীবীর দাবি, প্রতিবেদনে যেসব ব্যক্তির নাম এসেছে তাদের সঙ্গে বাদীর কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই এবং সংবাদটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত করে দ্রুত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে পিবিআইকে।