গুম-খুনের মামলায় জিয়াউলের বিরুদ্ধে আজ যুক্তি দেবেন অ্যাটর্নি জেনারেল

ঢাকা: আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত শতাধিক গুম ও খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে আজ চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপন করবেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। যুক্তিতর্কে বাংলাদেশের প্রচলিত আইন ও বিচারব্যবস্থার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের অপরাধের বিচারের নজির তুলে ধরবেন তিনি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় […] The post গুম-খুনের মামলায় জিয়াউলের বিরুদ্ধে আজ যুক্তি দেবেন অ্যাটর্নি জেনারেল first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

গুম-খুনের মামলায় জিয়াউলের বিরুদ্ধে আজ যুক্তি দেবেন অ্যাটর্নি জেনারেল
২৬ নভেম্বর, ২০২৬ ১১:০০  

ঢাকা: আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত শতাধিক গুম ও খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে আজ চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপন করবেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। যুক্তিতর্কে বাংলাদেশের প্রচলিত আইন ও বিচারব্যবস্থার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের অপরাধের বিচারের নজির তুলে ধরবেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এ যুক্তিতর্ক উপস্থাপন করার কথা রয়েছে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে শুনানি অনুষ্ঠিত হবে।

অ্যাটর্নি জেনারেলের যুক্তিতর্কের বিষয়বস্তুতে শুধু বাংলাদেশের আইন ও বিচারব্যবস্থা সীমাবদ্ধ থাকবে না। আন্তর্জাতিক অপরাধ এবং দেশীয় ট্রাইব্যুনালে গুম, খুনসহ নৃশংস অপরাধের বিচারে বিভিন্ন দেশের অনুসৃত আইন ও বিচারিক নজিরও তুলে ধরবেন তিনি।

এ কার্যক্রম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফেসবুক পেজ এবং বিভিন্ন গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।

এর আগে, বুধবার (২৫ নভেম্বর) মামলাটির দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। এ সময় জিয়াউল আহসানের বিচারপ্রক্রিয়ার ন্যায়সংগততা প্রতিষ্ঠায় বিভিন্ন তথ্য-প্রমাণ ও আইনি ব্যাখ্যা তুলে ধরেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। আজকের শুনানিতে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ এবং তার সম্ভাব্য দণ্ডের বিষয়ে যুক্তি উপস্থাপন করা হবে।

গত ২৪ নভেম্বর মামলাটির যুক্তিতর্ক শুরু হয়। প্রথম দিন জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা অভিযোগ এবং মামলার বিভিন্ন ঘটনাপ্রবাহ তুলে ধরেন চিফ প্রসিকিউটর।

এর আগে গত ২২ নভেম্বর আসামিপক্ষে সাফাই সাক্ষ্য দেন আইনজীবী তাসলিমা জাহান পপি। এ সময় তিনি মামলাসংক্রান্ত কয়েকটি নথি ও ভিডিও ট্রাইব্যুনালে উপস্থাপন করেন। অন্যদিকে গত ১৯ নভেম্বর মামলার ১৫তম সাক্ষী ও তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামকে জেরার মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ হয়।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলায় সুনির্দিষ্ট তিনটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে প্রথম অভিযোগটি ২০১১ সালের ১১ জুলাই রাতের। ওই রাতে গাজীপুর সদর থানার পুবাইলে সড়কের পাশে জিয়াউল আহসানের সরাসরি উপস্থিতিতে সজলসহ তিনজনকে হত্যা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

দ্বিতীয় অভিযোগে বলা হয়েছে, ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের চরদুয়ানী খালসংলগ্ন বলেশ্বর নদীর মোহনায় নজরুল, মল্লিকসহ ৫০ জনকে হত্যা করা হয়।

তৃতীয় অভিযোগেও একই সময়ে ৫০ জনকে হত্যার কথা বলা হয়েছে। প্রসিকিউশনের দাবি, তথাকথিত বনদস্যু দমনের নামে বরগুনার বলেশ্বর নদী ও বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনের বিভিন্ন এলাকায় মাসুদসহ ৫০ জনকে হত্যা করা হয়।

এসব ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত বছরের ১৭ ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে তিনটি অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-১। একই দিন তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র (ফরমাল চার্জ) দাখিল করে প্রসিকিউশন। পরে ২৩ ডিসেম্বর তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

 

 

 

 

The post গুম-খুনের মামলায় জিয়াউলের বিরুদ্ধে আজ যুক্তি দেবেন অ্যাটর্নি জেনারেল first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.