৩ সেপ্টেম্বর শুরু ট্রাভেল মার্ট ২০২৬

• তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাংলাদেশ ট্রাভেল মার্ট ২০২৬ শুরু হচ্ছে
• অনলাইন পিএসএ প্রযুক্তির মাধ্যমে পূর্ব-নির্ধারিত বিটুবি বৈঠকের বিশেষ ব্যবস্থা
• ১০০ প্রদর্শক ও ১৫ হাজার দর্শনার্থীর অংশগ্রহণের আশা

৩ সেপ্টেম্বর শুরু ট্রাভেল মার্ট ২০২৬
৩১ আগষ্ট, ২০২৬ ১১:১১  

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আগামী ৩ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক পর্যটন প্রদর্শনী ‘বাংলাদেশ ট্রাভেল মার্ট (BTM) ২০২৬’। বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন (বোটোয়া) আয়োজিত তিন দিনব্যাপী এই ট্রাভেল ট্রেড ইভেন্টের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সোমবার (৩১ আগস্ট, ২০২৬) এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত অনুষ্ঠানের উদ্বোধন করবেন।

পর্যটন বাণিজ্যে আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটাতে এবারের আয়োজনে যুক্ত করা হয়েছে অনলাইন Pre-Scheduled Appointment (PSA) System। এই ডিজিটাল প্ল্যাটফর্মের সাহায্যে দেশি-বিদেশি Buyer এবং Seller-রা আগেই তাদের পছন্দমতো B2B মিটিংয়ের সময় নির্ধারণ করতে পারবেন। ইভেন্টে প্রায় ১০০ জন প্রদর্শক, ৬০ জন ট্রেড বায়ার এবং ১৫ হাজার দর্শনার্থীর আগমন প্রত্যাশা করা হচ্ছে। B2B অংশ ছাড়াও B2C সেকশনে সাধারণ দর্শনার্থীরা সরাসরি এয়ার টিকিট, ট্যুর প্যাকেজ ও হোটেল বুকিংয়ের সুবিধা পাবেন।

সংবাদ সম্মেলনে বোটোয়ার সভাপতি সৈয়দ গোলাম মোহাম্মদ জানান, এই আন্তর্জাতিক ট্রেড প্ল্যাটফর্ম বিশ্ব পর্যটন বাজারের সাথে স্থানীয় এভিয়েশন ও হসপিটালিটি খাতের সরাসরি সংযোগ তৈরি করবে। সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম শরিফ ও চিফ কো-অর্ডিনেটর মহসীন ইকবাল উল্লেখ করেন, অনলাইন পিএসএ ব্যবস্থা চালুর ফলে অহেতুক সময় অপচয় রোধ হবে এবং অংশগ্রহণকারীরা সরাসরি ব্যবসায়িক চুক্তি সম্পন্ন করতে পারবেন। ৩ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত এই আন্তর্জাতিক ট্রাভেল মার্ট সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
 //ডিবিটেক/এসএসএস/এমআইএস//