সোনার দাম ভরিতে ছাড়ালো ২ লাখ
ঢাকা: দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। এবার প্রতি ভরিতে ২ হাজার ৬২৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা (ভ্যাটসহ)। শনিবার (২৮ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন এ দাম ঘোষণা করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বিজ্ঞপ্তি অনুযায়ী, একই দিন সকাল ১০টা থেকে নতুন […] The post সোনার দাম ভরিতে ছাড়ালো ২ লাখ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। এবার প্রতি ভরিতে ২ হাজার ৬২৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা (ভ্যাটসহ)।
শনিবার (২৮ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন এ দাম ঘোষণা করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বিজ্ঞপ্তি অনুযায়ী, একই দিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ৫১৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৫ হাজার ৩৩৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৭৭৮ টাকা।
বাজুস আরও জানিয়েছে, সোনার গয়না তৈরির ক্ষেত্রে ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জের ক্ষেত্রে ৯ শতাংশ এবং পুরোনো সোনা বিক্রির ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে। তবে এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না।
এর আগে, গত ২৭ নভেম্বর সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন প্রতি ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল। ওই দাম কার্যকর হয়েছিল ২৬ নভেম্বর সকাল ১০টা থেকে।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত দেশের বাজারে ১৪৮ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৭০ দফা দাম বাড়ানো হয়েছে, ৭৭ দফা কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। সে বছর ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়েছিল।
এদিকে, সোনার দাম বাড়লেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৩৩ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৯২৫ টাকা।
চলতি বছর এখন পর্যন্ত রুপার দাম ৮০ দফা সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৩৬ দফা দাম বাড়ানো হয়েছে এবং ৪৪ দফা কমানো হয়েছে। আর ২০২৫ সালে মোট ১৩ বার রুপার দাম সমন্বয় করা হয়েছিল। সে বছর ১০ বার দাম বাড়ানো এবং তিনবার কমানো হয়।
The post সোনার দাম ভরিতে ছাড়ালো ২ লাখ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





