ক্যালিফোর্নিয়া ছাড়ছেন গুগলের সহ-প্রতিষ্ঠাতারা

ক্যালিফোর্নিয়া ছাড়ছেন গুগলের সহ-প্রতিষ্ঠাতারা
১২ জানুয়ারি, ২০২৬ ১৮:২৮  

গুগলের সহ-প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন ও ল্যারি পেজ ক্যালিফোর্নিয়ায় তাঁদের উপস্থিতি কমিয়ে আনছেন বলে ইঙ্গিত পাওয়া গেছে। খবর টেকক্রাঞ্চ।

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, গত ডিসেম্বর মাসে ব্রিনের বিনিয়োগ ও ব্যক্তিগত স্বার্থ দেখভাল করা ১৫টি সীমিত দায়বদ্ধ কোম্পানি (এলএলসি) বন্ধ করা হয়েছে অথবা নেভাদায় স্থানান্তর করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে তাঁর একটি বিলাসবহুল ইয়ট ও সান হোসে আন্তর্জাতিক বিমানবন্দরের একটি ব্যক্তিগত টার্মিনালের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানও রয়েছে।

একইভাবে ল্যারি পেজের সঙ্গে যুক্ত অন্তত ৪৫টি এলএলসি সম্প্রতি নিষ্ক্রিয় হয়েছে বা অন্য অঙ্গরাজ্যে সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া পেজের সঙ্গে সংশ্লিষ্ট একটি ট্রাস্ট ফ্লোরিডার মিয়ামিতে প্রায় ৭ কোটি ১৯ লাখ ডলার মূল্যের একটি প্রাসাদ কিনেছে।

যদিও ব্রিন ও পেজ দুজনেই এখনো ক্যালিফোর্নিয়ায় বাড়ির মালিক, তবু এসব পদক্ষেপ রাজ্য ছাড়ার প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে। 

বিশ্লেষকদের মতে, এর পেছনে ক্যালিফোর্নিয়ায় প্রস্তাবিত একটি গণভোট উদ্যোগ কাজ করছে, যেখানে একশ কোটি ডলারের বেশি সম্পদের মালিকদের ওপর এককালীন ৫ শতাংশ কর আরোপের প্রস্তাব রয়েছে। প্রস্তাবটি পাস হলে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে তা কার্যকর হওয়ার কথা।

ডিবিটেক/বিএমটি