সিডনিতে ৪০০-এর বেশি আইইউটি প্রাক্তন শিক্ষার্থীর পুনর্মিলনী

  • অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্য থেকে ৪০০-এর বেশি প্রাক্তন শিক্ষার্থী ও পরিবারের সদস্য অংশ নেন।
  • আইইউটির ঐতিহ্যবাহী ‘গরু পার্টি’কে কেন্দ্র করে আয়োজন করা হয় পুনর্মিলনী।
  • নাটক, নাচ ও ব্যান্ড সংগীতে মুখর ছিল দিনব্যাপী অনুষ্ঠান।

সিডনিতে ৪০০-এর বেশি আইইউটি প্রাক্তন শিক্ষার্থীর পুনর্মিলনী
১২ অক্টোবর, ২০২৬ ১২:০৯  

প্রবাসে প্রযুক্তি ও প্রকৌশল শিক্ষায় গড়ে ওঠা বন্ধনকে সামাজিক ও সাংস্কৃতিক যোগাযোগের মাধ্যমে আরও দৃঢ় করার লক্ষ্য নিয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে আয়োজন করা হয়েছে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ‘বিশাল গরু পার্টি’। আইইউটির অস্ট্রেলিয়াভিত্তিক প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন আইইউটিয়ান সিডনিসাইডার্স আয়োজিত এ অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্য থেকে ৪০০-এর বেশি প্রাক্তন শিক্ষার্থী ও তাঁদের পরিবারের সদস্য অংশ নেন।

সিডনির রোজেল কমিউনিটি সেন্টারে গত ৩ অক্টোবর, শনিবার দিনব্যাপী এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, আইইউটির পরিচিত ‘গরু পার্টি’ ঐতিহ্যকে কেন্দ্র করে আয়োজনটি সাজানো হয়। আইইউটির ক্যাম্পাস সংস্কৃতিতে সাধারণত কোনো স্নাতক ব্যাচের শিক্ষার্থীরা সহপাঠী ও বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের জন্য যে ভোজের আয়োজন করেন, সেটিই ‘গরু পার্টি’ নামে পরিচিত। ভোজের পর সাধারণত সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। সময়ের সঙ্গে এ আয়োজন আইইউটির সামাজিক ও সাংস্কৃতিক জীবনের পরিচিত অংশ হয়ে উঠেছে, যা শিক্ষাজীবন শেষ হওয়ার পরও শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও বন্ধন অটুট রাখতে ভূমিকা রাখে।

আইইউটিয়ান সিডনিসাইডার্স জানায়, ‘গরু পার্টি’ থিমে অস্ট্রেলিয়ায় প্রথম প্রাক্তন শিক্ষার্থীদের অনুষ্ঠান আয়োজন করা হয় ২০১৯ সালে সিডনিতে। পরবর্তী বছরগুলোতে ব্রিসবেন, অ্যাডিলেড ও মেলবোর্নেও আইইউটির প্রাক্তন শিক্ষার্থীরা এ ঐতিহ্য থেকে অনুপ্রাণিত হয়ে একই ধরনের আয়োজন করেন। এবারের ‘বিশাল গরু পার্টি’র লক্ষ্য ছিল অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে বসবাসরত আইইউটির আরও বড় একটি প্রাক্তন শিক্ষার্থী গোষ্ঠীকে একত্র করা।

দিনব্যাপী আয়োজনে পরিচিতি ও পারস্পরিক মতবিনিময়, ব্যাচভিত্তিক পুনর্মিলনী এবং সামাজিক যোগাযোগের সুযোগ রাখা হয়। প্রাক্তন শিক্ষার্থীরা পুরোনো সহপাঠী ও পরিচিতজনদের সঙ্গে আবারও মিলিত হন, ভাগাভাগি করেন স্মৃতি এবং নতুন করে দৃঢ় করেন বন্ধুত্ব। প্রাণবন্ত ও আন্তরিক পরিবেশে বিভিন্ন ব্যাচের সদস্যদের মধ্যে যোগাযোগের পাশাপাশি পরিবারের সদস্যদের অংশগ্রহণও অনুষ্ঠানটিকে আরও অন্তর্ভুক্তিমূলক করে তোলে।

অনুষ্ঠানের শুরুতে অস্ট্রেলিয়ার আদিবাসী জনগোষ্ঠীর প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপর অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। সাংস্কৃতিক পর্বে আইইউটির প্রাক্তন শিক্ষার্থী ও তাঁদের পরিবারের সদস্যরা নাটক, নৃত্য পরিবেশনা এবং ব্যান্ড সংগীত উপস্থাপন করেন। বিভিন্ন বয়সী অংশগ্রহণকারীরা এসব পরিবেশনায় অংশ নেন, যা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

আয়োজকদের মতে, পুনর্মিলনীর অন্যতম উদ্দেশ্য ছিল প্রাক্তন শিক্ষার্থী ও তাঁদের পরিবারের জন্য একটি পরিবারবান্ধব এবং অংশগ্রহণমূলক পরিবেশ তৈরি করা। একই সঙ্গে পারস্পরিক সম্পর্ক, সামাজিক বন্ধন ও কমিউনিটির সংহতি জোরদার করাও ছিল আয়োজনের লক্ষ্য।

অনুষ্ঠানের শেষদিকে ব্রিসবেন, অ্যাডিলেড ও মেলবোর্ন থেকে অংশ নিতে আসা প্রাক্তন শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানান আয়োজকেরা। আইইউটিয়ান সিডনিসাইডার্সের প্রতিনিধিরা জানান, অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে বসবাসরত আইইউটি স্নাতকদের মধ্যে যোগাযোগ, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক সম্পর্ক জোরদার করতে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাক্তন শিক্ষার্থীদের বৃহত্তর কমিউনিটিকে সংযুক্ত রাখতে ভবিষ্যতেও একই ধরনের আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে তাঁদের।

//ডিবিটেক/সিইপি/এসএমই/এমআইএসটি//