শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতায় রেখে খেলা দেখতে রাজশাহীতে গোবিপ্রবি উপাচার্য
গোবিপ্রবি: গোপালগঞ্জে ধারাবাহিক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে ক্যাম্পাসে অবস্থান না করে রাজশাহীতে ফুটবল খেলা দেখতে গেছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় […] The post শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতায় রেখে খেলা দেখতে রাজশাহীতে গোবিপ্রবি উপাচার্য first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

গোবিপ্রবি: গোপালগঞ্জে ধারাবাহিক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে ক্যাম্পাসে অবস্থান না করে রাজশাহীতে ফুটবল খেলা দেখতে গেছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬–২৭-এর খেলা দেখতে যান। এর আগে ১৫ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বিক্ষোভ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
একই দিন বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের ব্যানার পরিবর্তন করে মুক্তিযুদ্ধ চত্বরের ব্যানার লাগানো এবং পরে সেটি খুলে ফেলার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। পরবর্তী সময়ে স্থানীয় কয়েকজন ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। এসব ঘটনায় শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রশাসনের কাছে কার্যকর পদক্ষেপ দাবি করেন।
এর মধ্যে ১৭ নভেম্বর রাতে টুঙ্গিপাড়ায় গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই রাতে টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। পরিস্থিতি বিবেচনায় জরুরি রিজেন্ট বোর্ড সভায় দুই দিনের জন্য বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ে হামলার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। এর ধারাবাহিকতায় বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন। এ সময় বিশ্ববিদ্যালয়ের নামফলক ভাঙচুর করে আগের নামসংবলিত একটি ব্যানার টাঙিয়ে দেওয়া হয়। শিক্ষার্থীদের মারধরের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের অভিযোগ, ঘটনাটি পূর্বপরিকল্পিত ছিল এবং প্রশাসনকে আগেই অবহিত করা হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এমন পরিস্থিতিতে উপাচার্যের ক্যাম্পাসে অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা।
এ বিষয়ে শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফারুক খন্দকার বলেন, ‘গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে কয়েক দিন ধরে প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন তারা। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা জোরদারের দাবিও জানানো হয়েছে। কিন্তু সংকটপূর্ণ সময়ে উপাচার্য ক্যাম্পাসে অবস্থান না করে বাইরে চলে গেছেন। শিক্ষার্থীদের প্রত্যাশা ছিল, তিনি তাদের নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে অবস্থান করবেন।’
তিনি আরও বলেন, ‘প্রধান ফটকে ব্যানার পরিবর্তনের ঘটনায় শিক্ষার্থী ও ছাত্র-জনতার মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। সংকটের সময় উপাচার্য ক্যাম্পাসে উপস্থিত না থাকলে তাকে আর ক্যাম্পাসে দেখতে চান না বলে অনেকে জানিয়েছেন।’
পরবর্তী কর্মসূচি সম্পর্কে ফারুক খন্দকার বলেন, ‘এখন পর্যন্ত ছাত্রদলের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো কর্মসূচি নেওয়া হয়নি। তবে শিক্ষার্থীদের নিয়ে সতর্ক অবস্থানে থাকবেন তারা। কেউ যেন উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে বিষয়েও নজর রাখা হবে।’
অন্যদিকে, গত দুই দিন ধরে ক্যাম্পাসের বাইরে অবস্থানের বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান জানান, ১৯ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের ২৯৮তম সভায় অংশ নিতে তিনি ক্যাম্পাসের বাইরে রয়েছেন।
তবে নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, গত ১৭ নভেম্বর রাতেই বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সদস্য সচিব মো. মোতাহের হোসেন স্বাক্ষরিত নোটিশে সভাটি বাতিল করা হয়েছে। সভা বাতিলের পরও কেন তিনি ক্যাম্পাসের বাইরে রয়েছেন, জানতে চাইলে উপাচার্য তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে মন্তব্য করেন।
এদিকে, উপাচার্যের ভূমিকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, একের পর এক নিরাপত্তাঝুঁকি তৈরি হলেও প্রশাসন কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে। প্রধান ফটকে ব্যানার টাঙানোর ঘটনার পর শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগ দাবি করেন। একই সঙ্গে তিনি পুনরায় ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে তাকে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও ঘোষণা দেন।
The post শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতায় রেখে খেলা দেখতে রাজশাহীতে গোবিপ্রবি উপাচার্য first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





