বিপিএমআই-তে নবায়নযোগ্য জ্বালানি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

বিপিএমআই-তে নবায়নযোগ্য জ্বালানি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন
৯ এপ্রিল, ২০২৬ ২১:১৮  

দেশের সবুজ জ্বালানি রূপান্তর ত্বরান্বিত করতে বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের (বিপিএমআই) পূর্বাচল ক্যাম্পাসে একটি অত্যাধুনিক ‘নবায়নযোগ্য জ্বালানি প্রশিক্ষণ কেন্দ্র’ উদ্বোধন করা হয়েছে। জার্মান উন্নয়ন সহযোগিতার ‘স্কিলস ডেভেলপমেন্ট ফর সাসটেইনেবল অ্যানার্জি সলিউশনস (স্কিলস ৪এসই)’ প্রকল্পের আওতায় এই কেন্দ্রটি স্থাপিত হয়েছে।

৯ এপ্রিল, বৃহস্পতিবার কেন্দ্রটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) চেয়ারম্যান মুজাফফর আহমেদ। সংশ্লিষ্টরা জানান, এই প্রশিক্ষণ কেন্দ্রটি সৌর ও বায়ুশক্তি খাতে বিদ্যমান কারিগরি দক্ষতার ঘাটতি পূরণ করে দেশের প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদার করবে। নবায়নযোগ্য জ্বালানি নীতি-২০২৫ অনুযায়ী ২০৪০ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদনে ৩০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের লক্ষ্যমাত্রা অর্জনে এই উদ্যোগ সহায়ক হবে।

নতুন এই কেন্দ্রে নবায়নযোগ্য জ্বালানি সিমুলেশন ও ফটোভোল্টাইক প্রযুক্তির জন্য বিশেষায়িত গবেষণাগার এবং বায়ু শক্তির সম্পদ মূল্যায়নের জন্য একটি আধুনিক আবহাওয়া কেন্দ্র স্থাপন করা হয়েছে। ইতোমধ্যে ‘ট্রেনিং অব ট্রেইনার্স (টিওটি)’ কর্মসূচির মাধ্যমে ৫২ জন প্রশিক্ষককে বিশেষায়িত প্রশিক্ষণ প্রদান করা হয়েছে, যা দীর্ঘমেয়াদি সক্ষমতা নিশ্চিত করবে।

অনুষ্ঠানের সভাপতি ও বিপিএমআই-এর রেক্টর মো. সবুর হোসেন বলেন, উন্নত প্রযুক্তি ও ব্যবহারিক প্রশিক্ষণের এই সমন্বয় জাতীয় জ্বালানি নিরাপত্তা ও পরিবেশগত লক্ষ্য অর্জনে অপরিহার্য ভূমিকা রাখবে। বিশেষ অতিথির বক্তব্যে জার্মান দূতাবাসের ডেভেলপমেন্ট কো-অপারেশনের প্রধান উলরিখ ক্লেপম্যান বলেন, টেকসই জ্বালানি রূপান্তর কেবল প্রযুক্তিনির্ভর নয়, এটি মানুষের দক্ষতার ওপর নির্ভরশীল। নারী ও তরুণ পেশাজীবীদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে এই অগ্রযাত্রাকে অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিশীল করা সম্ভব।

এই প্রকল্পটি একটি পরিচ্ছন্ন ও সবুজ অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় দক্ষ মানবসম্পদ সরবরাহে বড় অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত প্রতিনিধিরা।

ডিবিটেক/এসবি/ইকে