কালো টাকা ও সহিংসতা রোধে ইসিকে কঠোর হওয়ার পরামর্শ
ঢাকা: আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কালো টাকা ও পেশিশক্তির প্রভাবমুক্ত রাখতে নির্বাচন কমিশনের (ইসি) কঠোর ও নিরপেক্ষ ভূমিকা চেয়েছেন রাজনৈতিক নেতারা। পাশাপাশি জামানত কমানো, প্রশাসনের নিরপেক্ষতা ও আচরণবিধি লঙ্ঘনে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। রোববার (২৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ৫৫টি দলের সঙ্গে তিন দিনের সংলাপের প্রথম দিন এসব দাবি ওঠে। এ […] The post কালো টাকা ও সহিংসতা রোধে ইসিকে কঠোর হওয়ার পরামর্শ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কালো টাকা ও পেশিশক্তির প্রভাবমুক্ত রাখতে নির্বাচন কমিশনের (ইসি) কঠোর ও নিরপেক্ষ ভূমিকা চেয়েছেন রাজনৈতিক নেতারা। পাশাপাশি জামানত কমানো, প্রশাসনের নিরপেক্ষতা ও আচরণবিধি লঙ্ঘনে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
রোববার (২৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ৫৫টি দলের সঙ্গে তিন দিনের সংলাপের প্রথম দিন এসব দাবি ওঠে।
এ দাবির প্রেক্ষিতে গুরুতর অনিয়মের প্রমাণ মিললে প্রার্থিতা বাতিল, ফল স্থগিত বা নির্বাচন বাতিলের মতো কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে ইসি।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অন্য চার কমিশনার, সিনিয়র সচিব আখতার আহমেদ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সারাবাংলা।
প্রথম দিনে জাতীয় পার্টি-জেপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, জাকের পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও গণফোরামের প্রতিনিধিরা অংশ নেন। জামায়াতে ইসলামী সময় চেয়েছে এবং জাতীয় পার্টির কেউ উপস্থিত ছিলেন না।
সিপিবি সভাপতি কাজী সাজ্জাদ চৌধুরী চন্দন কালোটাকার দৌরাত্ম্য রুখতে জামানত কমানো, ভোটের আগে টাকা ছড়ানো বন্ধ ও দলনিরপেক্ষ ভূমিকা চান; মেম্বার পদে ৪০–৫০ লাখ এবং চেয়ারম্যান পদে এক থেকে দুই কোটি টাকা খরচের অভিযোগ তোলেন তিনি।
জাতীয় পার্টি-জেপি’র যুগ্ম মহাসচিব মো. রুবেল হাওলাদার পোলিং এজেন্টদের কেন্দ্রে থাকা নিশ্চিত করা ও প্রচারণার সহিংসতা দ্রুত নিষ্পত্তির আহ্বান জানান। গণতন্ত্রী পার্টির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক শহিদুল্লাহ শিকদার কালোটাকামুক্ত পরিবেশে গরিব মানুষের নির্বাচিত হওয়ার সুযোগ ও প্রশাসনের নিরপেক্ষতা চান। বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব ফয়জুর রহমান মৃধা ঝুঁকিপূর্ণ কেন্দ্রে অতিরিক্ত বাহিনী, গুজব ও এআই প্রতিরোধে মনিটরিং সেল, কেন্দ্র থেকেই ফল প্রকাশ, নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগ ও শান্তি সংলাপের দাবি জানান।
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী জামানত এক হাজার টাকা করার প্রস্তাব দিয়ে বলেন, শুধু বিএ-এমএ পাসে প্রকৃত জ্ঞান ও নৈতিকতা আসে না, স্বল্পশিক্ষিত বা অশিক্ষিত মানুষেরও নীতি-আদর্শ থাকতে পারে; পাশাপাশি ইসিকে আরও দৃঢ় হতে বলেন তিনি।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, উপযুক্ত প্রার্থীদের কথা ভেবে নিজ উদ্যোগে চেয়ারম্যান পদে জামানত ২৫ হাজার ও ব্যয়সীমা ১০ লাখ টাকা এবং সদস্য পদে জামানত পাঁচ হাজার ও ব্যয়সীমা দুই লাখ টাকা করা হয়েছে। পক্ষপাতদুষ্ট কর্মকর্তাকে দুই মাস সাময়িক বরখাস্তের ক্ষমতা ইসির আছে জানিয়ে তিনি বলেন, গুরুতর অনিয়মে প্রার্থিতা বাতিল, ফল স্থগিত বা নির্বাচন বাতিলের ক্ষমতা সতর্কতার সঙ্গে প্রয়োগ করা হবে, তবে প্রতিটি অভিযোগে নয়। ধর্ম বা পক্ষপাত না করে আইন অনুযায়ী ভোটের আশ্বাস দেন তিনি।

ছবি: সারাবাংলা।
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, আচরণবিধি ভাঙলে প্রার্থী ও সহযোগী উভয়েই সমান অপরাধী হবেন এবং বড় নেতা বা জনপ্রিয় হলেও ছাড় মিলবে না। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সহিংসতা ছেড়ে ভোটের মাধ্যমে জয়ের বার্তা দেওয়ার আহ্বান জানিয়ে ভোটের বাইরে অন্য কোনো চেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি দেন।
সমাপনী বক্তব্যে সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, বিচার বিভাগের অধীন নির্বাচনী অনুসন্ধান কমিটির সাজা বা জামিন সংক্রান্ত কার্যক্রমে ইসির সরাসরি নির্দেশনার সীমাবদ্ধতা রয়েছে এবং মোবাইল কোর্টে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের জরিমানার ক্ষমতাও প্রচলিত আইনে নির্ধারিত। ভবিষ্যতে সহযোগিতা ও প্রয়োজনে ফের আলোচনার আশাবাদ জানান তিনি।
ইসির সূচি অনুযায়ী, পাঁচ ধাপে ইউপি ভোট হবে: প্রথম ধাপে ২১ জানুয়ারি ১,০৪২টি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি ১,০৬৯টি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল ১,০২৪টি, চতুর্থ ধাপে ১৩ মে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ২৭ মে ৩৮৪টি ইউনিয়নে।
সংলাপের দ্বিতীয় দিন ৩০ নভেম্বর বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলনসহ ১৮টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে; প্রথম দিনে না গেলেও এদিন বিএনপি অংশ নেবে বলে জানিয়েছে। ১ ডিসেম্বর এনসিপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন ও নাগরিক ঐক্যসহ ১৮টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে, যেখানে জামায়াতও অংশ নিতে পারে।
বর্তমানে ৫৯টি নিবন্ধিত দলের মধ্যে নিবন্ধন স্থগিত থাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টি, জাসদ, তরিকত ফেডারেশন ও সাম্যবাদী দলকে আমন্ত্রণ জানানো হয়নি।
The post কালো টাকা ও সহিংসতা রোধে ইসিকে কঠোর হওয়ার পরামর্শ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





