হেগসেথকে অভিশংসনের উদ্যোগ আটকে দিলেন রিপাবলিকানরা

কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালানোর অভিযোগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসন করার একটি প্রচেষ্টা ক্যাপিটল হিলে ব্যর্থ হয়েছে। কংগ্রেসে অভিশংসনের উদ্যোগ আটকে দিয়েছেন প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্যরা। বিবিসির খবরে বলা হয়েছে, হেগসেথের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনার বিষয়ে বুধবার (১১ নভেম্বর) নির্ধারিত ভোট কার্যত আটকে গেছে। এ ঘটনায় রাজনৈতিকভাবে স্বস্তি পেয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড […] The post হেগসেথকে অভিশংসনের উদ্যোগ আটকে দিলেন রিপাবলিকানরা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

হেগসেথকে অভিশংসনের উদ্যোগ আটকে দিলেন রিপাবলিকানরা
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০  

কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালানোর অভিযোগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসন করার একটি প্রচেষ্টা ক্যাপিটল হিলে ব্যর্থ হয়েছে। কংগ্রেসে অভিশংসনের উদ্যোগ আটকে দিয়েছেন প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্যরা।

বিবিসির খবরে বলা হয়েছে, হেগসেথের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনার বিষয়ে বুধবার (১১ নভেম্বর) নির্ধারিত ভোট কার্যত আটকে গেছে।

এ ঘটনায় রাজনৈতিকভাবে স্বস্তি পেয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দল মধ্যবর্তী নির্বাচনে শোচনীয়ভাবে পরাজিত হওয়ার কয়েক দিন পর এ ঘটনা ঘটল।

ট্রাম্পের সমালোচক হিসেবে পরিচিত রিপাবলিকান সদস্য টমাস ম্যাসি অভিশংসনের প্রস্তাবটি উত্থাপন করেছিলেন। গত ৯ নভেম্বর পরিষদে নির্বাচন পরবর্তী প্রথম অধিবেশন শুরুর সঙ্গে সঙ্গে এ প্রস্তাব আনেন তিনি। তবে হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা অভিশংসনের প্রস্তাবগুলোকে একটি কমিটির কাছে পাঠানোর পক্ষে ভোট দিয়েছেন। যার ফলে কেন্টাকির এই বিদ্রোহী রিপাবলিকান কংগ্রেসম্যানের উত্থাপিত উদ্যোগটি আপাতত ভেস্তে গেছে।

ছয় মাসের মধ্যে পেন্টাগনে নিজের প্রথম সংবাদ সম্মেলনে হেগসেথ অভিশংসনের এই প্রচেষ্টাকে একটি ‘প্রহসন’ এবং ‘লোকদেখানো’ বলে অভিহিত করেছেন।

পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে হেগসেথ বলেন, ‘এটি প্রহসন, একটি লোকদেখানো উদ্যোগ এবং সবাই তা জানে।’ অভিযোগগুলোকে তিনি ‘মানহানিকর’ ও ‘নাশকতামূলক’ বলেও মন্তব্য করেন।

হেগসেথের সংবাদ সম্মেলন টেলিভিশনে সম্প্রচারের কিছুক্ষণের মধ্যেই তার প্রতি সমর্থন জানান ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘পিট হেগসেথ এ প্লাস, প্লাস, প্লাস পেয়েছেন।’

ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও প্রতিরক্ষামন্ত্রীর পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি বলেন, হেগসেথ অভিশংসনযোগ্য কোনো অপরাধ করেছেন, এমনটা ‘অবশ্যই নয়’।

ক্যাবিনেট সচিবকে অসদাচরণের দায়ে দোষী সাব্যস্ত করে পদ থেকে অপসারণের এই উদ্যোগটি সফল হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ ছিল। কারণ এর জন্য বেশ কয়েকজন রিপাবলিকান সদস্যকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে যেতে হতো।

মঙ্গলবার (১০ নভেম্বর) রিপাবলিকান-নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদের বিচার বিষয়ক কমিটিতে (হাউস জুডিশিয়ারি কমিটি) এই প্রস্তাবটি পাঠানোর বিপক্ষে ভোট দেওয়া একমাত্র রিপাবলিকান ছিলেন ম্যাসি। ২১১-২০৪ ভোটে তার এই প্রচেষ্টা ব্যর্থ হয়। ভোটগ্রহণের সময় ১১ জন ডেমোক্র্যাটসহ মোট এক ডজনেরও বেশি সদস্য অনুপস্থিত ছিলেন।

প্রস্তাবটি কমিটির কাছে পাঠানোর এই পদক্ষেপটি কার্যত পুরো উদ্যোগটিকে ব্যর্থ করে দিয়েছে। কারণ জানুয়ারিতে ডেমোক্র্যাটরা ক্ষমতা গ্রহণের আগে বর্তমান কংগ্রেসের হাতে আর খুব অল্প সময় অবশিষ্ট রয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যালে’একটি পোস্টের মাধ্যমে এই ভোটের ফলাফলকে স্বাগত জানিয়ে বলেছেন যে, এই প্রচেষ্টা ‘শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে’।

এই অভিশংসন উদ্যোগ ঘিরে গত সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর ট্রাম্পের রাজনৈতিক সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। ইরান যুদ্ধের অচলাবস্থা এবং জ্বালানির মূল্যবৃদ্ধিতে ভোটারদের ক্ষোভ নির্বাচনে রিপাবলিকানদের ঐতিহাসিক পরাজয়ের অন্যতম কারণ হয়ে ওঠে।

The post হেগসেথকে অভিশংসনের উদ্যোগ আটকে দিলেন রিপাবলিকানরা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.