সংলাপে বসতে প্রস্তুত, তবে সুস্পষ্ট অঙ্গীকার থাকতে হবে: নাহিদ ইসলাম

ঢাকা: দেশে চলমান সংকটকালে সরকারপ্রধান সংলাপের আহ্বান জানালে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে তাতে অবশ্যই সাড়া দেওয়া হবে- বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, তবে সংলাপ ও জাতীয় ঐক্যের ক্ষেত্রে সুস্পষ্ট ভিত্তি ও অঙ্গীকার থাকতে হবে।  আর আমরা জানতে চাই- প্রধানমন্ত্রী কী চাচ্ছেন, কীভাবে দেশকে এগিয়ে […] The post সংলাপে বসতে প্রস্তুত, তবে সুস্পষ্ট অঙ্গীকার থাকতে হবে: নাহিদ ইসলাম first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

সংলাপে বসতে প্রস্তুত, তবে সুস্পষ্ট অঙ্গীকার থাকতে হবে: নাহিদ ইসলাম
২২ নভেম্বর, ২০২৬ ২১:০০  

ঢাকা: দেশে চলমান সংকটকালে সরকারপ্রধান সংলাপের আহ্বান জানালে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে তাতে অবশ্যই সাড়া দেওয়া হবে- বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

তিনি বলেন, তবে সংলাপ ও জাতীয় ঐক্যের ক্ষেত্রে সুস্পষ্ট ভিত্তি ও অঙ্গীকার থাকতে হবে।  আর আমরা জানতে চাই- প্রধানমন্ত্রী কী চাচ্ছেন, কীভাবে দেশকে এগিয়ে নিতে চাচ্ছেন এবং কীভাবে এই পরিস্থিতি মোকাবিলা করতে চাচ্ছেন।

রোববার (২২ নভেম্বর) যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, বর্তমান সময়ে দেশে একটা সংকটকাল চলছে। এমন পরিস্থিতিতে দেশের সরকারপ্রধান যখন সংলাপের আহ্বান জানান, তখন একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে অবশ্যই সেই ডাকে সাড়া দেওয়া উচিত। তিনি জানান, সংলাপে গিয়ে তাদের অবস্থান থেকে বিভিন্ন পরামর্শ ও সাজেশন তুলে ধরবেন, তবে তার আগে প্রধানমন্ত্রীর অবস্থান ও পরিকল্পনা সম্পর্কে স্পষ্ট ধারণা নিতে চান তারা।

জাতীয় ঐক্যের রূপরেখা তুলে ধরে এনসিপির আহ্বায়ক বলেন, জাতীয় ঐক্যের অবশ্যই একটি সুস্পষ্ট ভিত্তি এবং দৃঢ় অঙ্গীকার থাকতে হবে। বিগত সময়ে সরকার যে অঙ্গীকারগুলো ভঙ্গ করেছে, সেগুলোর জন্য ক্ষমা চাইতে হবে বলেও মন্তব্য করেন তিনি। নাহিদ ইসলামের ভাষায়, এমন কিছু পদক্ষেপ নেওয়ার মাধ্যমে জাতীয় ঐক্য প্রক্রিয়া শুরু করতে হবে, যাতে রাজনৈতিক দলগুলো ও জনগণ আশ্বস্ত হতে পারে।

মৌলিক দাবি ও শর্তগুলোর কথা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার সঠিক ও দ্রুত বিচার নিশ্চিত করা এবং সামনে আসন্ন গঙ্গা চুক্তির নবায়নের মতো মৌলিক বিষয়গুলোতে বর্তমান সরকার যদি অঙ্গীকারাবদ্ধ হয়, তবেই প্রকৃত জাতীয় ঐক্য গড়ে তোলা সম্ভব।

সংবিধান সংশোধন প্রক্রিয়া নিয়ে কঠোর অবস্থান জানিয়ে তিনি বলেন, প্রথমেই যে একদলীয় সংবিধান সংশোধন কমিটি রয়েছে, তা অবিলম্বে ভেঙে দিতে হবে। ওই কমিটি ভেঙে দিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করা উচিত বলে মনে করেন তিনি। নাহিদ ইসলামের মতে, এই পদক্ষেপের মাধ্যমেই জনগণ এবং রাজনৈতিক দলগুলোর কাছে স্পষ্ট বার্তা যাবে যে সরকার সত্যিকার অর্থেই জাতীয় ঐকমত্য চায়।

সংলাপ ও ঐক্যের নামে কোনো কৌশলগত প্রক্রিয়ায় যুক্ত না হওয়ার হুঁশিয়ারি দিয়ে এনসিপির আহ্বায়ক আরও বলেন, শুধু আওয়ামী লীগকে ঠেকানোর জন্য ডিসেম্বরে ঐকমত্য চাওয়া হবে, আর জানুয়ারিতে গিয়ে একদলীয় কমিটির রায় অনুযায়ী সংবিধান সংশোধন করে ফেলা হবে, এ ধরনের কোনো জাতীয় ঐক্য প্রক্রিয়ায় এনসিপি অংশ নেবে না।

The post সংলাপে বসতে প্রস্তুত, তবে সুস্পষ্ট অঙ্গীকার থাকতে হবে: নাহিদ ইসলাম first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.