এক্স বিভ্রাটের জন্য সাইবার হামলা দায়ী: ইলন মাস্ক
সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’ সাময়িকভাবে বিভ্রাটের সম্মুখীন হয়। মালিক ইলন মাস্ক দাবি করেন, এটি একটি শক্তিশালী সাইবার হামলার ফল। তিনি বলেন, “প্রতিদিনই আমাদের ওপর হামলা হয়, তবে এবার এটি ছিল সুসংগঠিত এবং ব্যাপক সম্পদ ব্যবহার করা হয়েছে। হয় এটি বড় কোনো সংগঠিত দল, নয়তো কোনো রাষ্ট্রের কাজ।” খবর রয়টার্স।
তবে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা মাস্কের দাবির বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তারা জানান, এ ধরনের ডিনায়াল অব সার্ভিস (ডস) হামলা সাধারণত ছোট দল বা ব্যক্তিদের দ্বারাও পরিচালিত হতে পারে।
ডাউনডিটেক্টর অনুসারে, সর্বোচ্চ ৩৯,০২১ মার্কিন ব্যবহারকারী ‘এক্স’ ব্যবহার করতে ব্যর্থ হন। পরে বিকেল ৫টার দিকে এ সংখ্যা ১,৫০০-তে নেমে আসে।
মাস্ক দাবি করেন, হামলার আইপি ঠিকানা ইউক্রেন থেকে এসেছে। তবে এক বিশেষজ্ঞের মতে, অধিকাংশ ক্ষতিকর ট্রাফিক যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম ও ব্রাজিল থেকে এসেছে, আর ইউক্রেনের অবদান ছিল নগণ্য।
উল্লেখ্য, মাস্ক আগেও ইউক্রেনের যুদ্ধ বিষয়ে বিতর্কিত মন্তব্য করেছেন এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিলে ইউক্রেনের যুদ্ধ চালিয়ে যাওয়ার সমালোচনা করেছেন।
ডিবিটেক/বিএমটি







