অনলাইনে ৪৬.৭৩ কোটি টাকার বিক্রিতে অনিয়মের তথ্য পেয়েছে ভ্যাট বিভাগ
কোরিয়ান মার্টের অনলাইনে ৩.১৯ কোটি টাকার ভ্যাট ফাঁকি উদ্ঘাটন
- কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা (পশ্চিম)-এর নিবারক অভিযান
- ডিজিটাল ডেটা অডিট ও নিজস্ব সফটওয়্যার পর্যালোচনায় ভ্যাট ফাঁকি শনাক্ত
- এনবিআর থেকে মামলা দায়েরের আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন
ই-কমার্স ট্রানজেকশন মনিটরিং, ডিজিটাল সেলস অডিট ও ভ্যাট কমপ্লায়েন্স অ্যাসেসমেন্টের আওতায় অনলাইনভিত্তিক প্রসাধনী সামগ্রী বিক্রয়কারী প্রতিষ্ঠান 'কোরিয়ান মার্ট বাংলাদেশ'-এর ৪৬ কোটি ৭৩ লাখ ৬৩ হাজার ৬৪৭ টাকার বিক্রয়ের বিপরীতে ৩ কোটি ১৯ লাখ ৫৭ হাজার ৪৯০ টাকার ভ্যাট ফাঁকির তথ্য উদ্ঘাটন করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম)। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বুধবার (২৩ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।
এনবিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২১ সেপ্টেম্বর পল্লবী বিভাগীয় দপ্তরের আওতাধীন কোরিয়ান মার্ট বাংলাদেশে একটি নিবারক অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মূসক-১২.১ প্রদর্শনপূর্বক প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রমের তথ্য যাচাইয়ের অংশ হিসেবে ল্যাপটপ, কম্পিউটার, কুরিয়ার সার্ভিস ও নিজস্ব সফটওয়্যার ব্যবস্থায় সংরক্ষিত ডেটা এবং সংশ্লিষ্ট কাগজপত্র পরীক্ষা করা হয়।
প্রাথমিক বিশ্লেষণে ভ্যাট ফাঁকির সুস্পষ্ট ইঙ্গিত পাওয়ায় ল্যাপটপ, কম্পিউটার ও অন্যান্য নথির তথ্য পেনড্রাইভে সংরক্ষণ ও পরবর্তী যাচাই-বাছাইয়ের জন্য জব্দ করা হয়। পরবর্তীতে সংগৃহীত ডিজিটাল ডেটা অডিট করে দেখা যায় যে, প্রতিষ্ঠানটি উল্লিখিত বিপুল পরিমাণ বিক্রি গোপন রেখে কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়েছে।
এ ঘটনায় কোরিয়ান মার্ট বাংলাদেশের বিরুদ্ধে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইনের আওতায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে এনবিআরের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
//ডিবিটেক/ডিপিও/এসএমই/এমআইএস//





