ফের পেছাল মুগ্ধ হত্যা মামলার সাক্ষ্য

ঢাকা: আদালতে আসামিদের হাজির করা সম্ভব না হওয়ায় মীর মুগ্ধসহ ১১ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্যগ্রহণ ও সূচনা বক্তব্য উপস্থাপন পিছিয়েছে। ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানসহ ২৬ আসামির বিরুদ্ধে করা এ মামলায় আগামী ২৫ নভেম্বর পরবর্তী দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি […] The post ফের পেছাল মুগ্ধ হত্যা মামলার সাক্ষ্য first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ফের পেছাল মুগ্ধ হত্যা মামলার সাক্ষ্য
১৯ নভেম্বর, ২০২৬ ১৫:০০  

ঢাকা: আদালতে আসামিদের হাজির করা সম্ভব না হওয়ায় মীর মুগ্ধসহ ১১ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্যগ্রহণ ও সূচনা বক্তব্য উপস্থাপন পিছিয়েছে। ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানসহ ২৬ আসামির বিরুদ্ধে করা এ মামলায় আগামী ২৫ নভেম্বর পরবর্তী দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর সদস্য বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এদিন ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর সহিদুল ইসলাম সরদার, মার্জিনা রায়হান, তারেক আবদুল্লাহ ও আবদুল্লাহ আল নোমান।

শুনানিতে প্রসিকিউটর ফারুক আহাম্মদ জানান, বেতন বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের কারণে নিরাপত্তাঝুঁকি বিবেচনায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে গ্রেপ্তার আট আসামিকে ট্রাইব্যুনালে হাজির করতে পারেনি কারা কর্তৃপক্ষ। এ ছাড়া অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনার আবেদন করেছেন আসামিপক্ষের কয়েকজন। এসব কারণে মামলার পরবর্তী কার্যক্রমের জন্য নতুন তারিখ চান তিনি।

রাষ্ট্রপক্ষের আবেদন বিবেচনায় নিয়ে ট্রাইব্যুনাল আগামী ২৫ নভেম্বর পরবর্তী দিন ধার্য করেন। ওই দিন আসামিপক্ষ চাইলে পুনর্বিবেচনার আবেদনের ওপর শুনানি করতে পারবে বলে জানিয়েছে প্রসিকিউশন। তবে এদিন আবেদনকারী আসামিদের পক্ষে কোনো আইনজীবী ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন না।

এ মামলায় গ্রেফতার আট আসামি হলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের সাবেক অতিরিক্ত উপপুলিশ কমিশনার মির্জা সালাহউদ্দিন, উত্তরা পূর্ব থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান, আজমপুর পুলিশ ফাঁড়ির সাবেক কনস্টেবল মো. হোসেন আলী, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী রবিন, যুবলীগ সভাপতি মো. দেলোয়ার হোসেন রুবেল, আওয়ামী লীগ নেতা মো. সোহেল রানা, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো. শাহ আলম এবং তুরাগ থানা এলাকার আওয়ামী লীগকর্মী মো. ইরফানুল হক গাজী।

মামলার অন্য আসামিদের মধ্যে পলাতক রয়েছেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির উত্তরা বিভাগের সাবেক উপপুলিশ কমিশনার কাজী আশরাফুল আজীম, সাবেক অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. তোহিদুল ইসলাম, সাবেক সহকারী পুলিশ কমিশনার সুমন কর, উত্তরা পশ্চিম থানার সাবেক ওসি বিএম ফরমান আলী, উত্তরা পূর্ব থানার সাবেক পুলিশ পরিদর্শক (অপারেশনস) মাহমুদুল হাসান ও সাবেক কনস্টেবল মো. আবু ছায়েম।

এ ছাড়া আওয়ামী লীগ নেতা মো. আলাউদ্দিন আল সোহেল, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, সাবেক কাউন্সিলর মো. ফরিদ আহমেদ, ডিএম শামীম, মো. আনিছুর রহমান নাঈম ও মো. আফছার উদ্দিন খান, উত্তরা পূর্ব থানার সাবেক উপপরিদর্শক (এসআই) খালেদ আনোয়ার, সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রোকনুজ্জামান, উত্তরা পশ্চিম থানা ছাত্রলীগের সহসভাপতি মুরতাফা বিন ওমর এবং তুরাগ থানা আওয়ামী লীগের যুবলীগ নেতা জাকির হোসেনও এ মামলার আসামি। সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানসহ তাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

এর আগে গত ১১ অক্টোবর ২৬ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণের জন্য ৪ নভেম্বর দিন ধার্য করা হয়েছিল। তবে সেদিনও আসামিদের হাজির করা সম্ভব না হওয়ায় ১৯ নভেম্বর পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়।

মামলার প্রথম অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৮ জুলাই রাজধানীর উত্তরা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও আশপাশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমনে নির্বিচারে গুলি চালানো হয়। এতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) এমবিএ শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ সাতজন নিহত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ অভিযোগে আরও বলা হয়েছে, উবারচালক মোখলেছুর রহমান ওরফে দুর্জয়কে পুলিশের সাঁজোয়া যানবাহনের (এপিসি) চাকায় পিষ্ট করে হত্যার পর তাঁর মরদেহ গুমের উদ্দেশ্যে তুরাগ নদীতে ফেলে দেওয়া হয়। একই ঘটনায় মেহেদী হাসানসহ পাঁচজনকে হত্যার উদ্দেশ্যে গুলি করে গুরুতর আহত করার অভিযোগও রয়েছে।

দ্বিতীয় অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই একই এলাকায় আন্দোলনকারীদের ওপর আবারও নির্বিচারে গুলি চালানো হয়। এতে রিদোয়ান শরীফ রিয়াদ জয়সহ চারজন নিহত হন। এ ছাড়া রাইসুল রহমান রাতুলকে হত্যার উদ্দেশ্যে গুলি করে গুরুতর আহত করার অভিযোগ আনা হয়েছে।

রাষ্ট্রপক্ষের অভিযোগ, ১৮ ও ১৯ জুলাইয়ের এসব ঘটনা পরিকল্পিত, ব্যাপক ও পদ্ধতিগতভাবে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অংশ। তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। আগামী ২৫ নভেম্বর মামলার পরবর্তী কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

 

 

 

The post ফের পেছাল মুগ্ধ হত্যা মামলার সাক্ষ্য first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.