একই পদে বেতনের ব্যবধান ৭০ হাজার টাকা!
ঢাকা: একই পদ, একই গ্রেড ও দায়িত্বও প্রায় একই। অথচ বেতন ব্যবধান ১৫ হাজার থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত। পাঁচটি ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে এমন বেতনবৈষম্য নিয়ে অসন্তোষ বাড়ছে। এর মধ্যে কয়েকটি পদে বিদ্যমান বেতন কাঠামোর তুলনায় বেশি বেতনে কর্মকর্তা নিয়োগ এবং অন্য ব্যাংকের কর্মকর্তাদের উচ্চ বেতনের প্রস্তাব দেওয়ার অভিযোগও […] The post একই পদে বেতনের ব্যবধান ৭০ হাজার টাকা! first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: একই পদ, একই গ্রেড ও দায়িত্বও প্রায় একই। অথচ বেতন ব্যবধান ১৫ হাজার থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত। পাঁচটি ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে এমন বেতনবৈষম্য নিয়ে অসন্তোষ বাড়ছে। এর মধ্যে কয়েকটি পদে বিদ্যমান বেতন কাঠামোর তুলনায় বেশি বেতনে কর্মকর্তা নিয়োগ এবং অন্য ব্যাংকের কর্মকর্তাদের উচ্চ বেতনের প্রস্তাব দেওয়ার অভিযোগও উঠেছে।
ব্যাংকটির নথি ও সূত্রের তথ্যানুযায়ী, একীভূত পাঁচ ব্যাংকের পৃথক বেতন কাঠামোর কারণে একই পদে কর্মরত কর্মকর্তাদের বেতন ও সুযোগ-সুবিধায় বড় পার্থক্য রয়েছে। বিশেষ করে জুনিয়র অফিসার থেকে সিনিয়র প্রিন্সিপাল অফিসার পর্যন্ত নিম্ন ও মধ্যম পর্যায়ের পদগুলোতে এ বৈষম্য বেশি। উচ্চপর্যায়ের কয়েকটি পদেও বেতনের ব্যবধান উল্লেখযোগ্য।
২০২৫ সালের ৩০ নভেম্বর গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের অধীনে পাঁচ ব্যাংকের ১৬ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারী কাজ করছেন। ব্যাংক পাঁচটি হলো- এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক।
একীভূত হওয়ার পর পাঁচ ব্যাংক একই প্রতিষ্ঠানের অধীনে এলেও কর্মকর্তা-কর্মচারীদের বেতন কাঠামো এখনও অভিন্ন হয়নি। ফলে একই পদে দায়িত্ব পালন করেও একেক ব্যাংকের কর্মকর্তারা একেক রকম বেতন পাচ্ছেন। নথি অনুযায়ী, পাঁচ ব্যাংকের মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের বেতন তুলনামূলক বেশি, আর এক্সিম ব্যাংকের কর্মকর্তাদের বেতন কম।
ব্যাংকগুলোর নিজস্ব বেতন স্কেল ও পদবিন্যাসের পার্থক্য এ বৈষম্যের অন্যতম কারণ। কোনো ব্যাংকে আটটি, আবার কোনো ব্যাংকে ১০টি বেতন স্কেল রয়েছে। এ ছাড়া ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার, এক্সিকিউটিভ অফিসারসহ বিভিন্ন পদবিরও ভিন্নতা রয়েছে।
সম্মিলিত ইসলামী ব্যাংকের উচ্চপর্যায়ের কয়েকটি পদে বিদ্যমান বেতন কাঠামোর তুলনায় বেশি বেতনে কর্মকর্তা নিয়োগ এবং অন্য ব্যাংকের কর্মকর্তাদের উচ্চ বেতনের প্রস্তাব দেওয়া হয়েছে।
তথ্যানুযায়ী, গত ১ অক্টোবর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) পদে মোহাম্মদ শহিদুর রহমানকে নিয়োগ দেওয়া হয়। এর আগে ১১ সেপ্টেম্বর অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) ও চিফ অপারেটিং অফিসার (সিওও) পদে যোগ দেন মোহাম্মদ আহমেদ জাফরুল হাসান। তাদের বেতন নির্ধারণের ক্ষেত্রে পাঁচ ব্যাংকের বিদ্যমান বেতন কাঠামোর তুলনায় বেশি অর্থ দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।
এ ছাড়া, অন্য ব্যাংকের কয়েকজন কর্মকর্তাকে সম্মিলিত ইসলামী ব্যাংকে নিয়োগের জন্য তুলনামূলক বেশি বেতনের প্রস্তাব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট নথিতে তথ্য পাওয়া গেছে। সীমান্ত ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এসএভিপি) মো. মোস্তফা হোসেনের বর্তমান বেতন ১ লাখ ৫৫ হাজার টাকা। সম্মিলিত ইসলামী ব্যাংকে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে তার জন্য ৩ লাখ ১৬ হাজার টাকা বেতনের প্রস্তাব দেওয়া হয়েছে। সে হিসাবে প্রস্তাবিত বেতন তার বর্তমান বেতনের চেয়ে ১ লাখ ৬১ হাজার টাকা বেশি।
ডাচ্-বাংলা ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মো. শাহিদুল্লাহর বর্তমান বেতন ২ লাখ ৩২ হাজার টাকা। সম্মিলিত ইসলামী ব্যাংকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (এসভিপি) পদে তার জন্য ৪ লাখ ৫৯ হাজার টাকা বেতনের প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গেছে। সে ক্ষেত্রে প্রস্তাবিত বেতন বর্তমান বেতনের চেয়ে ২ লাখ ২৭ হাজার টাকা বেশি।
অন্যদিকে, একটি ব্যাংকের এএমডি পদে কর্মরত এওয়াইএম মোস্তফার বর্তমান বেতন ৭ লাখ ৫০ হাজার টাকা। সম্মিলিত ইসলামী ব্যাংকে ডিএমডি পদে তার জন্য ৯ লাখ টাকা বেতনের প্রস্তাব দেওয়ার তথ্য পাওয়া গেছে। অর্থাৎ, এ ক্ষেত্রে বেতন বাড়ানোর প্রস্তাব ১ লাখ ৫০ হাজার টাকা।
এ ছাড়া, সীমান্ত ব্যাংক ও ডাচ্-বাংলা ব্যাংকের আরও কয়েকজন কর্মকর্তাকে সম্মিলিত ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ডিএমডি পদে তুলনামূলক বেশি বেতনে নিয়োগের প্রস্তাব দেওয়ার অভিযোগ রয়েছে।
তবে এসব নিয়োগ ও বেতন প্রস্তাবের বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে বক্তব্য জানতে সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবেদুর রহমান সিকদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।
বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. মোস্তফা কে মুজেরি সারাবাংলাকে জানান, পাঁচটি ব্যাংক একীভূত হওয়ায় পৃথক বেতন কাঠামো ও সার্ভিস রুলকে একটি অভিন্ন ও গ্রহণযোগ্য কাঠামোয় নিয়ে আসা জটিল প্রক্রিয়া। এ জন্য সময় প্রয়োজন। কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলোচনা করে সবার স্বার্থ রক্ষা হয়, এমন নীতিমালা প্রণয়ন করা উচিত।
ব্যাংকটির বেতন কাঠামোসংক্রান্ত তথ্যে বিভিন্ন পদের বেতনের পার্থক্যও স্পষ্ট। উদাহরণ হিসেবে, এক্সিকিউটিভ অফিসারের বেতন ৮৪ হাজার টাকা, সিনিয়র অফিসারের ৭৩ হাজার ৫০০ টাকা, অফিসারের ৬৩ হাজার টাকা, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্টের (এসএভিপি) ১ লাখ ৫৫ হাজার টাকা এবং অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্টের (এভিপি) ১ লাখ ৪৫ হাজার টাকা উল্লেখ করা হয়েছে। তবে এসব বেতন কোন ব্যাংকের এবং কোন বেতন কাঠামোর আওতাভুক্ত, তা পৃথকভাবে যাচাই করা প্রয়োজন।
বিশেষজ্ঞদের মতে, পাঁচ ব্যাংককে একীভূত করার পর কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি অভিন্ন বেতন কাঠামো তৈরি করা জরুরি। একই পদ ও দায়িত্বে থাকা ব্যক্তিদের বেতন নির্ধারণে যৌক্তিক মানদণ্ড না থাকলে প্রতিষ্ঠানের ভেতরে অসন্তোষ বাড়তে পারে। এতে কর্মীদের মনোবল, কাজের পরিবেশ ও প্রশাসনিক শৃঙ্খলা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
বেতনবৈষম্য দূর করতে সব কর্মকর্তা-কর্মচারীকে একটি অভিন্ন বেতন স্কেলে আনা, ধাপে ধাপে বেতনের ব্যবধান কমানো কিংবা বিভিন্ন ভাতা ও সুযোগ-সুবিধার মাধ্যমে পার্থক্য সমন্বয়ের মতো বিকল্প রয়েছে। তবে অভিন্ন কাঠামো কার্যকর করতে গেলে বর্তমানে যারা বেশি বেতন পাচ্ছেন, তাদের বেতন কমানোর প্রশ্নও আসতে পারে। ফলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে না।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান সারাবাংলাকে বলেন, ‘একীভূত পাঁচ ব্যাংকের কর্মকর্তাদের পদমর্যাদা, বেতন কাঠামো ও পদোন্নতির নীতিতে ভিন্নতা রয়েছে। এসব ক্ষেত্রে অভিন্ন কাঠামো তৈরির কাজ চলছে।’
তিনি বলেন, ‘প্রচলিত বেতন কাঠামোর চেয়ে বেশি বেতনে নিয়োগের ক্ষেত্রে কোনো অনিয়ম হয়ে থাকলে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া উচিত। একীভূত কোনো কোনো দুর্বল ব্যাংকে অতিরিক্ত বেতন বা বিশেষ দায়িত্বে কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে অনিয়ম কিংবা স্বজনপ্রীতি হয়ে থাকলে, তা বাংলাদেশ ব্যাংকের খতিয়ে দেখা প্রয়োজন। একই সঙ্গে বাজারের প্রচলিত বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া উচিত।’
পাঁচ ব্যাংকের তারল্যসংকট, বিপুল খেলাপি ঋণ এবং পুনর্গঠনের চাপ সামলানোর দায়িত্ব এখন সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও পরিচালনা পর্ষদের ওপর। এ অবস্থায় কর্মকর্তা-কর্মচারীদের বেতনবৈষম্য দূর করে গ্রহণযোগ্য কাঠামো তৈরি এবং নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করা ব্যাংকটির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।
The post একই পদে বেতনের ব্যবধান ৭০ হাজার টাকা! first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





