ঢাকার বাতাস খুবই ‘অস্বাস্থ্যকর’

ঢাকা: শীতের আগমনের সঙ্গে সঙ্গে আবারও ভয়াবহ রূপ নিয়েছে রাজধানী ঢাকার বায়ুদূষণ। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বিশ্বের ১২৬টি প্রধান শহরের মধ্যে বায়ুদূষণে আজ রোববার সকালে ঢাকার অবস্থান তৃতীয়। এ সময় রাজধানীর বায়ুর মান সূচক (একিউআই) স্কোর ছিল ২০৬ (সকাল ৮টার দিকে যা ২২১ পর্যন্ত উঠেছিল), যা আইকিউএয়ারের শ্রেণিবিন্যাস অনুযায়ী ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে […] The post ঢাকার বাতাস খুবই ‘অস্বাস্থ্যকর’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকার বাতাস খুবই ‘অস্বাস্থ্যকর’
১৫ নভেম্বর, ২০২৬ ১২:০০  

ঢাকা: শীতের আগমনের সঙ্গে সঙ্গে আবারও ভয়াবহ রূপ নিয়েছে রাজধানী ঢাকার বায়ুদূষণ। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বিশ্বের ১২৬টি প্রধান শহরের মধ্যে বায়ুদূষণে আজ রোববার সকালে ঢাকার অবস্থান তৃতীয়। এ সময় রাজধানীর বায়ুর মান সূচক (একিউআই) স্কোর ছিল ২০৬ (সকাল ৮টার দিকে যা ২২১ পর্যন্ত উঠেছিল), যা আইকিউএয়ারের শ্রেণিবিন্যাস অনুযায়ী ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়ে। বিশেষ করে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার জি ব্লকে একিউআই স্কোর ৩৯৭-এ পৌঁছেছে, যা ‘বিপজ্জনক’ বা ‘হ্যাজার্ডাস’ হিসেবে বিবেচিত এবং শহরের ১০টি পর্যবেক্ষণকেন্দ্রের মধ্যে সর্বোচ্চ। এ ছাড়া গুলশান লেক পার্কে ২৭৮ এবং বারিধারা লেকসাইডে ২৪৫ স্কোর রেকর্ড করা হয়েছে।

বৈশ্বিক দূষিত শহরের তালিকায় প্রথম সারিতে থাকা তিনটি শহরের মধ্যে শীর্ষস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যার একিউআই স্কোর ২৬৩ (সকাল ৮টায় ছিল ২৫২)। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যেখানে বায়ুর মান ২৩২ (সকাল ৮টায় ছিল ২৪৩)। আর তৃতীয় অবস্থানে থাকা বাংলাদেশের রাজধানী ঢাকার স্কোর ২০৬ থেকে ২২১-এর মধ্যে ওঠানামা করছে। অর্থাৎ বায়ুদূষণের শীর্ষ তিনটি শহরই দক্ষিণ এশিয়ার তিনটি দেশের অন্তর্ভুক্ত।

ঢাকার বায়ুদূষণের এই ভয়াবহ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশবিদ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাদের মতে, চলতি মাসে ঢাকার বাতাস এতটা খারাপ এর আগে হয়নি এবং শুষ্ক মৌসুম বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে। বিশেষজ্ঞরা জানান, ঢাকার বাতাসে প্রধান দূষক হলো অতি সূক্ষ্ম বস্তুকণা পিএম ২.৫, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বার্ষিক নির্দেশক মানের তুলনায় ২৬ গুণ পর্যন্ত বেশি পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ সরকারের জাতীয় বায়ুমান ব্যবস্থাপনা পরিকল্পনা এবং বিশ্বব্যাংকের গবেষণার তথ্যমতে, ইটভাটার ধোঁয়া, যানবাহনের কালো ধোঁয়া, শিল্পকারখানার নির্গমন, অপরিকল্পিত নির্মাণকাজের ধুলাবালি এবং খোলা জায়গায় বর্জ্য পোড়ানোই এই দূষণের মূল উৎস। শ্বাসের সঙ্গে এসব ক্ষতিকর কণা ফুসফুস ও রক্তপ্রবাহে প্রবেশ করে শিশু, বয়স্ক ও অন্তঃসত্ত্বা নারীদের জন্য শ্বাসতন্ত্রের জটিলতা, হৃদ্‌রোগ, স্ট্রোক ও ফুসফুসের ক্যানসারের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।

পরিবেশবিদদের মতে, দূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটা বন্ধ করা, মেয়াদোত্তীর্ণ ও কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহন চলাচল নিষিদ্ধ করা এবং নির্মাণকাজে ধুলাবালি নিয়ন্ত্রণে কঠোর আইন প্রয়োগ করতে হবে। পাশাপাশি শহরের রাস্তায় নিয়মিত পানি ছিটানো, খোলা স্থানে বর্জ্য পোড়ানো বন্ধ করা এবং সবুজায়ন বৃদ্ধি করা প্রয়োজন। ব্যক্তিগত সুরক্ষার ক্ষেত্রে এই মুহূর্তে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে দীর্ঘ সময় অবস্থান না করা, খোলা জায়গায় শারীরিক ব্যায়াম এড়িয়ে চলা, ঘরের দরজা-জানালা বন্ধ রাখা এবং বাইরে বের হলে অবশ্যই ভালো মানের এন৯৫ মাস্ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

The post ঢাকার বাতাস খুবই ‘অস্বাস্থ্যকর’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.