তিন মাসেও খোঁজ মেলেনি নাসিমার, অপেক্ষায় স্বামী-সন্তান
কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় তিন মাস ধরে নিখোঁজ রয়েছেন নাসিমা বেগম (৪৫) নামে এক গৃহবধূ। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পায়নি পরিবার। এ ঘটনায় করা মামলায় পুলিশ দু’জনকে গ্রেফতার করলেও এখনো নিখোঁজের রহস্য উদ্ঘাটন করতে পারেনি। এদিকে মায়ের ফেরার অপেক্ষায় দিন গুনছে সন্তানেরা, স্ত্রীকে ফিরে পেতে দিশাহারা তার স্বামী। নাসিমা বেগম […] The post তিন মাসেও খোঁজ মেলেনি নাসিমার, অপেক্ষায় স্বামী-সন্তান first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় তিন মাস ধরে নিখোঁজ রয়েছেন নাসিমা বেগম (৪৫) নামে এক গৃহবধূ। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পায়নি পরিবার। এ ঘটনায় করা মামলায় পুলিশ দু’জনকে গ্রেফতার করলেও এখনো নিখোঁজের রহস্য উদ্ঘাটন করতে পারেনি। এদিকে মায়ের ফেরার অপেক্ষায় দিন গুনছে সন্তানেরা, স্ত্রীকে ফিরে পেতে দিশাহারা তার স্বামী।
নাসিমা বেগম নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের পূর্ব রামখানা এলাকার বাসিন্দা। পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৮ আগস্ট চিকিৎসক দেখানোর উদ্দেশ্যে অটোরিকশায় করে বাড়ি থেকে বের হন তিনি। একই অটোরিকশায় তার মেয়ে, ছেলের স্ত্রী ও নাতিও পাসপোর্ট করার জন্য কুড়িগ্রাম যাচ্ছিলেন।
পথে আজমাতা ব্রিজপাড় এলাকায় টয়লেটে যাওয়ার কথা বলে অন্যদের চলে যেতে বলেন নাসিমা। পরে রাস্তার পাশেই তার ননদ মায়া মনির বাড়িতে যান। সেখানে খাওয়াদাওয়া শেষে তাকে আবার অটোরিকশায় তুলে দেওয়া হয়। সর্বশেষ আন্ধারীরঝাড় বাজার মোড়ে সিসিটিভি ফুটেজে তাকে অটোরিকশা থেকে নামতে দেখা যায়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
নাসিমা নিখোঁজ হওয়ার ৮ থেকে ১০ দিন পর নাগেশ্বরীর রায়গঞ্জ বাজার এলাকার মিজানুর নামে এক ব্যক্তি পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। তিনি জানান, মোটা অঙ্কের টাকার বিনিময়ে এক ব্যক্তি নাসিমাকে হস্তান্তর করতে রাজি আছেন। তবে পরে তিনি অবস্থান পরিবর্তন করে জানান, অন্য একটি মেয়েকে পাওয়া গেছে, যিনি নাসিমা নন।
এদিকে পার্শ্ববর্তী ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীরঝাড় ইউনিয়নের চর ধাউরারকুটি গ্রামের ইউনুস আলী নামে এক ব্যক্তি দাবি করেন, নিখোঁজের দুই দিন পর নাসিমাকে পাশের একটি বাড়িতে অচেতন অবস্থায় দেখেছিলেন তিনি। এ তথ্য পেয়ে নাসিমার ছেলে নাসিম মিয়া ওই বাড়িতে যাওয়ার আগেই তাকে সেখান থেকে সরিয়ে ফেলা হয়। এরপর সন্দেহভাজন ওই পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে আত্মগোপনে চলে যান।
নাসিমার ছেলে নাসিম মিয়া জানান, মায়ের নিখোঁজ হওয়ার সময় তিনি জীবিকার প্রয়োজনে ভারতের দিল্লিতে ছিলেন। খবর পেয়ে ১২ দিন পর্যন্ত সেখানে মায়ের অপেক্ষায় থাকেন। এ সময় দিল্লিতে বসবাসরত তার মামা, খালাসহ পরিচিতজনদের বাড়িতে মায়ের খোঁজ করেন। কিন্তু সন্ধান না পেয়ে ৩০ আগস্ট বাংলাদেশে ফিরে আসেন। পরে ২০ সেপ্টেম্বর মিজানুরসহ ১০ জনের নাম উল্লেখ করে নাগেশ্বরী থানায় মামলা করেন।
নাসিম মিয়ার অভিযোগ, তার মায়ের বাবার বাড়ি দিল্লিতে হওয়ায় পুলিশ বিষয়টিকে আশানুরূপ গুরুত্ব দিচ্ছে না।
নাসিমার স্বামী নজরুল ইসলাম নজু জানান, ১৯৯৩ সাল থেকে ব্যবসার সূত্রে তিনি ভারতের দিল্লিতে যাতায়াত করতেন। ১৯৯৭ সালে সেখানেই নাসিমা বেগমকে বিয়ে করেন। তাদের সংসারে দুই ছেলে ও এক মেয়ে। নাসিমার বাবার বাড়ি দিল্লিতে হলেও দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশের নাগরিক হিসেবে এ দেশেই বসবাস করছিলেন।
সম্প্রতি ভারতে বাঙালি বিতাড়ন ও নানা জটিলতার কারণে গত কোরবানি ঈদের ১০ দিন আগে দিল্লির যাবতীয় সম্পদ বিক্রি করে সপরিবারে স্থায়ীভাবে বাংলাদেশে চলে আসেন তারা।
নজরুল ইসলাম আরও জানান, পেটের দায়ে তিনি দিল্লিতে গিয়ে ভাঙারির ব্যবসা করতেন। জমা হওয়া ভাঙারি বিক্রি হয়ে গেলে স্ত্রীকে নিয়ে বাংলাদেশে ফিরতেন। কিছুদিন পর অর্থসংকট দেখা দিলে আবার দিল্লিতে চলে যেতেন। এভাবে দীর্ঘদিন ভারত-বাংলাদেশ যাতায়াতের পর কিছুদিন আগে সপরিবারে দেশে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তার স্ত্রী মাঝেমধ্যে নাগেশ্বরীতে গিয়ে বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র কিনতেন। হঠাৎ তার নিখোঁজ হওয়ার ঘটনায় পুরো পরিবার দিশাহারা হয়ে পড়েছে।
স্থানীয় ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মাহবুবার রহমান সরকার জানান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও দফাদারসহ সবাই মিলে নিখোঁজ নারীকে খুঁজছেন। জনাকীর্ণ এলাকা থেকে একজন মানুষের এভাবে হাওয়া হয়ে যাওয়া এবং পুলিশ প্রশাসন তাকে খুঁজে না পাওয়া অত্যন্ত আশ্চর্যজনক।
এ বিষয়ে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক প্রধান জানান, এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। এটি অপহরণ, নাকি নিখোঁজের ঘটনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে বাদী অপহরণ মামলা করেছেন। মামলাটি তদন্তাধীন রয়েছে। একজন আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে তিনি কোনো তথ্য দিতে পারেননি। রহস্য উদ্ঘাটনে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।
বর্তমানে নাসিমার পরিবারের সদস্যরা দিল্লি ও বাংলাদেশের পরিচিতজনদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। পাশাপাশি নাসিমাকে খুঁজে পেতে প্রশাসন ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করছেন।
The post তিন মাসেও খোঁজ মেলেনি নাসিমার, অপেক্ষায় স্বামী-সন্তান first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





