ফক্সকনের প্রথম লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল উন্মোচন

ফক্সকনের প্রথম লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল উন্মোচন
১১ মার্চ, ২০২৫ ১১:৪১  
১১ মার্চ, ২০২৫ ১১:৪১  

তাইওয়ানের প্রযুক্তি প্রতিষ্ঠান ফক্সকন তাদের প্রথম লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) ‘ফক্সব্রেইন’ উন্মোচন করেছে। সোমবার প্রতিষ্ঠানটি জানায়, উৎপাদন ও সরবরাহ ব্যবস্থাপনা উন্নত করার লক্ষ্যে এআই প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা করছে তারা। খবর রয়টার্স।

ফক্সকন জানায়, ‘ফক্সব্রেইন’ মডেলটি ১২০টি এনভিডিয়া এইচ১০০ জিপিইউ ব্যবহার করে চার সপ্তাহে প্রশিক্ষিত হয়েছে এবং এটি মেটার লামা ৩.১ আর্কিটেকচারের উপর ভিত্তি করে তৈরি। এটি তাইওয়ানের প্রথম ভাষার মডেল, যা ঐতিহ্যবাহী চীনা ও তাইওয়ানি ভাষার শৈলীতে দক্ষ।

তবে ফক্সকন স্বীকার করেছে, চীনের ডিপসিক-এর ডিসটিলেশন মডেলের তুলনায় এর সামান্য পারফরম্যান্স ঘাটতি রয়েছে। তবুও এটি বিশ্বমানের এআই মডেলের কাছাকাছি বলেই দাবি প্রতিষ্ঠানটির।

শুরুতে অভ্যন্তরীণ ব্যবহারের জন্য তৈরি এই মডেলটি তথ্য বিশ্লেষণ, সিদ্ধান্ত সহায়তা, ডকুমেন্ট সহযোগিতা, গণিত, যুক্তি, সমস্যা সমাধান এবং কোডিংয়ে দক্ষ। ভবিষ্যতে প্রযুক্তি অংশীদারদের সঙ্গে মিলে এর ব্যবহার বাড়ানোর পরিকল্পনা করছে ফক্সকন।

এনভিডিয়ার তাইওয়ান-ভিত্তিক সুপারকম্পিউটার ‘তাইপেই-১’ এর সহায়তায় মডেলটির প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত ঘোষণা এনভিডিয়ার আসন্ন জিটিসি ডেভেলপার সম্মেলনে দেওয়া হবে।

ডিবিটেক/বিএমটি