ভারতীয় আইফোনের ৯৭% যায় যুক্তরাষ্ট্রে
২০২৫ সালের মার্চ থেকে মে মাস পর্যন্ত ভারতে তৈরি আইফোনের প্রায় ৯৭ শতাংশই রফতানি হয়েছে যুক্তরাষ্ট্রে, যা ২০২৪ সালের গড় ৫০ শতাংশ থেকে দ্বিগুণেরও বেশি। রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, ফক্সকন এই সময়ে ভারত থেকে মোট ৩.২ বিলিয়ন ডলারের আইফোন যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছে। খবর রয়টার্স।
খবরে বলা হয়, চীনের পণ্যের ওপর প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষিত ৫৫% শুল্ক এড়াতে অ্যাপল এখন ভারতকে মূল রফতানিকেন্দ্র হিসেবে ব্যবহার করছে। শুধু মে মাসেই ভারতে তৈরি আইফোনের প্রায় ১ বিলিয়ন ডলারের চালান গেছে যুক্তরাষ্ট্রে। মার্চে এ সংখ্যা ছিল রেকর্ড ১.৩ বিলিয়ন ডলার।
ট্রাম্প অ্যাপলের ভারতভিত্তিক উৎপাদনের সমালোচনা করে বলেন, “আমরা চাই না আপনারা ভারতে কারখানা খুলুন, বরং যুক্তরাষ্ট্রেই তৈরি করুন।”
বিশ্লেষকদের মতে, ২০২৫ সালে বিশ্বব্যাপী আইফোন সরবরাহের ২৫-৩০% আসবে ভারত থেকে, যেখানে ২০২৪ সালে ছিল মাত্র ১৮%।
ডিবিটেক/বিএমটি







