রক্তাক্ত লাশের ওপর দিয়ে ফিরতে চায় ফ্যাসিবাদী শক্তি: রিজভী
ঢাকা: ফ্যাসিবাদী শক্তি আবারও রক্তাক্ত লাশের ওপর দিয়ে ক্ষমতায় ফেরার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘গাড়িতে আগুন দিয়ে বা মানুষ হত্যা করে দেশের মানুষকে ঝুঁকিতে ফেলা কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড হতে পারে না; বরং যারা এ ধরনের কাজ করছে, তারা সন্ত্রাসী সংগঠন।’ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকা কলেজের […] The post রক্তাক্ত লাশের ওপর দিয়ে ফিরতে চায় ফ্যাসিবাদী শক্তি: রিজভী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: ফ্যাসিবাদী শক্তি আবারও রক্তাক্ত লাশের ওপর দিয়ে ক্ষমতায় ফেরার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘গাড়িতে আগুন দিয়ে বা মানুষ হত্যা করে দেশের মানুষকে ঝুঁকিতে ফেলা কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড হতে পারে না; বরং যারা এ ধরনের কাজ করছে, তারা সন্ত্রাসী সংগঠন।’
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত বর্ণাঢ্য র্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
বিগত আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, ‘গুম, খুন ও ক্রসফায়ার রাষ্ট্রের চরিত্রে পরিণত হয়েছিল। ছাত্র-শিক্ষক, শ্রমিক ও জনতার তীব্র আন্দোলনে সেই সরকারের পতনের পর দেশের মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে।’ তবে পরাজিত শক্তি আবারও পুরনো কায়দায় মানুষ হত্যা, রক্তপাত, ককটেল হামলা এবং গাড়িতে আগুন দিয়ে ক্ষমতায় ফিরতে চায় বলে তিনি অভিযোগ করেন। এ প্রসঙ্গে সাম্প্রতিক সময়ে ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দলের নেতা রাজু মোল্লা এবং নড়াইলে দুজনকে হত্যার ঘটনার উল্লেখ করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।
সারাদেশে সক্রিয় ‘পঞ্চম বাহিনী’কে রাস্তাঘাটে প্রতিরোধ করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে রুহুল কবির রিজভী দাবি করেন, এই বাহিনীকে প্রতিবেশী দেশ ভারত থেকে ইন্ধন দেওয়া হচ্ছে এবং দেশে নতুন করে অস্থিতিশীলতা তৈরির ষড়যন্ত্র চলছে। কোনো ক্রমেই তাদের মাথা তুলে দাঁড়াতে দেওয়া যাবে না বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
পাঠ্যপুস্তকে ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘বিগত সময়ে রাজনৈতিক পক্ষপাতের মাধ্যমে একটি নির্দিষ্ট দল ও তার নেতার কাহিনি বড় করে দেখাতে গিয়ে প্রকৃত ইতিহাস আড়াল করা হয়েছে।’ তার দাবি, পাঠ্যসূচিতে শের-ই-বাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মওলানা আবদুল হামিদ খান ভাসানী এবং স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানকে খাটো করে দেখানো হয়েছিল। তিনি নতুন প্রজন্মের কাছে সত্য ও বাস্তবতার ভিত্তিতে নিরপেক্ষ ইতিহাস তুলে ধরার আহ্বান জানান।
এ ছাড়া ১৯৫২ সালের ভাষা আন্দোলন ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে সহাবস্থান, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন রুহুল কবির রিজভী।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। তিনি অভিযোগ করেন, দেশের গণতন্ত্রের যাত্রা বাধাগ্রস্ত করতে এবং রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করতে প্রতিবেশী দেশ থেকে আওয়ামী লীগ নানা ষড়যন্ত্র করছে।
সমাবেশে বক্তব্য শেষে ঢাকা কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। র্যালিটি রাজধানীর আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
The post রক্তাক্ত লাশের ওপর দিয়ে ফিরতে চায় ফ্যাসিবাদী শক্তি: রিজভী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





