‘বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেওয়ায় আখতারুজ্জামানের ওপর ক্ষোভ’

ঢাকা: বিএনপি ছেড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার কারণে ক্ষুব্ধ হয়ে সরকার বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেফতার করেছে বলে অভিযোগ করেছেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। শনিবার (৩ অক্টোবর) দুপুরে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেফতারের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ […] The post ‘বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেওয়ায় আখতারুজ্জামানের ওপর ক্ষোভ’ first appeared on Sarabangla | Break

‘বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেওয়ায় আখতারুজ্জামানের ওপর ক্ষোভ’
৩ অক্টোবর, ২০২৬ ২১:০০  

ঢাকা: বিএনপি ছেড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার কারণে ক্ষুব্ধ হয়ে সরকার বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেফতার করেছে বলে অভিযোগ করেছেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেফতারের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

গোলাম পরওয়ার বলেন, ‘একজন সিনিয়র নাগরিক, বীর মুক্তিযোদ্ধা ও তিনবারের সাবেক সংসদ সদস্য হিসেবে আখতারুজ্জামান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অনিয়ম, অব্যবস্থাপনা, দুর্নীতি ও অদক্ষতা নিয়ে কথা বলতে পারেন। প্রয়োজনে দায়িত্বে থাকা কর্মকর্তাদেরও জবাবদিহির আওতায় আনার দাবি জানাতে পারেন। কিন্তু বিমানবন্দরের ঘটনাকে কেন্দ্র করে তাকে গ্রেফতার ও রিমান্ডে নেওয়া হয়েছে।’

তার দাবি, এ ঘটনার মাধ্যমে সরকার রাজনৈতিক প্রতিহিংসা ও ক্ষোভ প্রকাশ করেছে। মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, রিমান্ডের আদেশ বাতিল এবং তার মুক্তির দাবি জানান তিনি।

গোলাম পরওয়ার আরও বলেন, জামায়াত-শিবিরকে ‘গুপ্ত’ বা ‘স্বাধীনতাবিরোধী’ বলার আগে বিএনপির নিজেদের রাজনৈতিক ইতিহাসের দিকে তাকানো উচিত। তার দাবি, বিএনপি সরকারের আমলে জামায়াতের সঙ্গে জোট ও রাজনৈতিক সহযোগিতা ছিল।

তিনি বলেন, ‘পাকিস্তানের পক্ষে ভূমিকা রাখার অভিযোগ থাকা ব্যক্তিরাও পরবর্তী সময়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।’ জামায়াতকে নিয়ে রাজনৈতিক বক্তব্য দেওয়ার আগে বিএনপিকে নিজেদের অতীতের রাজনৈতিক সিদ্ধান্ত বিবেচনা করার আহ্বান জানান তিনি।

সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের হাতে হাতকড়া পরিয়ে সরকার মুক্তিযোদ্ধাদের অসম্মান করেছে এবং তাকে রিমান্ডে নিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে অবমাননা করেছে।’

তিনি অভিযোগ করেন, বিমানবন্দরের অনিয়ম ও অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ করায় আখতারুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে। তার ভাষ্য, আখতারুজ্জামানের বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেওয়াই সরকারের ক্ষোভের কারণ।

ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসেন বলেন, ‘জাতীয় সংসদের ৩৪ জন সদস্য বিমানবন্দরে গেলেও তাদের যথাযথ প্রটোকল দেওয়া হয়নি।’ বরং হয়রানি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি দাবি করেন, মেজর (অব.) আখতারুজ্জামান প্রবাসীদের হয়রানির প্রতিবাদ করেছেন, কোনো অপরাধ করেননি। বিমানমন্ত্রীর বক্তব্যকে ‘অসত্য ও বাস্তবতাবিরোধী’ দাবি করে তিনি এ বিষয়ে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম অভিযোগ করেন, বিমানবন্দরে প্রবাসীদের হয়রানির প্রতিবাদ করায় মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেফতার করে রিমান্ডে পাঠানো হয়েছে। তিনি অবিলম্বে তার মুক্তি এবং বিমানবন্দরের সমস্যা সমাধানের দাবি জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

তিনি বলেন, ‘সরকার সমালোচনা সহ্য করতে পারছে না। সরকারের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলার কারণে আখতারুজ্জামানকে গ্রেফতার ও রিমান্ডে নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, জামায়াতকে নিয়ে ‘অপরাজনীতি’ করার পরিণতি অতীতে বিভিন্ন রাজনৈতিক দলকে ভোগ করতে হয়েছে। ভবিষ্যতে কেউ একই ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের চেষ্টা করলে তার পরিণতি আরও কঠিন হবে বলে মন্তব্য করেন তিনি।

সমাবেশ পরিচালনা করেন ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম। এতে আরও বক্তব্য দেন মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াছিন আরাফাত।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান, মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম, অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন, ড. মোবারক হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশ শেষে মেজর (অব.) আখতারুজ্জামানের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন মোড়, প্রেসক্লাব হয়ে মৎস্য ভবন মোড়ে গিয়ে শেষ হয়।

The post ‘বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেওয়ায় আখতারুজ্জামানের ওপর ক্ষোভ’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.