ঘূর্ণিঝড় ‘আকভান’র প্রভাবে ভারী বর্ষণের পূর্বাভাস

ঢাকা: বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘আকভান’-এ পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা বাড়ার পাশাপাশি কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। আগামী ২০ থেকে ২১ নভেম্বর পর্যন্ত এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে এবং বৃষ্টির পর নভেম্বরের শেষ দিকে তাপমাত্রা কমে শীতের অনুভূতি আরও বাড়তে পারে বলে […] The post ঘূর্ণিঝড় ‘আকভান’র প্রভাবে ভারী বর্ষণের পূর্বাভাস first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঘূর্ণিঝড় ‘আকভান’র প্রভাবে ভারী বর্ষণের পূর্বাভাস
১৮ নভেম্বর, ২০২৬ ০০:০০  

ঢাকা: বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘আকভান’-এ পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা বাড়ার পাশাপাশি কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

আগামী ২০ থেকে ২১ নভেম্বর পর্যন্ত এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে এবং বৃষ্টির পর নভেম্বরের শেষ দিকে তাপমাত্রা কমে শীতের অনুভূতি আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

মঙ্গলবার (১৭ নভেম্বর) আবহাওয়া অধিদফতরের প্রকাশিত আগামী পাঁচ দিনের আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় ‘আকভান’-এ রূপ নিয়েছে। এটি আরও উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ২০ নভেম্বর দুপুর নাগাদ অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়টির সম্ভাব্য গতিপথ ভারতের উপকূলের দিকে হলেও এর প্রভাবে বাংলাদেশেও বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

আবহাওয়া অধিদফতরের তথ্যানুযায়ী, বুধবার (১৮ নভেম্বর) পর্যন্ত দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে। এ সময় রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

তবে আগামী শুক্রবার থেকে আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে। ওই দিন খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা বিভাগের দুয়েক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর পর শনিবার বৃষ্টির বিস্তৃতি আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

ওই দিন ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

পরদিন রোববারও একই অঞ্চলে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে এবং এসব অঞ্চলের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে এই দু-তিন দিন রাত ও দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা কমে আসার পর নভেম্বরের শেষ দিকে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা উল্লেখযোগ্য পরিমাণে কমতে পারে। ফলে এ সময় শীতের আমেজ ও শীতের অনুভূতি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া সিলেটে ১৭ দশমিক ৫ ও শ্রীমঙ্গলে ১৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

অন্যদিকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ৩২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিসের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

The post ঘূর্ণিঝড় ‘আকভান’র প্রভাবে ভারী বর্ষণের পূর্বাভাস first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.