গুগল ফটোজেই তৈরি হবে মিম
মিম বানাতে আর আলাদা অ্যাপ বা জটিল এডিটিংয়ের প্রয়োজন নেই। গুগল ফটোজে যুক্ত হয়েছে নতুন এক ফিচার—‘মি মিম’, যেখানে মিমের কেন্দ্রবিন্দুতে থাকবেন ব্যবহারকারী নিজেই। জেনারেটিভ এআই ব্যবহার করে এই ফিচারটি স্বয়ংক্রিয়ভাবে ব্যক্তিগত ও মজার মিম তৈরি করে দেবে। খবর জিএসএম এরিনা।
বর্তমানে যুক্তরাষ্ট্রে পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই ফিচারটিতে রয়েছে বিল্ট-ইন টেমপ্লেট গ্যালারি। চাইলে ব্যবহারকারী নিজস্ব কোনো মিম টেমপ্লেটও আপলোড করতে পারবেন। প্রয়োজন শুধু নিজের একটি ছবি। এরপর গুগল ফটোজ অ্যাপে নিচের দিকে থাকা ‘ক্রিয়েট’ অপশনে গিয়ে ‘মি মিম’ নির্বাচন করে টেমপ্লেট বাছাই, ছবি যোগ এবং ‘জেনারেট’ চাপলেই তৈরি হয়ে যাবে মিম।
তৈরি হওয়া মিম সংরক্ষণ করা যাবে, আবার চাইলে নতুন করে জেনারেট বা সরাসরি শেয়ারও করা যাবে। গুগল ফটোজের এই ফিচারটি সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরির অভ্যাসে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।
তবে কবে নাগাদ এটি বিশ্বের অন্য দেশগুলোতে চালু হবে, সে বিষয়ে গুগলের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
ডিবিটেক/বিএমটি



