ভারতে প্রথম এআই ডেটা সেন্টার তৈরিতে রিলায়েন্সের সাথে মেটার মেগা চুক্তি

ভারতে প্রথম এআই ডেটা সেন্টার তৈরিতে রিলায়েন্সের সাথে মেটার মেগা চুক্তি
১০ জুন, ২০২৬ ১৪:১৯  

ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান ‘মেটা’ দক্ষিণ এশিয়ার বাজারে তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সক্ষমতা বাড়াতে এক বিশাল পদক্ষেপ নিয়েছে। ভারতে নিজেদের প্রথম এআই-চালিত মেগা ডেটা সেন্টার স্থাপনের লক্ষ্যে এশিয়ার অন্যতম শীর্ষ ধনী মুকেশ আম্বানির নেতৃত্বাধীন ‘রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ’-এর সাথে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে মার্কিন এই প্রযুক্তি জায়ান্ট। আজ বুধবার (১০ জুন) উভয় কোম্পানির পক্ষ থেকে অফিশিয়ালি এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

যৌথ বিবৃতি অনুযায়ী, ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের জামনগরে ১৬৮ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই বিশাল ডেটা সেন্টারটি নির্মাণ করবে রিলায়েন্স। পরবর্তীতে এটি মেটা সম্পূর্ণ লিজ (ভাড়া) নেবে, যেখানে ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী ডেটা সেন্টারের সক্ষমতা ও আকার আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ রাখা হয়েছে।

ভারতের বিশাল বাজার ও এআই-এর ভবিষ্যৎ
মেটা তাদের বিবৃতিতে জানিয়েছে, ভারতের বিশাল ব্যবহারকারী (ইউজার বেস) এবং দ্রুত বর্ধনশীল ডিজিটাল অর্থনীতির কারণেই তারা দেশটিতে এই বৃহৎ অবকাঠামো গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। মেটার বিভিন্ন প্ল্যাটফর্মের (বিশেষ করে হোয়াটসঅ্যাপ) সবচেয়ে বড় বাজার মূলত ভারত।

গ্লোবাল কনসাল্টিং ফার্ম ‘আইএমএআরসি গ্রুপ’-এর সাম্প্রতিক গবেষণা প্রতিবেদন অনুযায়ী, ভারতে ব্যাপক ডিজিটাল রূপান্তর, ক্লাউড কম্পিউটিংয়ের ব্যবহার বৃদ্ধি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার  কাজের চাপ বাড়ার কারণে আগামী ২০৩৪ সালের মধ্যে দেশটির ডেটা সেন্টার বাজারের আকার প্রায় দ্বিগুণ হয়ে ১৩.১১ বিলিয়ন (১,৩১১ কোটি) ডলারে পৌঁছাবে। মেটা ও রিলায়েন্সের এই যৌথ উদ্যোগ সেই ক্রমবর্ধমান বাজারের সিংহভাগ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার একটি বড় মাস্টারস্ট্রোক।

মেটা-রিলায়েন্সের দীর্ঘদিনের সখ্যতা
প্রযুক্তি ও ব্যবসায়িক পরিমণ্ডলে মেটা এবং রিলায়েন্সের এই মেলবন্ধন এবারই প্রথম নয়। এর আগে ২০২০ সালে রিলায়েন্সের টেলিকম ও ডিজিটাল শাখা ‘জিও প্ল্যাটফর্মস’-এ এক ধাক্কায় ৫.৭ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছিল মেটা।

পরবর্তীতে গত বছরের (২০২৫) আগস্ট মাসে, মেটা এবং রিলায়েন্স ভারতে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর জন্য বিশেষ এআই প্ল্যাটফর্ম এবং টুলস তৈরি করতে একটি যৌথ উদ্যোগ গঠন করে। এই প্রজেক্টে মূলত মেটার ওপেন-সোর্স এআই মডেল ‘লামা’-কে ব্যবহার করা হচ্ছে। এই এআই প্ল্যাটফর্মের জন্য দুই কোম্পানি প্রাথমিকভাবে ৮.৫৫ বিলিয়ন রুপি (প্রায় ৮৯.৬৭ মিলিয়ন ডলার) বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিল, যার ৭০ শতাংশ দিচ্ছে রিলায়েন্স এবং ৩০ শতাংশ দিচ্ছে মেটা।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ওপেনএআই, গুগল এবং মাইক্রোসফটের মতো প্রতিদ্বন্দ্বীরা যখন বিশ্বজুড়ে নিজস্ব এআই অবকাঠামো বা ডেটা সেন্টার বানাতে শত শত বিলিয়ন ডলার খরচ করছে, তখন মেটা ভারতের স্থানীয় জায়ান্ট রিলায়েন্সের অবকাঠামোগত শক্তি (ভূমি, বিদ্যুৎ ও লজিস্টিকস) ব্যবহার করে অত্যন্ত সাশ্রয়ী ও চতুর উপায়ে এশিয়ার বুকে নিজেদের এআই সাম্রাজ্য বিস্তার করছে। জামনগরের এই ১৬৮ মেগাওয়াটের ডেটা সেন্টারটি চালু হলে পুরো দক্ষিণ এশীয় অঞ্চলে মেটার এআই সেবাগুলোর গতি ও কার্যকারিতা বহুগুণ বৃদ্ধি পাবে।

ডিবিটেক/বিএমটি   ।   সূত্র: রয়টার্স