বুটেক্সে আন্তর্জাতিক সম্মেলনে গ্রীন টেক্সটাইল ও আধুনিক ল্যাব সুবিধার ওপর বিশেষ জোর
টেক্সটাইল খাতের বৈশ্বিক নেতৃত্বে এআই প্রযুক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান শিক্ষামন্ত্রীর
বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলসে (বুটেক্স) আয়োজিত ৪র্থ আন্তর্জাতিক কনফারেন্সে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বস্ত্রখাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও গবেষণার প্রসারে গুরুত্বারোপ করেছেন।
টেক্সটাইল খাতের কাঙ্ক্ষিত উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI)-এর ব্যবহার বৃদ্ধি এবং গবেষণা প্রসারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
২০ জুন, শনিবার বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলস (বুটেক্স)-এ অনুষ্ঠিত "4th International Conference on Textile Science and Engineering" অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী উল্লেখ করেন, তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় হলেও এই খাতের বৈশ্বিক নেতৃত্ব ধরে রাখতে গতানুগতিকতার বাইরে গিয়ে উদ্ভাবনী ধারণা সংযোজন করতে হবে। পাশাপাশি টেকসই উন্নয়নের জন্য ‘গ্রীন টেক্সটাইল’ ও রিসাইক্লিং ব্যবস্থা জোরদার করার আহ্বান জানান তিনি।
শিক্ষামন্ত্রী তার বক্তব্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতেও টেক্সটাইল বিষয় যুক্ত করার কথা উল্লেখ করে আধুনিক বিশ্বের সঙ্গে প্রতিযোগিতার জন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উন্নত ল্যাব সুবিধা নিশ্চিত করার তাগিদ দেন। তিনি বলেন, দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে আমরা কাজ করছি। এজন্য আমরা শিক্ষা খাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। পাশাপাশি, দক্ষ জনশক্তি গড়ে তুলতে আমরা কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ (টিভেট) এর উপর গুরুত্ব প্রদান করছি।
টেক্সটাইল খাতের আধুনিকায়ন এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) আগামী দিনে বিশ্বকে নেতৃত্ব দেবে আশাবাদ ব্যক্ত করে মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আরও বলেন , দেশের বস্ত্র খাতের উন্নয়ন ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বুটেক্সের শিক্ষার্থীরা তাদের মেধা ও উদ্ভাবনী শক্তি দিয়ে শীর্ষস্থান দখল করবে।সেই লক্ষ্য অর্জনে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও শিক্ষাদানের মান আরও বাড়াতে তিনি সংশ্লিষ্টদের আহ্বান জানান।
অনুষ্ঠানে জার্মানির হখশুলে নিডাররাইন ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেসের অধ্যাপক বাস্টিয়ান কোয়াটেলবাম মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
কনফারেন্সে যোগদানের আগে মন্ত্রী দেশব্যাপী আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বুটেক্সের বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বুটেক্সের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
//ডিবিটেক/এসআর/ইকে//





