জিয়াউলকে ‘দানব’ বানিয়ে মিডিয়া ট্রায়াল চলছে: আইনজীবী নাজনীন

ঢাকা: মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে ‘দানব’ হিসেবে উপস্থাপন করে মিডিয়া ট্রায়াল চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তার আইনজীবী নাজনীন নাহার। তার দাবি, জিয়াউল একজন সম্মানিত, দক্ষ ও অনুকরণীয় সেনা কর্মকর্তা ছিলেন। তাকে ঘিরে প্রচারিত বিভিন্ন বক্তব্যের জবাব আসামিপক্ষের যুক্তিতর্কে তুলে ধরা হয়েছে। রোববার (২৯ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় […] The post জিয়াউলকে ‘দানব’ বানিয়ে মিডিয়া ট্রায়াল চলছে: আইনজীবী নাজনীন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

জিয়াউলকে ‘দানব’ বানিয়ে মিডিয়া ট্রায়াল চলছে: আইনজীবী নাজনীন
২৯ নভেম্বর, ২০২৬ ১৫:০০  

ঢাকা: মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে ‘দানব’ হিসেবে উপস্থাপন করে মিডিয়া ট্রায়াল চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তার আইনজীবী নাজনীন নাহার। তার দাবি, জিয়াউল একজন সম্মানিত, দক্ষ ও অনুকরণীয় সেনা কর্মকর্তা ছিলেন। তাকে ঘিরে প্রচারিত বিভিন্ন বক্তব্যের জবাব আসামিপক্ষের যুক্তিতর্কে তুলে ধরা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসানের পক্ষে প্রথম দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নাজনীন নাহার।

তিনি জানান, ২০২৪ সালের ৬ আগস্ট সামরিক বাহিনী থেকে অবসরে যাওয়ার পর থেকেই জিয়াউল আহসানের বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল শুরু হয়েছে, যা এখনো চলছে। তার অভিযোগ, কিছু গণমাধ্যম এবং প্রসিকিউশন দলের সংশ্লিষ্টতায় এ প্রচার চালানো হচ্ছে। মিডিয়া ট্রায়ালের উল্লেখযোগ্য কিছু বিষয় তারা ট্রাইব্যুনালের সামনে তুলে ধরেছেন।

জিয়াউলের সামরিক জীবনের মূল্যায়ন প্রসঙ্গে নাজনীন বলেন, মামলায় সাক্ষ্য দেওয়ার জন্য যাদের ট্রাইব্যুনালে হাজির করার কথা ছিল, তাদের একজন লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল ইসলাম। সিলেটের ইনফ্যান্ট্রি স্কুলে প্রশিক্ষক থাকাকালে তিনি জিয়াউল আহসানের প্রশিক্ষক ছিলেন। ওই সময়ে জিয়াউলের বার্ষিক গোপনীয় প্রতিবেদনও (এসিআর) তৈরি করেছিলেন তৌহিদুল।

নাজনীনের দাবি, ২০০৮ সালের ওই এসিআরে জিয়াউল আহসানকে সম্মানিত, দক্ষ ও অনুকরণীয় সেনা কর্মকর্তা হিসেবে মূল্যায়ন করা হয়েছিল। পাশাপাশি এসএসএফ, ডিজিএফআই ও র‍্যাবের মতো সংস্থায় তাকে পদায়নের সুপারিশও করেছিলেন তৌহিদুল ইসলাম।

আইনজীবী বলেন, অথচ বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন মাধ্যমে চিফ প্রসিকিউটর দাবি করেছেন, জিয়াউল আহসানের পদোন্নতির যোগ্যতা ছিল না এবং তিনি আগের সরকারের প্রতি আনুগত্য দেখিয়ে পদোন্নতি পেয়েছিলেন। একই ব্যক্তি ২০০৮ সালে জিয়াউলকে দক্ষ ও অনুকরণীয় কর্মকর্তা হিসেবে মূল্যায়ন করলেও পরে তদন্ত কর্মকর্তার কাছে বলেছেন, তিনি মেজর পদ থেকে পদোন্নতি পাওয়ার যোগ্য ছিলেন না। এই দুই বক্তব্যের অসংগতি আসামিপক্ষ যুক্তিতর্কে তুলে ধরেছে।

মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে মূল অপরাধের সময়কাল ২০১০ থেকে ২০১৩ সাল উল্লেখ করা হলেও ২০০৮ সালের এসিআর কেন প্রাসঙ্গিক-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নাজনীন বলেন, প্রসিকিউশনই জিয়াউলের যোগ্যতা ও অতীত মূল্যায়নের বিষয়টি সামনে এনেছে। তাই এর জবাব দেওয়ার জন্য এসিআরটি প্রাসঙ্গিক।

তিনি আরও বলেন, এসিআরটি ট্রাইব্যুনালে উপস্থাপনের জন্য আগে আবেদন করা হয়েছিল। তবে ট্রাইব্যুনাল সেটি উপস্থাপনের প্রয়োজন মনে করেননি। পরে তৌহিদুল ইসলামকে মামলার সাক্ষী হিসেবে হাজির করার কথা জানতে পেরে আবারও প্রতিবেদনটি উপস্থাপন করতে চেয়েছিলেন তারা। কিন্তু তাকে সাক্ষী হিসেবে হাজির করা হয়নি। অথচ রাষ্ট্রপক্ষ নিজেদের যুক্তিতর্কে ওই বিষয়টি তুলে ধরেছে। তাই এর জবাব দেওয়া আসামিপক্ষের দায়িত্ব ছিল।

নাজনীন নাহারের অভিযোগ, তিন দিনের যুক্তিতর্কে প্রসিকিউশন মামলার অভিযোগের বাইরেও অনেক বিষয় তুলে ধরেছে। ন্যায়বিচারের স্বার্থে সেসব বক্তব্যের জবাব দেওয়ার সুযোগ আসামিপক্ষেরও থাকা উচিত।

তিনি বলেন, আসামিপক্ষের যুক্তিতর্কে দেখানো হবে, যেসব সাক্ষীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে, তারা যে অপরাধের কথা বলেছেন, তার কোনো ভিত্তি নেই। বরং এসব অপরাধের সঙ্গে যারা প্রকৃতপক্ষে জড়িত, তাদেরই সাক্ষী হিসেবে আনা হয়েছে বলে দাবি করেন তিনি।

 

 

 

 

The post জিয়াউলকে ‘দানব’ বানিয়ে মিডিয়া ট্রায়াল চলছে: আইনজীবী নাজনীন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.