পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে চূড়ান্ত আদেশ আজ
ঢাকা: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত রাখার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আজ সোমবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় আদেশ দেবেন আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ শুনানি শেষে […] The post পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে চূড়ান্ত আদেশ আজ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত রাখার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনের শুনানি শেষ হয়েছে।
এ বিষয়ে আজ সোমবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় আদেশ দেবেন আপিল বিভাগ।
প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ শুনানি শেষে আদেশের জন্য এ সময় নির্ধারণ করেন।
এর আগে, হাইকোর্টের দেওয়া ভর্তি পরীক্ষা স্থগিতের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ।
গত ১৮ নভেম্বর বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ নির্দেশ দেন, এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত রাখতে হবে।
একই সঙ্গে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশের বৈধতা নিয়ে রুল জারি করেন আদালত। এইচএসসি পরীক্ষার সম্পূরক ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশিকা অনুযায়ী ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয় রুলে।
রিটকারী আইনজীবী ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা জানান, এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থী খাতা পুনর্মূল্যায়নের আবেদন করেছেন। তাদের ফল আগামী ২৩ ডিসেম্বর প্রকাশের কথা রয়েছে। অথচ এর আগেই ৫ ডিসেম্বর থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
তিনি বলেন, পুনর্মূল্যায়নের ফল প্রকাশের আগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলে ওই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন। বিষয়টি বিবেচনায় নিয়ে হাইকোর্ট ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের আদেশ দিয়েছেন।
এদিকে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে সম্প্রতি দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক করে ইউজিসি। বৈঠকে আগামী বছরের ১ ফেব্রুয়ারির পর ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্তের কথা জানানো হয়। পাশাপাশি ১ জানুয়ারির পর ভর্তি কার্যক্রমের আবেদন শুরু করার বিষয়েও আলোচনা হয়।
তবে ইউজিসির ওই বৈঠকের পরও ঢাকা বিশ্ববিদ্যালয় আগের ঘোষিত সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা আয়োজনের কথা জানায়। বিশ্ববিদ্যালয়টির ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর আইবিএ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হওয়ার কথা রয়েছে।
এখন হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের করা আবেদনে আপিল বিভাগের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার পরবর্তী কার্যক্রম।
The post পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে চূড়ান্ত আদেশ আজ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





