ক্যাসিওতে র্যানসমওয়্যার হামলায় ৮,৫০০ জনের ব্যক্তিগত তথ্য চুরি
জাপানের ইলেকট্রনিকস জায়ান্ট ক্যাসিও নিশ্চিত করেছে যে অক্টোবর মাসে ঘটে যাওয়া একটি র্যানসমওয়্যার হামলায় প্রায় ৮,৫০০ জনের ব্যক্তিগত তথ্য চুরি হয়েছে। খবর টেকক্রাঞ্চ।
গত ৫ অক্টোবর ক্যাসিও এই সাইবার আক্রমণের শিকার হয়, যেখানে হ্যাকাররা সংস্থার সংবেদনশীল ডেটা অ্যাক্সেস করে এবং কোম্পানির অনেক সিস্টেম অকেজো করে দেয়। আন্ডারগ্রাউন্ড নামের একটি র্যানসমওয়্যার গ্যাং এই আক্রমণের দায় স্বীকার করে এবং দাবি করে যে তারা ক্যাসিওর সিস্টেম থেকে ২০০ গিগাবাইটের বেশি ডেটা চুরি করেছে।
মঙ্গলবার একটি আপডেটে ক্যাসিও জানিয়েছে যে, এই হ্যাকার গোষ্ঠী- যা সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞরা রাশিয়া-সম্পর্কিত রমকম বা স্টর্ম-০৯৭৮ নামে পরিচিত একটি সাইবার অপরাধী গোষ্ঠীর সঙ্গে যুক্ত করেছেন, তারা প্রায় ৮,৫০০ জনের ব্যক্তিগত তথ্য অ্যাক্সেস করেছে।
ক্যাসিও জানায়, আক্রমণের ফলে প্রায় ৬,৫০০ কর্মচারীর তথ্য চুরি হয়েছে, যার মধ্যে রয়েছে নাম, কর্মচারী নম্বর, ইমেইল ঠিকানা, এবং কিছু ক্ষেত্রে লিঙ্গ, জন্ম তারিখ, পরিচয়পত্রের তথ্য, পারিবারিক তথ্য এবং করদাতা আইডি নম্বর।
এছাড়াও, ১,৯০০ এরও বেশি ব্যবসায়িক অংশীদারের নাম, ইমেইল ঠিকানা, ফোন নম্বর এবং পরিচয়পত্রের তথ্য এবং ৯১ জন গ্রাহকের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে। তবে, গ্রাহকদের ক্রেডিট কার্ড সম্পর্কিত কোনো তথ্য চুরি হয়নি বলে ক্যাসিও নিশ্চিত করেছে, কারণ এই তথ্য সংরক্ষণকারী সিস্টেম আক্রমণে প্রভাবিত হয়নি।
ক্যাসিও জানায়, হ্যাকাররা ফিশিং ইমেইলের মাধ্যমে কোম্পানির সিস্টেমে প্রবেশ করেছে এবং তাদের নিরাপত্তা ব্যবস্থার কিছু ঘাটতির সুযোগ নিয়েছে। কোম্পানি আরও জানায় যে, তারা হ্যাকারদের সঙ্গে কোনো আলোচনায় যায়নি এবং তাদের কোনো দাবি পূরণ করেনি।
র্যানসমওয়্যার আক্রমণের কারণে যেসব পরিষেবা ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেগুলো পুনরায় চালু করা হয়েছে, যদিও কিছু পরিষেবা এখনও সচল হয়নি। তবে ক্যাসিও ঠিক কোন পরিষেবা এখনও ব্যবহার করা যাচ্ছে না, তা স্পষ্ট করেনি।







