ওটিটিতে কানাগোলি থেকে হেডস অব স্টেট

ওটিটিতে কানাগোলি  থেকে হেডস অব স্টেট
৮ জুলাই, ২০২৫ ১০:০১  
৮ জুলাই, ২০২৫ ১৪:০২  

বিনোদনের কেন্দ্রে চলে এসেছে ওটিটি। তাই প্রতিসপ্তাহেই দেশী বিদেশী প্লাটফর্মে মুক্তি পায় নতুন নতুন কন্টেন্ট। এর কোনটা ওয়েব সিরিজ। কোনটা মুভি। কোনোটা বা নাটক। গত সপ্তাহে নানা ভাষায় মুক্তিপ্রাপ্ত ওটিটি কন্টেন্টের মধ্যে রয়েছে কানাগোলি, হেডস অব স্টেট, কালিধর লাপাতা, থাগ লাইফ ও উপ্পু কাপুরাম্বু। 

এদের মধ্যে বাংলা ভাষার ওয়েব সিরিজ কানাগলি গত ৩ জুলাই মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে। এতে অভিনয় করেছেন শ্যামল মাওলা, আইশা খান, কাজী নওশাবা আহমেদ। ছয় পর্বে প্রকাশিত হয়েছে খুনোখুনির গল্পের এই ওয়েব সিরিজটি। সিরিজটি বানিয়েছেন আহমেদ জিহাদ।

সাইকো থ্রিলার ঘরানার গল্পে দেখা যায়, নারী খুনের ঘটনায় একটাই অস্ত্র ব্যবহার করা হচ্ছে। সেটি হল কাঁচি। তা দিয়েই শহরে খুন হচ্ছে একের পর এক নারী। পুলিশ হন্যে হয়ে খুঁজছে সেই সিরিয়াল কিলারকে। কিন্তু কোনো হদিস মিলছে না। খুনের ঘটনা কিছুতেই থামানো যাচ্ছে না। পুরো শহরে আতঙ্ক নেমে আসে। এ ঘটনা তদন্তের দায়িত্ব পড়ে বিচক্ষণ পুলিশ কর্মকর্তা মাহফুজের কাঁধে। কিন্তু ঘটনার গভীরে প্রবেশ করে সে বুঝতে পারে, এটি একটি মারাত্মক বুদ্ধির খেলা।

কানাগলি ‘র সঙ্গে একই দিনে নেটফ্লিক্স-এ মুক্তি পায় কমল হাসান, সিলাম্বারাসন টিআর, তৃষা কৃষ্ণান অভিনীত তামিল সিনেমা ঠগ লাইফ। গ্যাংস্টার অ্যাকশন ড্রামা ফিল্ম মণি রত্নম পরিচালিত ছবিটির চিত্রনাট্য লিখেছেন কমল হাসান।  ছবিটিতে নয়াদিল্লির একজন ভয়ঙ্কর মাফিয়া রাজা রঙ্গারায়া শক্তিভেলকে অনুসরণ করা হয়েছে , যে তার ভাই রঙ্গারায়া মানিকম এবং তার লালিত-পালিত অমরণের দ্বারা বিশ্বাসঘাতকতার পর মুক্তি এবং প্রতিশোধ নিতে চায়। গল্পে দেখা যায়, ১৯৯৪ সালে, পুরাতন দিল্লিতে, গ্যাং লিডার সদানন্দ যাদব প্রতিদ্বন্দ্বী প্রধান রঙ্গরায়া "মানিকম" মানিকভেল এবং তার ছোট ভাই এবং সহ-নেতা রঙ্গরায়া "শক্তি" শক্তিভেলের সাথে দেখা করে তাদের মধ্যে বছরের পর বছর ধরে চলা প্রতিদ্বন্দ্বিতার পর একটি যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করে। নয়াদিল্লির ভয়ংকর মাফিয়া শক্তিভেলের কাছে বড় হয়েছে অমরান। তাকে নিজের ভাইয়ের মতোই আদর করে শক্তিভেল। অনেক বছর পর শক্তিভেলের সন্দেহ জাগে, অমরান তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দুজনের মধ্যে শুরু হয় দ্বন্দ্ব।

৪ জুলাই জি ফাইভ ওটিটিতে হিন্দি সিনেমা কালাধির লাপাতা এবং তেলেগু সিনেমা উপ্পু কাপুরাম্বু মুক্তি পায় প্রাইম ভিডিও-তে। কীর্তি সুরেশ ও সুহাস অভিনীত উপ্পু কাপুরাম্বু সিনেমায় নব্বইয়ের দশকের প্রেক্ষাপটে হাস্য রসাত্মকভাবে এ সিনেমায় তুলে আনা হয়েছে এক গ্রামের সংকট। এক তরুণী গ্রামপ্রধান হিসেবে নিয়োগ পাওয়ার পর কিছু অদ্ভুত সমস্যার মুখে পড়ে। সবচেয়ে যে সমস্যাটি তাকে চিন্তা ফেলে তা হলো- গ্রামের কবরস্থানে জায়গার সংকট।

আর অভিষেক বচ্চন, দৈবিক, জিসান আইয়ুব অভিনীত হিন্দি সিনেমা কালিধর লাপাতা-তে দেখা যায়, মধ্যবয়স্ক কালিধরকে রেখে চলে যেতে চায় তার পরিবারের সদস্যরা। এ পরিকল্পনা শুনে ফেলে কালিধর। অপমানবোধ করে বাড়ি থেকে পালিয়ে যায়। পথে আলাপ হয় এক পথশিশুর সঙ্গে। তার সঙ্গে বন্ধুত্ব হয় কালিধরের। জীবনের আসল অর্থ খুঁজে পায় সে।

এছাড়াও ২ জুলাই প্রাইম ভিডিও-তে মুক্তিপ্রাপ্ত হেডস অব স্টেট এ অভিনয় করেছেন জন সিনা, ইদ্রিস এলবা, প্রিয়াঙ্কা চোপড়া। হেডস অব স্টেট দুই রাষ্ট্রপ্রধানের গল্প। একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে একসঙ্গে রওনা হয় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। যাওয়ার সময় তাদের ওপর আক্রমণ হয়। প্রাণ বাঁচাতে পরস্পরের বন্ধু হয়ে উঠে এ দুই রাষ্ট্রনেতা। তাদের উদ্ধার করে আন্তর্জাতিক সম্মেলনে পৌঁছে দেওয়ার দায়িত্ব পড়ে এম১৬ এজেন্ট নোয়েল বিসেটের ওপর।

 ০৮-জুলাই/ডিজিবিটেক/এলডি