চালু হলো ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও টিকটকসহ সব সামাজিক মাধ্যম
প্রায় দুই সপ্তাহ বন্ধ থাকার পর খুলে দেয়া হয়েছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও টিকটকসহ সবগুলো গিগটেক কোম্পানির বাংলাদেশী ক্যাশ সার্ভার। ফলে বুধবার দুপুর দুইটার পর থেকে কোনো ধরনের ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন অ্যাপ্লিকেশন ছাড়াই এসব সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে পারছেন এই অঞ্চলেল গ্রাহকেরা।
সরকারের নির্দেশে ফেসবুক টিকটক ও ইউটিউবসহ সব সামাজিক যোগাযোগমাধ্যম নেটওয়ার্কে সচল করে দেয়া হয়েছে জানিয়ে আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক বলেছেন, ক্যাশ সার্ভার আপডেট হয়ে স্বাভাবিক সময়ের মতো দ্রুতগতির সেবা পেতে ২৪-৪৮ ঘণ্টা সময় লাগবে।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত ১৮ জুলাই সকাল নাগাদ বন্ধ হয়ে যায় মোবাইল ইন্টারনেট, সন্ধ্যা নাগাদ বন্ধ হয়ে পড়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাও। এতে দেশ জুড়ে বন্ধ হয়ে যায় এই গুরুত্বপূর্ণ সেবা খাতটি। এর ৫ দিন পর ব্রডব্যান্ড সেবা চালু হয়। আর ১০ দিন পর চালু হয় মোবাইল ইন্টারনেট সেবা। কিন্তু বন্ধ ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টিকটক ও ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব। মূলত অনলাইন মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ায় এসব মাধ্যম থেকে সদুত্তর চায় সরকার।







