সাহসী হলে দেশ ছেড়ে পালালেন কেন?— হাসিনাকে রিজভী

ঢাকা: ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে উদ্দেশ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী প্রশ্ন তুলেছেন, তিনি যদি এতই সাহসী হন, তবে দেশে না থেকে পালিয়ে গেলেন কেন? পাশাপাশি পাশের দেশে পালিয়ে থেকে অডিও বার্তা পাঠিয়ে দেশে নাশকতা ও সহিংসতা চালাতে অর্থের জোগান দেওয়া হচ্ছে বলেও অভিযোগ […] The post সাহসী হলে দেশ ছেড়ে পালালেন কেন?— হাসিনাকে রিজভী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

সাহসী হলে দেশ ছেড়ে পালালেন কেন?— হাসিনাকে রিজভী
২২ নভেম্বর, ২০২৬ ২১:০০  

ঢাকা: ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে উদ্দেশ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী প্রশ্ন তুলেছেন, তিনি যদি এতই সাহসী হন, তবে দেশে না থেকে পালিয়ে গেলেন কেন? পাশাপাশি পাশের দেশে পালিয়ে থেকে অডিও বার্তা পাঠিয়ে দেশে নাশকতা ও সহিংসতা চালাতে অর্থের জোগান দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

রোববার (২২ নভেম্বর) বিকেলে রাজধানীর মতিঝিলের ব্রাদার্স ক্লাবের সামনে সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক প্রতিবাদ মিছিলে অংশ নিয়ে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

বক্তব্যে রিজভী বলেন, আন্দোলনের মুখে তাড়া খেয়ে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন এবং এখন পাশের দেশ থেকে তার কিছু লোক মাঝেমধ্যে অডিও বার্তা পাঠায়। শেখ হাসিনার উদ্দেশে তিনি প্রশ্ন রাখেন, আপনি যদি এতই সাহসী হন, তাহলে দেশে থাকলেন না কেন, পালালেন কেন এবং পার্শ্ববর্তী দেশে গেলেন কেন?

দেশে সাম্প্রতিক সহিংসতা ও ককটেল বিস্ফোরণের পেছনে অর্থের জোগান দেওয়ার অভিযোগ তুলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ককটেল কেনার জন্য টাকা পাঠানো হচ্ছে এবং বিকাশের মাধ্যমে একটি ককটেল মারার জন্য ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত কিশোর গ্যাং, মাদকসেবী ও ছিন্নমূল তরুণদের দেওয়া হচ্ছে বলে শোনা যাচ্ছে। বিগত শাসনামলে বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক, বেসিক ব্যাংকসহ পদ্মা সেতু ও মেট্রোরেলের মতো মেগা প্রকল্প থেকে বিপুল অর্থ লুটপাটের কারণে তাদের কাছে টাকার কোনো অভাব নেই বলে তিনি দাবি করেন।

গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ টেনে রুহুল কবির রিজভী বলেন, টুঙ্গিপাড়ায় জিলানীর বিজয় শেখ হাসিনা মেনে নিতে পারেননি বলেই তার বাড়ি ও আত্মীয়স্বজনের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। তিনি অভিযোগ করেন, বিগত ১৭ বছরে গুম, খুন, ক্রসফায়ার ও গুপ্তহত্যার পর এখনো তার প্রতিশোধ ও রক্তের নেশা কাটেনি। রিজভী আরও উল্লেখ করেন, গত তিন-চার দিনে ফরিদপুরের ভাঙ্গায় রাজু মোল্লা এবং নড়াইলের কালিয়ায় সোহেল রানা ও শাহিনুর রহমানকে হত্যা করা হয়েছে। এছাড়া ৮০টি গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ বিএনপির বিভিন্ন নেতার বাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে বলে তিনি জানান।

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের একটি পুরনো বক্তব্যের প্রসঙ্গ উল্লেখ করে রিজভী বলেন, এদের মধ্যে কোনো মানবতা বা ভালোবাসা নেই, তারা রাজনীতি মানেই প্রতিপক্ষকে ধ্বংস করা মনে করে। এ সময় তিনি সংসদে আইন প্রণয়নের মাধ্যমে আওয়ামী লীগকে ‘জাতীয় শয়তান’ হিসেবে ঘোষণা করার দাবি জানান।

বর্তমান সরকারের সংযত অবস্থানের কথা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, এত গাড়ি পোড়ানো, নেতাকর্মীদের হত্যা এবং ব্যাংক ও বাড়িঘরে আগুন দেওয়ার পরও প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার কোনো প্রতিহিংসামূলক আচরণ করেনি। গোপালগঞ্জ বাংলাদেশেরই অংশ উল্লেখ করে তিনি বলেন, সরকারপ্রধান চাইলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে কঠোরভাবে দমন করতে পারতেন, কিন্তু তা না করে অপরাধীদের আইনের আওতায় এনে আইনসম্মত বিচারের নির্দেশ দিয়েছেন।

বক্তব্যের শেষ পর্যায়ে রিজভী অভিযোগ করেন, বিগত ১৭ বছরে ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতারাও অবৈধ অর্থ উপার্জন করে বিমানে যাতায়াত করতেন এবং সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে পরিবারের সদস্যদের নামে ৬০ কাঠা জমি বরাদ্দ নিয়েছেন। তিনি নেতাকর্মীদের রাস্তায় সতর্ক পাহারায় থাকার আহ্বান জানিয়ে বলেন, জনগণের সাথে শত্রুতা করায় এই দেশে তাদের নতুন করে রাজনীতি করার আর কোনো সুযোগ নেই।

The post সাহসী হলে দেশ ছেড়ে পালালেন কেন?— হাসিনাকে রিজভী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.