নওগাঁয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: স্বামীর মৃত্যুর পর মারা গেলেন স্ত্রীও

নওগাঁ: সাপাহার উপজেলায় এলপিজি গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে লাগা আগুনে দগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। প্রথমে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্বামীর মৃত্যু হয়। এর দুই দিন পর বাড়িতে মারা যান স্ত্রী। রোববার (২২ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার শিরন্টি ইউনিয়নের গোপালপুর সোনাডাঙা গ্রামে স্ত্রী আফরোজা বেগমের (৬৩) মৃত্যু হয়। এর আগে, গত ২০ নভেম্বর শুক্রবার বিকাল ৪টার […] The post নওগাঁয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: স্বামীর মৃত্যুর পর মারা গেলেন স্ত্রীও first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

নওগাঁয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: স্বামীর মৃত্যুর পর মারা গেলেন স্ত্রীও
২২ নভেম্বর, ২০২৬ ১৮:০০  

নওগাঁ: সাপাহার উপজেলায় এলপিজি গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে লাগা আগুনে দগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। প্রথমে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্বামীর মৃত্যু হয়। এর দুই দিন পর বাড়িতে মারা যান স্ত্রী।

রোববার (২২ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার শিরন্টি ইউনিয়নের গোপালপুর সোনাডাঙা গ্রামে স্ত্রী আফরোজা বেগমের (৬৩) মৃত্যু হয়।

এর আগে, গত ২০ নভেম্বর শুক্রবার বিকাল ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার স্বামী সোলায়মান আলী।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ নভেম্বর রাত ৯টার দিকে মশার কয়েল ধরানোর জন্য রান্নাঘরে যান আফরোজা বেগম। এ সময় তিনি গ্যাস লাইট জ্বালালে রান্নাঘরে থাকা এলপিজি সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। এতে তিনি দগ্ধ হন। আফরোজার চিৎকার শুনে পাশের ঘর থেকে ছুটে আসেন স্বামী সোলায়মান আলী। স্ত্রীকে বাঁচাতে গিয়ে তিনিও আগুনে দগ্ধ হন। পরে গুরুতর অবস্থায় দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সোলায়মান আলীর মৃত্যুর পর তার মরদেহ ও চিকিৎসাধীন স্ত্রীকে গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। সোলায়মানকে দাফন করার পর বাড়িতে থাকা অবস্থায় রোববার ভোরে মারা যান আফরোজা বেগম।

এ বিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা বলেন, লোকমুখে তিনি ঘটনাটি জানতে পেরেছেন। তবে এ ঘটনায় থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।

The post নওগাঁয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: স্বামীর মৃত্যুর পর মারা গেলেন স্ত্রীও first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.