সুপারকম্পিউটার ও বড় বড় এআই মডেলের পূর্বাভাস মিলল ফাইনালের মঞ্চে

এআই-এর ভবিষ্যদ্বাণী সত্যি করে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

  • মাইক্রোসফট কপিলট ও অপ্টা (Opta) সুপারকম্পিউটারের মতো জনপ্রিয় এআই মডেলগুলোর ভবিষ্যদ্বাণী অনুযায়ী আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপ জিতল স্পেন
  • ​অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে ফেরান তোরেসের দুর্দান্ত গোলে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা ঘরে তুলল স্প্যানিশরা
  • ​এবারের বিশ্বকাপে এআই মডেলগুলোর ম্যাচ প্রেডিকশনের গড় নির্ভুলতার হার (Accuracy) ছিল প্রায় ৫৭%.

এআই-এর ভবিষ্যদ্বাণী সত্যি করে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
২০ জুলাই, ২০২৬ ০৪:১০  

মাইক্রোসফট কপিলট ও অপ্টা (Opta) সুপারকম্পিউটারের মতো জনপ্রিয় এআই মডেলগুলোর ভবিষ্যদ্বাণী সত্যি করে আর্জেন্টিনাকে কাঁদিয়ে এবারের বিশ্বকাপ জিতল স্পেন।

১৯ জুলাই (রবিবার) প্রকাশিত বিভিন্ন বৈশ্বিক এআই মডেল এবং সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীগুলোর কার্যকারিতা বিশ্লেষণ করলে দেখা যায়, নকআউট পর্বের আগে এআই-এর সাফল্যের হার বেশ নড়বড়ে থাকলেও ফাইনালের মঞ্চে এসে তাদের পূর্বাভাস অনেকটাই নিখুঁত প্রমাণিত হয়েছে। ফাইনাল ম্যাচের আগে এআই বিশ্লেষণ অনুযায়ী, পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত ছন্দে থাকা স্পেনের শিরোপা জয়ের সম্ভাবনা ছিল প্রায় ৫৬%।

অন্যদিকে লিওনেল মেসির দল টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নেমেছিল প্রায় ৪৪% সম্ভাবনা নিয়ে। অপ্টা সুপারকম্পিউটার ২৫,০০০ বার টুর্নামেন্ট সিমুলেশন করে ফাইনালের আগে স্পেনকে ৫৯.৪৬% এবং আর্জেন্টিনাকে ৪০.৫৪% জয়ের সম্ভাবনা দিয়েছিল।

​মাঠের লড়াইয়ে বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল খেলে স্পেন। লামিন ইয়ামাল, রদ্রি, দানি ওলমোদের দুর্দান্ত পারফর্ম্যান্সে দারুণসব আক্রমণ শাণীয়েও প্রথমার্ধে গোলের দেখা পায়নি স্প্যানিশরা।

ওদিকে প্রতিপক্ষের আক্রমণ সামলাতেই হিমশিম খাওয়া আর্জেন্টাইনরাও নিজেদের মেলে ধরতে পারছিলেন না। দ্বিতীয়ার্ধেও লুই দে লা ফুয়েন্তের শিষ্যরা বারবার গোলের কাছে গিয়ে খেই হারাচ্ছিলেন। উল্টো যোগ করা সময়ে আর্জেন্টিনার এঞ্জো ফার্নান্দেজ লাল কার্ড দেখলে আলবিসেলেস্তেরা পরিণত হয় দশ জনের দলে। নির্ধারিত নব্বই মিনিট শেষে গোলখরা থাকায় ম্যাচটি গড়ায় অতিরিক্ত সময়ে। অবশেষে অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে দুর্দান্ত আক্রমণ থেকে নিকো উইলিয়ামসের পাসে বল পেয়ে দারুণ এক ভলিতে গোল করেন বদলি নামা ফেরান তোরেস। তার এই গোলেই দশজনের আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মত বিশ্বকাপ শিরোপা জেতে স্পেন।

যদিও কপিলটের নির্দিষ্ট পূর্বাভাস ছিল স্পেন ২-১ ব্যবধানে জিতবে এবং গোল করবেন ইয়ামাল ও ওইয়ারসাবাল।
​ফুটবল সিমুলেশন গেমের জন্য বিখ্যাত ইএ স্পোর্টস এফসি (EA Sports FC) তাদের গেমের ডেটা অ্যানালিটিক্স ব্যবহার করে টুর্নামেন্ট শুরুর আগেই স্পেনকে চ্যাম্পিয়ন ঘোষণা করেছিল।

 প্রসঙ্গত, ২০১০, ২০১৪, ২০১৮ এবং ২০২২ সালের টানা চারটি বিশ্বকাপের সঠিক চ্যাম্পিয়নের নাম টুর্নামেন্ট শুরুর আগেই একদম নিখুঁতভাবে মিলিয়ে দিয়েছিল তারা। ডার্ক হর্সদের অবমূল্যায়ন করার ক্ষেত্রে Opta Supercomputer এবং কোনো এআই মডেলই কেপ ভার্দে (Cabo Verde) এর মতো ছোট দলগুলোকে হিসেবে রাখেনি, যাদের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ছিল ০%; কিন্তু সবাইকে অবাক করে তারা গ্রুপ পর্ব পার হয়ে রাউন্ড অব ৩২-এ আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল। যেখানে এআই সফল হয়েছে তার মধ্যে রয়েছে ফাইনালিস্টের নির্ভুলতা। Opta Supercomputer টুর্নামেন্ট শুরুর আগেই যে ৪টি দলকে সেমিফাইনালিস্ট (স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনা, ইংল্যান্ড) হিসেবে সবচেয়ে এগিয়ে রেখেছিল, মাঠের লড়াইয়ে ঠিক সেই ৪টি দলই সেমিফাইনালে উঠেছিল।

​সার্বিকভাবে এবারের বিশ্বকাপে ডেটাভিত্তিক ম্যাচ ট্র্যাকার অ্যাপ ScoreGPT এবং ফুটবল বিশেষজ্ঞদের মতে, এআই মডেলগুলোর ম্যাচ প্রেডিকশনের গড় নির্ভুলতার হার ছিল প্রায় ৫৭% (১০৩টি ম্যাচের মধ্যে ৫৯টি সঠিক)। যেখানে এআই ব্যর্থ হয়েছে তার মধ্যে অন্যতম ফ্রান্সকে নিয়ে অতি-নির্ভরতা। সেমিফাইনালের আগে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা (AJLabs) বিশ্বের শীর্ষ ৯টি বড় ল্যাঙ্গুয়েজ মডেলের (LLM) ওপর একটি পরীক্ষা চালায়। সেখানে চ্যাম্পিয়ন নির্ধারণে স্পষ্ট দুটি দল ভাগ হয়ে গিয়েছিল। ফ্রান্সের পক্ষে Google Gemini, Grok, DeepSeek, Le Chat এবং Qwen—এই পাঁচটি এআই মডেলই ফ্রান্সকে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে বেছে নিয়েছিল। অন্যদিকে আর্জেন্টিনার পক্ষে ChatGPT, Claude, Microsoft Copilot এবং Meta AI আর্জেন্টিনাকেই আবারও ট্রফি ধরে রাখার জন্য ফেভারিট বলেছিল। কিন্তু মাঠের লড়াইয়ে প্রথম সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে ফ্রান্স বিদায় নিলে এআই-এর এই মূল ভবিষ্যদ্বাণীটি সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়। অপ্টার বিশ্লেষণ বলছে, ফুটবল মাঠে মানুষের আবেগ, ইনজুরি এবং তাত্ক্ষণিক কৌশলের কাছে এআই-এর ডেটা বিশ্লেষণ অনেক সময় মার খেলেও, এবারের বিশ্বকাপে বড় ম্যাচগুলোর ক্ষেত্রে এআই অতীতের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি পরিপক্বতা ও নির্ভুলতা দেখিয়েছে।
​//ডিবিটেক/আইএইচ/এসএমআই/