গোপালগঞ্জে সহিংসতাঃ পুরোনো আওয়ামী কৌশল ও নতুন বাংলাদেশ

আওয়ামীলীগের পলাতক ও নির্বাসিত নেতৃত্বের সাম্প্রতিক কর্মকাণ্ডে মনে হচ্ছে, তারা আবারও পুরোনো সংঘাতমুখী রাজনীতির পথেই হাঁটছে। সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ ও পরিকল্পিত অস্থিরতা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার একটি কৌশল অনুসরণের অভিযোগ ক্রমেই জোরালো হচ্ছে। জুলাইয়ের গণঅভ্যুত্থানে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের অবসানের দুই বছর হতে চললেও দলটির নেতৃত্ব বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতা মেনে নিতে পারেনি বলেই […] The post গোপালগঞ্জে সহিংসতাঃ পুরোনো আওয়ামী কৌশল ও নতুন বাংলাদেশ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

গোপালগঞ্জে সহিংসতাঃ পুরোনো আওয়ামী কৌশল ও নতুন বাংলাদেশ
১৯ নভেম্বর, ২০২৬ ১৫:০০  

আওয়ামীলীগের পলাতক ও নির্বাসিত নেতৃত্বের সাম্প্রতিক কর্মকাণ্ডে মনে হচ্ছে, তারা আবারও পুরোনো সংঘাতমুখী রাজনীতির পথেই হাঁটছে। সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ ও পরিকল্পিত অস্থিরতা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার একটি কৌশল অনুসরণের অভিযোগ ক্রমেই জোরালো হচ্ছে। জুলাইয়ের গণঅভ্যুত্থানে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের অবসানের দুই বছর হতে চললেও দলটির নেতৃত্ব বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতা মেনে নিতে পারেনি বলেই প্রতীয়মান হচ্ছে। ভারতে আশ্রয় নেওয়া দণ্ডিত নেতারাও নতুন বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা অনুধাবনে ব্যর্থ হচ্ছেন বলে মনে হয়।

দেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে গোপালগঞ্জে, আওয়ামীলীগ-সংশ্লিষ্টদের বিরুদ্ধে অগ্নিসংযোগ, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার অভিযোগ জনমনে গভীর উদ্বেগ তৈরি করেছে। গণমাধ্যমের প্রতিবেদন ও গোয়েন্দা মূল্যায়নে এমন আশঙ্কাও উঠে এসেছে যে নিষিদ্ধ দলটির কিছু অনুসারী তৈরি পোশাকশ্রমিকদের আন্দোলনসহ বিভিন্ন কর্মসূচিতে অনুপ্রবেশ করে সহিংসতা উসকে দেওয়ার চেষ্টা করছে।

এসব ঘটনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা জরুরি। কোনো রাজনৈতিক সংগঠনকে শুধু তার বক্তব্য দিয়ে নয়, কর্মকাণ্ড দিয়েও বিচার করতে হয়। আন্দোলনের নামে পুলিশ স্টেশনে হামলা, অগ্নিসংযোগ, ভয়ভীতি প্রদর্শন এবং সরকারি সম্পত্তি ধ্বংসের ঘটনা ঘটলে তা আর রাজনৈতিক প্রতিবাদের পর্যায়ে থাকে না, বরং জননিরাপত্তা ও আইনের শাসনের জন্য হুমকি হয়ে দাঁড়ায়।

গোয়েন্দা সংস্থাগুলোর আশঙ্কা, এ ধরনের তৎপরতা বিচ্ছিন্ন সহিংসতার মধ্যেই সীমাবদ্ধ নয়। সাবেক ক্ষমতাসীন দলের কিছু অংশ সরকারি স্থাপনা, পরিবহনব্যবস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে সমন্বিত নাশকতার পরিকল্পনা করতে পারে। এমন কোনো তৎপরতা প্রমাণিত হলে তার উদ্দেশ্য হবে জনমনে নিরাপত্তাহীনতা তৈরি করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের সক্ষমতা নিয়ে অনাস্থা সৃষ্টি করা।

দীর্ঘদিন আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জ এখন সংঘাতের কেন্দ্রে পরিণত হয়েছে। ১৯ নভেম্বর ঘোষিত দেশব্যাপী লকডাউনের আগে গত ১৫ নভেম্বর থেকে গোপালগঞ্জ সদর ও টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠন ছাত্রলীগের কয়েক শ’ নেতা-কর্মী বিক্ষোভ ও মিছিল করেছেন বলে খবর পাওয়া গেছে।

লাঠি, বৈঠা, রামদা ও দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেডে হামলা, সড়ক অবরোধ এবং টায়ার ও সরকারি সম্পত্তিতে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ রয়েছে। পুলিশের সাঁজোয়া যান লক্ষ্য করে হামলা, জুলাই স্মৃতিস্তম্ভে ভাঙচুর এবং বন্ধ থাকা আওয়ামীলীগ কার্যালয়ের শাটার খুলে দেওয়ার ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

একপর্যায়ে বিএনপির নেতাদের বাড়িঘর ও কার্যালয়েও হামলার ঘটনা ঘটে। বিএনপির সংসদ সদস্য এস এম জিলানীর বাড়ি এবং তাঁর স্বজনদের একাধিক বাড়িতে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।

সন্দেহভাজন আওয়ামীলীগ কর্মীরা টুঙ্গিপাড়া থানায় হামলা, থানার ভেতরে ভাঙচুর, পুলিশের গাড়ি ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং নাশকতার অভিযোগে আটক কয়েকজনকে ছিনিয়ে নেওয়ার ঘটনাতেও জড়িত বলে অভিযোগ উঠেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি বহরেও হামলা হয়েছে বলে জানা গেছে। বিজিবির গাড়িতেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

এসব ঘটনা নিছক রাজনৈতিক ক্ষোভের বহিঃপ্রকাশ নয়। থানায় হামলা, নিরাপত্তা অভিযান বাধাগ্রস্ত করা এবং সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগ রাষ্ট্রীয় কর্তৃত্বকে চ্যালেঞ্জ করার শামিল। এতে সাধারণ মানুষের জীবন ও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ে, অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হয় এবং জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশের অভিযান ও সন্দেহভাজন আওয়ামী লীগ কর্মীদের গ্রেপ্তারের পাশাপাশি দলটির দেশব্যাপী অবরোধ ও প্রতিবাদ কর্মসূচি ঘোষণার পর এসব সহিংসতা ঘটে। ফলে ঘটনাগুলো স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া, নাকি সুপরিকল্পিত কোনো রাজনৈতিক কৌশলের অংশ, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিশ্চিত করা জরুরি।

নির্বাসিত আওয়ামী লীগ নেতৃত্বের সম্ভাব্য উদ্দেশ্য হলো, ক্ষমতার বাইরে এবং রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞার মুখেও দলটি যে স্বাভাবিক জনজীবন ব্যাহত করার সক্ষমতা রাখে, তা দেখিয়ে সরকারকে চাপে রাখা।

গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশে অবস্থানরত দলটির নেতারা নাশকতা কমিটি গঠন করে সরকারি অবকাঠামোতে হামলা, পরিবহনব্যবস্থা ব্যাহত এবং দেশের বিভিন্ন স্থানে অস্থিরতা সৃষ্টির পরিকল্পনা করতে পারেন। সড়ক ও নৌপথ অবরোধের মাধ্যমে গোপালগঞ্জ ও আশপাশের জেলাগুলোকে বিচ্ছিন্ন করে ফেলার আশঙ্কাও প্রকাশ করা হয়েছে।

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে প্রচারও দলটির সাংগঠনিক তৎপরতা ও কর্মসূচির হিসাব-নিকাশে ভূমিকা রাখতে পারে। তবে এসব তৎপরতার নির্দেশনা কোথা থেকে আসছে এবং নির্বাসিত নেতৃত্বের সরাসরি সম্পৃক্ততা কতটুকু, তা এখনো নিশ্চিতভাবে প্রতিষ্ঠিত হয়নি।

আরেকটি সম্ভাব্য রাজনৈতিক হিসাব হতে পারে সরকারকে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাতে প্ররোচিত করা। সরকার যদি মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ করে কিংবা নির্বিচারে গ্রেপ্তার চালায়, তাহলে আওয়ালীগ এসব ঘটনাকে রাজনৈতিক নিপীড়ন হিসেবে তুলে ধরে নাগরিক সমাজ, মানবাধিকার সংগঠন ও বিদেশি রাজনৈতিক মহলের সহানুভূতি আদায়ের চেষ্টা করতে পারে।

এ ধরনের কৌশল অনুসরণ করা হলে তা হবে অত্যন্ত বিপজ্জনক রাজনৈতিক নিপীড়ন। এতে সাধারণ দলীয় সমর্থকেরাও ঝুঁকির মুখে পড়বেন এবং রাজনৈতিক বিভাজন আরও গভীর হবে। এখন পর্যন্ত সরকার ব্যাপক ধরপাকড় এড়িয়ে চলার চেষ্টা করেছে। তবে জননিরাপত্তা নিশ্চিত করা এবং সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার চাপ ক্রমেই বাড়ছে।

এ ক্ষেত্রে সরকারকে অপরাধে জড়িত ব্যক্তিদের সঙ্গে সাধারণ সমর্থকদের পার্থক্য করতে হবে। সমষ্টিগত শাস্তি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত গ্রেপ্তার কিংবা অতিরিক্ত বলপ্রয়োগের ঘটনা নিপীড়নের বয়ানকে আরও শক্তিশালী করতে পারে।

আওয়ামীলীগের সাম্প্রতিক রাজনৈতিক আচরণের সবচেয়ে উদ্বেগজনক দিক হলো, দলটির নেতৃত্ব এখনো তাদের পতনের পেছনের কারণগুলো স্বীকার করতে প্রস্তুত বলে মনে হচ্ছে না।

দীর্ঘদিনের কর্তৃত্ববাদী শাসন, গণতান্ত্রিক ব্যবস্থার অবক্ষয়, দুর্নীতির অভিযোগ, রাজনৈতিক নিপীড়ন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি দুর্বল হয়ে পড়ার বিরুদ্ধে জনগণের দীর্ঘদিনের ক্ষোভ থেকেই জুলাইয়ের গণঅভ্যুত্থানের সূত্রপাত। এই আন্দোলন ও পরবর্তী সহিংসতায় দেড় হাজারের বেশি মানুষের প্রাণহানির কথা বিভিন্ন আলোচনায় উঠে এসেছে। এই বিপুল প্রাণহানি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গভীর ক্ষত হয়ে থাকবে।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তরের প্রতিবেদনে বিক্ষোভকারীদের ওপর বলপ্রয়োগ এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো উঠে এসেছে। এসব ঘটনা দায়বদ্ধতা নিশ্চিত করা, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং রাজনৈতিক পুনর্মিলনের প্রয়োজনীয়তাকে আরও স্পষ্ট করেছে।

তবে গণঅভ্যুত্থানে নিহত ও নির্যাতিত মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ, আন্দোলনের পেছনের জনদাবিগুলো স্বীকার কিংবা নিজেদের রাজনৈতিক ভুলের বিশ্বাসযোগ্য পর্যালোচনা করার পরিবর্তে আওয়ামীলীগের নেতৃত্ব আবার ক্ষমতায় ফেরার হিসাবেই বেশি মনোযোগী বলে প্রতীয়মান হচ্ছে। অনুশোচনার অভাব এবং দলের ভেতরে সংস্কারের কোনো বিশ্বাসযোগ্য উদ্যোগ না থাকায় জনগণের আস্থা পুনরুদ্ধারের সম্ভাবনাও ক্ষীণ হয়ে পড়েছে।

গণআন্দোলনের মুখে শেখ হাসিনা ও দলের অনেক জ্যেষ্ঠ নেতা দেশ ছেড়েছেন। এটি দেশের পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতা। অগ্নিসংযোগ, ভয়ভীতি প্রদর্শন কিংবা সড়কের সহিংসতা দিয়ে সেই বাস্তবতা পাল্টানো সম্ভব নয়। যাদের সমর্থন নিয়ে আবার গণতান্ত্রিক রাজনীতিতে জায়গা করে নিতে হবে, সেই সাধারণ মানুষের জীবনকে অনিরাপদ করে কোনো দল তার হারানো রাজনৈতিক বৈধতাও ফিরে পেতে পারে না।

আওয়ামীলীগকে বুঝতে হবে, বাংলাদেশ নতুন এক রাজনৈতিক অধ্যায়ে প্রবেশ করেছে। ক্ষমতায় থাকার সময় দলটির সঙ্গে যুক্ত বলপ্রয়োগ, সংঘাত এবং ভিন্নমত দমনের পুরোনো পদ্ধতি রাজনৈতিক টিকে থাকার কোনো টেকসই পথ হতে পারে না।

সরকারের সামনে এখন এক বড় পরীক্ষা। আইনশৃঙ্খলা বজায় রাখা সরকারের সাংবিধানিক দায়িত্ব। তবে এ দায়িত্ব পালনের ক্ষেত্রে আইন, আনুপাতিক বলপ্রয়োগ এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধা নিশ্চিত করতে হবে। অগ্নিসংযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা, বোমা বিস্ফোরণ ও ভাঙচুরে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে স্বচ্ছ তদন্ত ও যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে।

গোয়েন্দা তৎপরতা জোরদার, নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় এবং সরকারি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তবে এসব অভিযান যেন কোনোভাবেই রাজনৈতিক প্রতিশোধে পরিণত না হয়। একই সঙ্গে বৈধ শ্রমিক আন্দোলন ও গণতান্ত্রিক প্রতিবাদ কর্মসূচিতে সহিংসতা সৃষ্টির উদ্দেশ্যে কেউ যাতে অনুপ্রবেশ করতে না পারে, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।

রাজনৈতিক দল, নাগরিক সমাজ এবং মানবাধিকার সংগঠনগুলোরও দায়িত্ব রয়েছে। সহিংসতার উৎস বা পরিচয় যা-ই হোক, তার নিন্দা করতে হবে। রাজনৈতিক প্রতিবাদের নামে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার সুযোগ নেই।

বাংলাদেশ আরেকটি রাজনৈতিক সহিংসতার চক্রে পড়ার সামর্থ্য রাখে না। জুলাইয়ের গণঅভ্যুত্থানের অন্যতম প্রধান দাবি ছিল জবাবদিহিমূলক শাসন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা এবং মৌলিক অধিকার নিশ্চিত করা। রাজনৈতিক প্রতিযোগিতা আবারও অগ্নিসংযোগ, ভয়ভীতি ও সড়কের সংঘাতে পর্যবসিত হলে সেই আকাঙ্ক্ষা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

আওয়ামীলীগসহ প্রতিটি রাজনৈতিক সংগঠনকেই শেষ পর্যন্ত নিজেদের কর্মকাণ্ড ও সিদ্ধান্তের জন্য জবাবদিহি করতে হবে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে প্রাসঙ্গিক থাকতে চাইলে আওয়ামীলীগকে সহিংসতার পথ পরিহার করতে হবে, দেশের পরিবর্তিত বাস্তবতা মেনে নিতে হবে এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি আন্তরিক অঙ্গীকার দেখাতে হবে।

গোপালগঞ্জের ঘটনাপ্রবাহ থেকে স্পষ্ট বার্তা হচ্ছে- পুরোনো কৌশল দিয়ে নতুন রাজনৈতিক বাস্তবতাকে উল্টে দেওয়া যাবে না। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হতে হবে গণতান্ত্রিক অংশগ্রহণ, জবাবদিহি ও আইনের শাসনের ভিত্তিতে, অগ্নিসংযোগ, ভাঙচুর কিংবা পরিকল্পিত নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে নয়।

The post গোপালগঞ্জে সহিংসতাঃ পুরোনো আওয়ামী কৌশল ও নতুন বাংলাদেশ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.