এআইতে ৫২ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা আলিবাবার
চীনের প্রযুক্তি জায়ান্ট আলিবাবা আগামী তিন বছরে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্লাউড কম্পিউটিং অবকাঠামোয় অন্তত ৩৮০ বিলিয়ন ইউয়ান (৫২.৪৪ বিলিয়ন ডলার) বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে। সোমবার এক বিবৃতিতে আলিবাবা এই তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।
গত শুক্রবার আর্থিক ফলাফল প্রকাশের সময় প্রতিষ্ঠানটি এ খাতে বিনিয়োগের পরিকল্পনার কথা বললেও নির্দিষ্ট পরিমাণ উল্লেখ করেনি।
চলতি অর্থবছরের শেষ প্রান্তিকে আলিবাবার রাজস্ব ২৮০.১৫ বিলিয়ন ইউয়ানে পৌঁছেছে, যা বিশ্লেষকদের পূর্বাভাসের চেয়ে সামান্য বেশি।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন এই বিনিয়োগ পরিমাণ গত এক দশকে তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্লাউড কম্পিউটিং খাতে ব্যয়ের চেয়েও বেশি।
২০২৫ সালের শুরু থেকেই চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিযোগিতায় শক্তিশালী অবস্থান তৈরি করেছে আলিবাবা। কৌশলগত ব্যবসায়িক চুক্তির মাধ্যমে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সক্ষম হওয়ায় প্রতিষ্ঠানটির শেয়ারমূল্য এ বছর এখন পর্যন্ত ৬৮% বেড়েছে।
এদিকে, চীনের অন্যান্য প্রতিষ্ঠানও এ খাতে ব্যাপক বিনিয়োগ করছে। টিকটকের মালিকানাধীন বাইটড্যান্স চলতি বছরে মূলধনী ব্যয়ের জন্য ১৫০ বিলিয়ন ইউয়ানের বেশি বরাদ্দ রেখেছে, যার বড় অংশ কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়নে ব্যবহৃত হবে বলে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
ডিবিটেক/বিএমটি







