মডেল মসজিদে সৌরবিদ্যুৎ স্থাপনের সুপারিশ
ঢাকা: দেশের সব মডেল মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিদ্যুৎ সাশ্রয়ে রুফটপ সোলার সিস্টেম স্থাপন এবং ঝালকাঠির রাজাপুরসহ ইসলামিক ফাউন্ডেশনের বেদখল হয়ে থাকা ৬৯ একর জমি আগামী ১৫ দিনের মধ্যে পুনরুদ্ধারের সুপারিশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এছাড়া হজ এজেন্সিগুলোর কার্যকারিতা যাচাই করে ন্যায়সংগতভাবে লাইসেন্স বাতিল ও নতুন লাইসেন্স প্রদানের তাগিদ দিয়েছে কমিটি। […] The post মডেল মসজিদে সৌরবিদ্যুৎ স্থাপনের সুপারিশ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: দেশের সব মডেল মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিদ্যুৎ সাশ্রয়ে রুফটপ সোলার সিস্টেম স্থাপন এবং ঝালকাঠির রাজাপুরসহ ইসলামিক ফাউন্ডেশনের বেদখল হয়ে থাকা ৬৯ একর জমি আগামী ১৫ দিনের মধ্যে পুনরুদ্ধারের সুপারিশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এছাড়া হজ এজেন্সিগুলোর কার্যকারিতা যাচাই করে ন্যায়সংগতভাবে লাইসেন্স বাতিল ও নতুন লাইসেন্স প্রদানের তাগিদ দিয়েছে কমিটি।
রোববার (২৯ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এসব সুপারিশ ও নির্দেশনা দেওয়া হয়। কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল, এমপি এতে সভাপতিত্ব করেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে বৈঠকের কার্যক্রম শুরু হয়।
বৈঠকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশনের চলমান উন্নয়ন প্রকল্পগুলোর সর্বশেষ অগ্রগতি, ৫৬টি ইসলামিক মিশন কেন্দ্র ও তিনটি ইসলামিক মিশন হাসপাতালের সার্বিক কার্যক্রম, হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা এবং মডেল মসজিদের ইমামদের প্রশিক্ষণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বিদ্যুৎ ব্যবস্থাপনায় ব্যয় সাশ্রয়ের লক্ষ্যে মডেল মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে সৌরবিদ্যুৎ ব্যবহারের সম্ভাবনা যাচাই করে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের ওপর বৈঠকে গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে সব মসজিদে রুফটপ সোলার সিস্টেম স্থাপনের সর্বশেষ অগ্রগতি পরবর্তী বৈঠকে উপস্থাপনের জন্য সুপারিশ করা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের চলমান উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের নির্দেশ দিয়ে কমিটি মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়ন এবং মসজিদ পাঠাগার সম্প্রসারণ কার্যক্রমের গুণগত মান বজায় রাখার তাগিদ দেয়। পাশাপাশি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মাদ্রাসা বোর্ড থেকে পাস করা জনবলকে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করার জন্য সুপারিশ করা হয়। এছাড়া ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার মিশনসহ ইসলামিক ফাউন্ডেশনের মোট ৬৯ একর বেদখলি জমি আগামী ১৫ দিনের মধ্যে পুনরুদ্ধারের কঠোর সুপারিশ করে কমিটি।
স্বাস্থ্যসেবা খাতের আলোচনায় ইসলামিক মিশন হাসপাতাল ও মিশন কেন্দ্রগুলোর চিকিৎসাসেবার মান উন্নয়ন এবং শূন্য পদ পূরণে দ্রুত জনবল নিয়োগের নির্দেশ দেওয়া হয়। পর্যাপ্ত চিকিৎসক, নার্স ও মেডিকেল টেকনোলজিস্ট নিশ্চিত করে সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি মিশন কেন্দ্রগুলোর শিক্ষা, সাংস্কৃতিক ও অসহায় মানুষের কল্যাণমূলক কর্মসূচি আরও সম্প্রসারণের পরামর্শ দেওয়া হয়।
বৈঠকে ২০২৪ সালে সংশোধিত হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা, ২০২২ নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। হজযাত্রীদের সুষ্ঠু ব্যবস্থাপনা, সেবার মান বৃদ্ধি এবং পুরো প্রক্রিয়ায় জবাবদিহিতা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়। এ ক্ষেত্রে বিদ্যমান হজ এজেন্সিগুলোর পারফরম্যান্স যাচাই-বাছাই করে ন্যায়সংগতভাবে লাইসেন্স বাতিল এবং যোগ্যদের নতুন লাইসেন্স প্রদানের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সুপারিশ করা হয়েছে। পাশাপাশি মডেল মসজিদ ও অন্যান্য মসজিদের ইমামদের প্রশিক্ষণ অব্যাহত রেখে তাঁদের পেশাগত দক্ষতা বাড়ানোর উদ্যোগ নিতে বলা হয়।
বৈঠকের সভাপতি রফিকুল ইসলাম জামাল ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠা, ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রমে গতিশীলতা আনা এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে জনকল্যাণমূলক সেবা সম্প্রসারণে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
বৈঠকে কমিটির সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ্ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ), এমপি; প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার, এমপি; মো. জাহিদুর রহমান, এমপি; সূবর্না সিকদার, এমপি; মো. নুরুল আমীন, এমপি; মোহাম্মদ আবুল হাসান, এমপি এবং মুহাম্মাদ আব্দুল খালেক, এমপি অংশগ্রহণ করেন। এছাড়া ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, সংস্থা, ট্রাস্ট ও ফাউন্ডেশনের প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
The post মডেল মসজিদে সৌরবিদ্যুৎ স্থাপনের সুপারিশ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





