নোয়াখালীতে মৃত্যুর ১৬২ দিন পর কবর থেকে গৃহবধূর মরদেহ উত্তোলন
নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় জোরপূর্বক গর্ভপাত ও চিকিৎসায় অবহেলার কারণে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগে স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় মৃত্যুর ১৬২ দিন পর আদালতের নির্দেশে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ আলীর উপস্থিতিতে কবর থেকে ওই গৃহবধূর মরদেহ উত্তোলন করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য ময়নাতদন্তের উদ্দেশ্যে মরদেহটি তোলা হয়। সোমবার (১৬ নভেম্বর) […] The post নোয়াখালীতে মৃত্যুর ১৬২ দিন পর কবর থেকে গৃহবধূর মরদেহ উত্তোলন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় জোরপূর্বক গর্ভপাত ও চিকিৎসায় অবহেলার কারণে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগে স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় মৃত্যুর ১৬২ দিন পর আদালতের নির্দেশে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ আলীর উপস্থিতিতে কবর থেকে ওই গৃহবধূর মরদেহ উত্তোলন করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য ময়নাতদন্তের উদ্দেশ্যে মরদেহটি তোলা হয়।
সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের সওদাগরহাট জামে মসজিদের কবরস্থান থেকে ওই গৃহবধূর লাশ উত্তোলন করা হয়।
নিহত গৃহবধূর নাম বিবি মরিয়ম। এ ঘটনায় তার বাবা মো. জামাল উদ্দিন বাদী হয়ে নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এ মামলা করেছেন।
মামলার সাত আসামি হলেন গৃহবধূর স্বামী মো. ইয়াকুব আলী, শাশুড়ি লাইলী বেগম, শ্বশুর মো. হানিফ, লাইট হাউস ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক তোফায়েল আহমেদ, হোসেন, ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক আরিফ ও নার্স তাসলিমা।
মামলার অভিযোগ ও আদালতের নথি অনুযায়ী, গত ৭ জুন বেলা ১১টার দিকে প্রসবের জন্য স্থানীয় লাইট হাউস ডায়াগনস্টিক সেন্টারে যান বিবি মরিয়ম। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে স্বজনদের না জানিয়ে অ্যাম্বুলেন্সে করে তাকে নোয়াখালী জেলা শহরে পাঠানো হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানোর চেষ্টা করা হয়। তবে পথেই ৮ জুন ভোর ৪টা ৪০ মিনিটের দিকে তার মৃত্যু হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, যৌতুকের দাবিতে বিবি মরিয়মকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন তার শ্বশুরবাড়ির লোকজন। অন্তঃসত্ত্বা থাকা অবস্থায়ও তাকে মারধর করা হয়। এর একপর্যায়ে অপচিকিৎসা ও অবহেলার কারণে তার গর্ভপাত ঘটে। এসব ঘটনার ধারাবাহিকতায় তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন বাদী। এ ঘটনায় ডায়াগনস্টিক সেন্টারের সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধেও অপরাধে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।
বাদী জামাল উদ্দিনের অভিযোগ, তার মেয়ের মৃত্যুর পেছনে শারীরিক নির্যাতন, অপচিকিৎসা ও চিকিৎসায় অবহেলার বিষয় রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনতে তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন।
আদালতের নথি অনুযায়ী, গত ১ জুলাই নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর ভারপ্রাপ্ত বিচারক ফারজানা আক্তার মামলাটির শুনানি শেষে বাদীর জবানবন্দি গ্রহণ করেন। দাখিল করা অভিযোগ ও কাগজপত্র পর্যালোচনা করে আদালত অভিযোগটি এজাহার হিসেবে রেকর্ড করার নির্দেশ দেন।
আদেশে চরজব্বর থানার অফিসার ইনচার্জকে (ওসি) মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত করা, মৃত বিবি মরিয়মের সুরতহাল ও ময়নাতদন্ত সম্পন্ন এবং তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করতে বলা হয়। এ ছাড়া আদেশ পাওয়ার সাত কার্যদিবসের মধ্যে এজাহার রেকর্ডসংক্রান্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল হাসান বলেন, ‘আদালতের নির্দেশনা অনুযায়ী মামলাটি নথিভুক্ত করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ উত্তোলন ও ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এবং তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।’
The post নোয়াখালীতে মৃত্যুর ১৬২ দিন পর কবর থেকে গৃহবধূর মরদেহ উত্তোলন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





