ডিসেম্বর ঘিরে নাশকতার ‘নীল নকশা’র শঙ্কা
ঢাকা: আসন্ন ডিসেম্বর মাসকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গোপন তৎপরতা ও নাশকতার ‘নীল নকশা’র আশঙ্কা করা হচ্ছে। আর এই আশঙ্কার অন্যতম কারণ, সম্প্রতি রাজাধানীর বিভিন্ন স্থানে ও থানার সামনে ককটেল বিস্ফোরণ এবং বেশকিছু বাসে ও ট্রেনে আগুন দেওয়ার ঘটনা। ঐতিহ্যগত আন্দোলনের বদলে এবার ‘হিট অ্যান্ড রান’ বা ঝটিকা মহড়া এবং স্পর্শকাতর […] The post ডিসেম্বর ঘিরে নাশকতার ‘নীল নকশা’র শঙ্কা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: আসন্ন ডিসেম্বর মাসকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গোপন তৎপরতা ও নাশকতার ‘নীল নকশা’র আশঙ্কা করা হচ্ছে। আর এই আশঙ্কার অন্যতম কারণ, সম্প্রতি রাজাধানীর বিভিন্ন স্থানে ও থানার সামনে ককটেল বিস্ফোরণ এবং বেশকিছু বাসে ও ট্রেনে আগুন দেওয়ার ঘটনা। ঐতিহ্যগত আন্দোলনের বদলে এবার ‘হিট অ্যান্ড রান’ বা ঝটিকা মহড়া এবং স্পর্শকাতর স্থানে বিচ্ছিন্ন হামলারও পরিকল্পনা করছে বলে ধারণা করা হচ্ছে। তবে অপরাধীদের নাশকতার ‘নীল নকশা’ নস্যাৎ করতে কতটা কৌশলী বা পরিকল্পনা হাতে নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী?
সূত্র জানায়, রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করা এবং নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির লক্ষ্য নিয়ে দলের ঝটিকা মিছিল ও গোপন যোগাযোগ চলছে। পলাতক ও আত্মগোপনে থাকা শীর্ষ নেতাদের নির্দেশে রাজধানীসহ গুরুত্বপূর্ণ জেলাগুলোতে বিচ্ছিন্ন সহিংসতার পরিকল্পনা করা হচ্ছে। এরই মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে খ্যাত গোপালগঞ্জে তার আলামত দেখা গেছে। গত দুই দিন গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা যে তাণ্ডব চালিয়েছে তাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
এ ছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যমে ঝটিকা মিছিলের ছবি-ভিডিও ছড়িয়ে দিয়ে জনমনে আতঙ্ক তৈরির চেষ্টা করা হচ্ছে। গোপন অ্যাপস ব্যবহার করে নেতাকর্মীদের সংগঠিত করার চেষ্টা চলছে। এআই প্রযুক্তির সাহায্যে ভুয়া অডিও-ভিডিও তৈরি করে এবং গুজব ছড়িয়ে রাজনৈতিক ও সামাজিক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা চলছে। গণপরিবহনে ক্ষয়ক্ষতির মাধ্যমে স্বাভাবিক জনজীবন ব্যাহত করার রূপরেখা তৈরি করা হয়েছে।
রাজধানীতে অপরাধ পর্যবেক্ষণে দেখা যায়, সম্প্রতি রাজধানী ঢাকার উত্তরা, মিরপুর, মহাখালী, আগারগাঁও, মগবাজার, মোহাম্মদপুর, মালিবাগ, মতিঝিল, যাত্রাবাড়ি, কদমতলি, বাংলাদেশ বেতার ভবন ও বিটিভির সামনে এবং কয়েকটি থানা ও সুপ্রিম কোর্টের সামনে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের বিচারকের বাসার সামনেও একাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। এমনকি, সম্প্রতি মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে ছাতার ভেতরে বোমা এবং সাভারে পেশারকুকার বোমা উদ্ধার করা হয়। এ ছাড়াও, রাজধানীতে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক থেকেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার করা হয়।
এদিকে দেশে চলমান আন্দোলনের ভেতরে ঢুকে গিয়েও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন রাজধানীতে নাশকতার সৃষ্টির পাঁয়তারা করছে বলে জানিয়েছে গোয়েন্দা সংস্থা। এরই অংশ হিসেবে রোববার (১ নভেম্বর) রাজধানীর মিরপুরের ১০ ও ১১ নম্বরে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে পোশাক শ্রমিকদের। কিন্তু ভেতরে প্রবেশ করে পোশাক শ্রমিকদের উসকে দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই সংঘর্ষ বাধায় বলে অভিযোগ উঠেছে। এদিন পুলিশের গাড়িতে আগুন দেওয়ার সময় দু’জনসহ দলটির ১১ নেতাকর্মীকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। জানা গেছে, এই সংঘর্ষ সমন্বয় করে মিরপুরের পলাতক সাবেক এমপি ইলিয়াস মোল্লার ভাগ্নে আলিফ মোল্লা।
এ বিষয়ে ঘটনাস্থলে থাকা ছাত্রলীগের কয়েকজন কর্মী নাম প্রকাশ না করার শর্তে সারাবাংলাকে জানায়, পোশাক শ্রমিকরা এই সংঘর্ষে জড়ায়নি। মূলত, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের লোকজন শ্রমিকদের ভেতরে ঢুকে তাদের উসকে দিয়েছে। এ ছাড়া, তারাই সংঘর্ষে পুলিশের সঙ্গে অ্যাকশনে যায়। এটা প্ল্যান করে করা হয়েছে এবং সামনের আন্দোলনেও এভাবে ভূমিকা নেওয়ার কথা রয়েছে।
নাশকতায় আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের কৌশলী ভূমিকা উল্লেখ করে গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খান বলেন, ‘মূলত সাধারণ শ্রমিকদের ব্যবহার করে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নাশকতার চেষ্টা করছে। মিরপুর ১০ ও ১১ এর আশপাশের এলাকায় অভিযানে গ্রেফতারকৃতরা বরিশাল, পটুয়াখালী, কক্সবাজার, গাইবান্ধাসহ বিভিন্ন জেলার দলটির তৃণমূল নেতা। মিরপুরের পলাতক সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ভাগ্নে আলিফ মোল্লা মূলত এই নাশকতার সমন্বয়ই হিসেবে কাজ করছে। আলিফই মূলত ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে এই সকল নেতাকর্মীদের ঢাকায় এনেছেন। প্রায় শতাধিক নেতাকর্মী এখানে উপস্থিত ছিলেন।’
দলটির নেতাকর্মীদের চাঙ্গা করতে এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভিত্তি নষ্ট করতে ও সাধারণ মানুষের ভেতরে ভয় সৃষ্টি করতে দলটির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জুড়ে অপতথ্য ছড়ানোর তথ্য পাওয়া গেছে। ‘শেখ হাসিনা দেশে ফিরবে, নাহিদরা পাপলাবে’, ‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনে থাকবে ৫০টি প্রাইভেট জেট বিমান’, ‘ডিসেম্বরে আসছে হাসিনা, পালাতে পারবে না কেউ’- এমন নানান ধরনের পোস্ট করছে দলটির ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ ছাড়াও, দেশের পুরোনো সহিংস ঘটনার ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেশে ও বিশ্ব মঞ্চে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি দেখানোর চেষ্টা করা হচ্ছে।
এসব ঘটনার পরিপ্রেক্ষিতে সম্প্রতি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ অপরাধীরা যাতে ঢাকার ভেতরে প্রবেশ করতে না পারে সে জন্য বিশেষ চেকপোস্ট বসানোরও নির্দেশ দেন। আর ডিসেম্বর মাস রাজনৈতিক ও জাতীয় গুরুত্ব বিবেচনা করে দেশের স্পর্শকাতর এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে ছদ্মবেশে বা নিরাপদ আশ্রয়ে অবস্থান নেওয়া অশুভ চক্রের গতিবিধি শনাক্ত করা নিরাপত্তা সংস্থাগুলোর জন্য একটি বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে।
নাশকতা ঘটানোর লক্ষ্যে ভাসমান ও ছদ্মবেশে আত্মগোপনে থাকা সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্তে গুরুত্বপূর্ণ শহরগুলোর আবাসিক হোটেল ও মেসগুলোতে তথ্য সংগ্রহ জোরদার করা হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তারা। যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা কঠোর হস্তে দমন করা হবে এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানা যায়।
নিষিদ্ধ দল বড় বৃহৎ আকারে সংগঠিত হওয়ার চেষ্টায় নাশকতার কোনো ‘নীল নকশা’ করছে- এমন আশঙ্কা আছে কিনা? এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন সারাবাংলাকে বলেন, ‘নিষিদ্ধ সংগঠনের যেকোনো কার্যক্রমে দুই ভাবে কাজ করে ডিএমপি। একটি হলো আমাদের যারা ইউনিফর্মড পুলিশ, থানায় কাজ করে, তাদের নেতৃত্বে মাঠে কাজ হয়। এটি অপারেশনাল কার্যক্রম। সেইসঙ্গে গোয়েন্দা তথ্যের সমন্বয়ে কাজগুলো করা হয়ে থাকে। পুলিশের যেসব গোয়েন্দা সংস্থা আছে, তারা মাঠে তথ্য সংগ্রহ করে। অন্যান্য গোয়েন্দা সংস্থাও সমন্বয় করে এবং প্রত্যেকটি বিষয় ও সম্ভাবনাকে বিবেচনায় রেখে পুলিশ কাজ করে।’
তিনি আরও বলেন, ‘এখন প্রতিনিয়তই কার্যক্রমগুলো পরিচালিত হয়, পুলিশি কৌশলের পরিবর্তন হয়। কখন, কোথায়, কোন ক্রাইম হতে পারে, এটি বিবেচনায় রেখে পেট্রোল টিম থাকে, মোবাইল টিম থাকে। সেই সঙ্গে অন্যান্য টিমও কাজ করে। আর কখন, কী হতে পারে এগুলো তো আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়। এগুলো আসলে সবসময় প্রকাশ করা হয় না। মাঠে আমাদের গোয়েন্দা পুলিশ কাজ করছে, ডিবি টিম কাজ করছে, আমাদের ইউনিফর্ম পুলিশ কাজ করছে। প্রতিটি বিষয় বিবেচনা রেখে পুলিশ কাজ করছে যাতে অপরাধীরা কোনো কিছু করতে না পারে।’
ঢাকার বাইরের অপরাধীরা যেন রাজধানীতে প্রবেশ করতে না পারে- সেজন্য ব্লক চেকের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ঢাকার বাইরের অপরাধীরা যাতে ঢুকতে না পারে, সেজন্য আমাদের বিভিন্ন চেকপোস্ট স্থাপনের মাধ্যমে তল্লাশি কার্যক্রম চলমান আছে। যেসব বহিরাগতরা প্রবেশ করছে ও অবস্থান করছে, প্রতিটি বিষয় মাথায় রেখে আমাদের পুলিশের অপারেশনাল কার্যক্রম এবং গোয়েন্দা কার্যক্রম অব্যাহত আছে।’
৫ আগস্টের পরে ঢাকায় অটোরিকশা ও উবার-পাঠাও চালকের সংখ্যাও বেড়েছে। শোনা যাচ্ছে যে, এই অটোরিকশার বেশিরভাগ চালকই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন, যারা নিজ জেলায় মামলার সম্মুখীন হয়ে ঢাকায় এসেছে। ফলে রাজধানীতে হঠাৎ একযোগে তারা সরকার বিরোধী আন্দোলন করলে বিরূপ অবস্থা তৈরি হতে পারে বল ধারণা করছেন বিশ্লেষকরা।
এই পরিপ্রেক্ষিতে অটোরিকশা চালকদের যাচাই করার কোনো পরিকল্পনা আছে কিনা? এমন প্রশ্নের জবাবে উপপুলিশ কমিশনার বলেন, ‘আমরাও এমনটা শুনেছি। এই বিষয়গুলো পুলিশের বিবেচনায় আছে এবং পুলিশ এগুলো নিয়ে কাজ করছে।’
অন্যদিকে, চলতি বছরে জঙ্গি কার্যক্রমের তৎপরতাও পেয়েছে গোয়েন্দা সংস্থা। গত ১৮ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও কলেজ জামে মসজিদে ‘জঙ্গি কার্যক্রমের সঙ্গে জড়িত’ সন্দেহে ২৩ জনকে আটক পুলিশ। এরপর গত অক্টোবরেও জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের একসদস্যকে গ্রেফতার করে ডিএমপির ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ। এ ছাড়া, রাজধানী ও আশপাশের এলাকায় সাম্প্রতিক কয়েকটি বিস্ফোরণ ও বোমা উদ্ধারের ঘটনায় নাজমুল হাসান মামুন ওরফে ‘বোমারু মামুন’ নাম উঠে এসেছে। এমনকি তাকে হন্য খুঁজছে গোয়েন্দা পুলিশ। এই বোমারু মামুন ২১ বছর বয়সেই বোমা বানানোর অভিযোগে ৯ বছর আগে জঙ্গিবাদের মামলায় গ্রেফতার হয়েও ২০২৪ সালের ৫ অগাস্টের পর জামিনে বেরিয়ে যান।
এ ছাড়া, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৫ সালের অপরাধের নথি থেকে জানা যায়, এই সময়ে দেশে ডাকাতির ঘটনা ঘটেছে ৫৩৮টি, দস্যুতা ১ হাজার ৪৮৩টি, হত্যা ২ হাজার ৯১৩টি, দাঙ্গা ৬২টি, চুরি ২ হাজার ৬৯৩টি, শিশু নির্যাতন ৩ হাজার ৫৯১টি, নারী নির্যাতন ৯ হাজার ২৬২টি, অপহরণ ৮১২টি। আর ২০২৬ সালের এই সময় পর্যন্ত দেশে ডাকাতির ঘটনা ঘটেছে ৩৮৭টি, দস্যুতা ১ হাজার ৩৭৮টি, হত্যা ২ হাজার ৬৫৯টি, দাঙ্গা ১৭, চুরি ২ হাজার ৫৭৬টি, শিশু নির্যাতন ৩ হাজার ১৫১টি, নারী নির্যাতন ৮ হাজার ১৭৮টি ও অপহরণ ৭৬৯টি।
এ বিষয়ে অপরাধ বিশেষজ্ঞ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল হক সারাবাংলাকে বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীকে। তারা চেষ্টা করছে। কিন্তু, অপরাধীরা অনেক বেশি তৎপর। আর এটা পুরোপুরি নিয়ন্ত্রণও করা যাবে না কারণ, প্রশাসনের ভেতরে এখনো ওই মতাদর্শের লোকজন রয়েছে। আবার বড় এই দলটির নেতাকর্মীও কিন্তু ব্যাপক। তাই ক্রমান্বয়ে তারাও তাদের অ্যাক্টিভিটিস বাড়াচ্ছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অ্যাক্টিভিটিস কম থাকলে অবশ্যই নাশকতাকারীদের কর্মযজ্ঞ বাড়বে। এ জন্য প্রশাসনকে আরও কৌশলী হতে হবে।’
তিনি বলেন, ‘অপরাধীদের অর্থের যোগান যদি বন্ধ করা যায়, তাহলে অপরাধ কিন্তু অনেকটাই রোধ করা সম্ভব। এভাবে অপরাধীদের পয়েন্টগুলো খুঁজে বের করে সে অনুযায়ী ব্যবস্থা নিতে পারলে এবং আইনিভাবে তাদের মোকাবিলা করলে আশা করা যায় ডিসেম্বর ঘিরে কোনো ধরনের নাশকতা ও অরাজকর পরিবেশ তৈরি হবে না।’
The post ডিসেম্বর ঘিরে নাশকতার ‘নীল নকশা’র শঙ্কা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





