তথ্যপ্রযুক্তির যুগে তথ্যই শক্তি

গুজবের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর

গুজবের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর
৫ মার্চ, ২০২৬ ২০:৩৯  

তথ্যপ্রযুক্তির এই যুগে দ্রুতগতির তথ্যপ্রবাহের মধ্যে সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে ভুয়া খবর, গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে দ্রুত তথ্যভিত্তিক প্রতিক্রিয়া প্রদানের ওপর  গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, তথ্যই শক্তি এবং এই শক্তিকে সঠিকভাবে ব্যবস্থাপনা ও পরিবেশনের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেওয়াই তথ্য ক্যাডারের মূল দায়িত্ব। 

৫ মার্চ, বৃহস্পতিবার বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঢাকার তথ্য ভবনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, তথ্যসেবা জনগণের কাছে পৌছে দিতে মানুষের মধ্যে যে চাহিদা তৈরি হয়েছে তা পূরণের প্রযুক্তিগত উপাদান সরকারি কাঠামোতে প্রয়োজনের তুলনায় কম আছে। ব্রাউজ করতে গেলেই আমি তা টের পাই। তাই খুব দ্রুতই আমাদের সময়োপযোগী হতে হবে। এ কারণে তথ্য মন্ত্রণালয়কে হতে হবে একটি ডিভাইসের মতো যেখানে ইনফরমেশনের সফট কন্টেন্ট ও সফট পাওয়ার ইন্সটল করতে হবে।

মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, তথ্য ক্যাডারের দক্ষ জনবলকে ঘুমন্ত বা আংশিক সক্রিয় না রেখে পুরোপুরি সক্রিয় করতে হবে। কেননা আমরা এখন ইনফরমেশন হাইওয়েতে আছি। এজন্য আমাদের সামনে মিস ইনফরমেশন ও ডিস ইনফরমেশন বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ ও লক্ষ্যের মধ্যে সমন্বয়ে একটি কৌশলগত পরিকল্পনা গ্রহণ করতে হবে। মন্ত্রণালয়কে রিক্যালব্রেট করে এর বিল্ট ইন সিস্টেমের উন্নয়ন ঘটাতে হবে। 
     
এসময় সরকারের মুখপাত্র হিসেবে তথ্য ক্যাডারের কর্মকর্তাদের সরকারের উল্লেখযোগ্য প্রতিশ্রুতি বাস্তবায়নের সংবাদ দেশের আনাচে-কানাচে পৌঁছে দিতে নির্দেশ দেন তথ্যমন্ত্রী

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। 

এছাড়াও বিসিএস তথ্য ক্যাডারের কর্মকর্তা, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা ইফতার মাহফিলে যোগ দেন। 

ডিবিটেক/আইএইচআই/এমইউএম